২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরুদ্দিন হোজ্জার গল্প

লোকটাকে কেউ ডাকে মোল্লা সাহেব। কেউ ডাকে হোজ্জা। আবার কেউ কেউ বলে মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা। তবে এই লোকটি সম্পর্কে যিনি ব্যাপক রিসার্চ করেছেন, সেই প্রফেসর মিকাইল বায়ারাম জানান, এই মানুষটির পূর্ণ নাম নাসির উদ্দীন মাহমুদ আল খায়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আশরাফুল ইসলাম সাগর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 05:34 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

জন্ম ত্রয়োদশ শতাব্দীতে তুরস্কে। এদিকে ইরান, উজবেকিস্তান, আজারবাইজান আর আফগানিস্তানের মানুষও দাবি করে যে, হোজ্জা তাদেরই দেশের লোক। বিভিন্ন দেশ হোজ্জাকে তাদের লোক বলে দাবি করলেও শুধুমাত্র তুরস্কের আকসেইর শহরেই প্রতিবছর জুলাইয়ের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত ‘আন্তর্জাতিক নাসির উদ্দীন হোজ্জা উৎসব’ পালন করা হয়ে থাকে।

হোজ্জা মানুষটা ছোটখাটো, বেঁটে। মাথায় পরে পাগড়ি আর গায়ে চড়ায় জোব্বা। সার্বক্ষণিক সঙ্গী একটা গাধা। হোজ্জাকে নিয়ে হাজারেরও বেশি গল্প চালু আছে। কোনো গল্পে তাকে মনে হয় খুব বুদ্ধিমান একজন মানুষ। আবার কোনো গল্পে তার আচরণ একেবারেই বোকার মতো হয়। তবে তিনি পরিচিত তার সূক্ষ্ম রসবোধের কারণে। তার নানাকথা আমাদের যেমন হাসায়, তেমনি ভাবায়ও বটে।

যাই হোক, হোজ্জা নিয়ে অনেক কথাই হল। এই বিখ্যাত মানুষটির বিভিন্ন মজার ঘটনা তোমাদের জানানোর জন্যই আজ বসা। চলো, আর কথা না বাড়িয়ে হোজ্জার গল্পগুলো শুনে আসি।

বাঘ তাড়ানো একদিন হোজ্জা তার বাড়ির চারপাশে শুকনো খাবারের টুকরো ছড়িয়ে দিচ্ছিল। ‘কী করছেন হোজ্জা সাহেব’? একজন জিজ্ঞাসা করল। ‘বাঘকে দূরে সরিয়ে রাখছি।’ ‘কিন্তু এ এলাকায় তো কোনো বাঘই নেই।’ হোজ্জা বিন্দুমাত্র দেরি না করে বলল, ‘ঠিক বলেছ, খুবই কার্যকর পদ্ধতি, তাই না?’ কলিজার প্রস্তুত প্রণালী একদিন হোজ্জা বাজার থেকে কলিজা কিনে বাসায় যাচ্ছিল। এদিকে তার এক বন্ধু তাকে কলিজাভূনা বানানোর প্রণালী দিয়েছিলেন, যাতে বাসায় গিয়ে কলিজাভূনা রান্না করতে পারেন। হঠাৎ একটি বাজপাখি উড়ে এসে কলিজা ছিনিয়ে নিয়ে একেবারে নাগালের বাইরে উড়ে চলে গেল। ‘বোকা কোথাকার!’  চেঁচিয়ে হোজ্জা বলল, ‘কলিজা নিয়ে গেলে কী হবে? প্রস্তুত প্রণালী তো আমার কাছে!’