পথে পথে ফুলের ডালি
১৯৬২ সাল। দেশে আইউব খানের সামরিক শাসন। আমি তখন বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষক। শীতকালে শুরু হয়ে গেল সরকারের নতুন শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র-আন্দোলন-- সামরিক আইন ভেঙে বিক্ষোভ মিছিল। জেলে গেল অনেক ছাত্র। শুনলাম আমার নামেও আছে হুলিয়া।
পালালাম বরিশাল ছেড়ে। ঠিক করলাম, যাব চাঁদপুরের মেহের কালীবাড়ির লাগোয়া আত্মীয়বাড়ি। আগে কোনোদিন যাইনি। আমাকে দেখে সবাই খুশি। ভারি সুন্দর সেই বাড়ি। ঢোকার পথের দুপাশে পাটকিলে রংয়ের লিলি ফুটেছে। ভেতরে নানা জাতের ফুলের গাছগাছালি। হঠাৎ নজর পড়ল পুকুরে-- ফুলে ফুলে ভরা। ছুটে গেলাম। ‘একি এ সুন্দর শোভা।’
পুকুরভরা নীলশাপলা। এমন ফুল আগে কখনও দেখিনি। গ্রামে বড় হয়েছি-- শাপলা শালুক রক্তকমল ছেলেবেলা থেকেই চিনি। এখন পড়াই উদ্ভিদবিদ্যা। বাংলার জলজ ফুল সবই চেনা। কিন্তু এমন ফুল দেখলাম এই প্রথম।
ফুলগুলি শালুকের চেয়ে আকারে বেশ বড়, গাঢ়, নীল এবং ভারি সুগন্ধি; আর সে গন্ধ ছড়িয়ে পড়েছে পুকুরজুড়ে। মনে হল গন্ধটি চেনা, নাগেশ্বর ফুলের মতো। নেমে পড়লাম পুকুরে এবং ফুলসহ তুলে আনলাম গোটা একটা গাছ। মাপজোক নিলাম। গোলাকার চ্যাপ্টা পাতা, উপরটা চকচকে, কিনার কাটাকাটা; ফুলের অনেকগুলো চোখা পাপড়ি, গাঢ়-নীল; মাঝখানে একগুচ্ছ পুংকেশর, হলুদ। দেখে অবাক হলাম পাতার গোড়ায় বোঁটার সঙ্গে আছে একটি করে কুঁড়ি, তাতেই নতুন চারা গজায়। বুঝতে পারলাম কুঁড়িগুলি বড় হওয়ার সঙ্গে সঙ্গে পাতার ডাঁটা পড়ে যায়, বাতাসে ভেসে কুঁড়িসহ পাতাগুলো পাড়ের কিনারে পৌঁছায়, সেখানে জলের গভীরতা কম, কুঁড়ি থেকে শিকড় গজায় ও কাদা আঁকড়ে ধরে, বড় হতে থাকে নির্বিঘ্নে।
পরে জেনেছি প্রজাতিটি বাংলাদেশের নয়, দক্ষিণ আমেরিকার। আরও পরে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় কিছুদিন আগরতলা থাকার সময় রাজবাড়ির পাশের এক ঝিলে ফুলটি আবার দেখেছি। হতে পারে ত্রিপুরার কোনো রাজা এটি সংগ্রহ করেছিলেন তাঁর পদ্মপুকুরের জন্য; আর সেখান থেকেই বাইরে ছড়িয়েছে। মৌলভীবাজারের মাধবপুর চা বাগানের এক ঝিলবোঝাই আছে এই গাছ-- Nymphaea capensis Thunb.
বড় সখ ছিল সুগন্ধি নীলশাপলার। ভাবলাম সম্ভবত এটাই তিনি চেয়েছেন। কয়েকটি কুঁড়ি শুকনো খড়ে পেঁছিয়ে ডাকযোগে পাঠিয়ে দিলাম তাকে প্রেরকের ছদ্মনামে। তারপর গেলাম আরেক আত্মীয়বাড়ি নেত্রকোনা। সেখানেও পেলাম আরেকটি অচেনা গাছ-- হাতখানেক উঁচু, ঝোপালো, পাতা লম্বাটে, গোড়া চ্যাপ্টা, আগার দিক সরু, কোষটা খুবই চিকন, থোকা থোকা বেগুনি ফুল; ভারি নজরকাড়া। পরে অনেক খোঁজ করেও আর পাইনি। বইপত্র অনেক ঘেঁটেছি, সবই বৃথা। আজও গাছটির কথা মনে পড়ে।
তারপর একদিন ধরা পড়লাম। গেলাম বরিশাল জেলে। কাটালাম মাসতিনেক রাজবন্দি হিসেবে। জেলখানাও পরিচয় করাল একটি জানা গাছের অজানা গুণবত্তার সঙ্গে।
তখন বসন্ত। একদিন ঘরে এল অপূর্ব সুগন্ধের ডালি। দেখি জানালার পাশের বেলগাছে ফুল ফুটেছে, ছোট ছোট সাদা রংয়ের ফুল। বেলের সঙ্গে আশৈশব পরিচয়, কিন্তু তার ফুলের এমন অনুপম সুগন্ধের কথা জানা ছিল না।
এপ্রিল মাসে ছাড়া পেলাম। কলেজ-হোস্টেলে আমার আস্তানায় ফিরে আরেক চমক। সামনের লেকে গত বসন্তে লাগিয়েছিলাম লাল রংয়ের জলপদ্ম। দেখি, গোটা লেকজুড়ে ঝলমল করছে পদ্মফুল। আমি অনেকক্ষণ সম্বিতহারা।
পরদিন গেলাম ডা. আহমেদের বাড়ি। সহাস্যমুখে নিয়ে গেলেন ছাদে। বাড়িতে সেই নীল-শাপলায় ফুল ফুটেছে।
ফুলটি নিয়ে একটি লেখা বেরয় ঢাকার এক দৈনিকে, আর খবরটি পৌঁছায় পশ্চিমবঙ্গে। চিঠি আসা শুরু হয় ডা. আহমদের কাছে, কেউ কেউ আসতেও চান চাক্ষুষ দেখতে। তারা ভেবে থাকবেন হয়ত শেষ পর্যন্ত খোঁজ মিলে পৌরাণিক নীলপদ্মের। তিনি চিঠি লিখে তাঁদের জানান যে, এটি নীলপদ্ম নয়, নীলশাপলা বা নীলশালুক। বৈজ্ঞানিক নাম তখনও আমরা জানতাম না। নীলপদ্মের কথা আছে রামায়ণ মহাভারত কাব্যে। আমার মা বলতেন এই ফুল ফোটে মানস সরোবরে। সেই দূর অতীতে নীলপদ্ম ছাড়া দুর্গাপূজা হত না। রামচন্দ্র লঙ্কাজয়ের আগে দুর্গাপূজা করতে গিয়ে নীলপদ্ম না পেয়ে অর্থ হিসেবে তার নীল চোখ উপড়ে ফেলতে চাইলে স্বয়ং দেবী দুর্গা তাকে নিরস্ত করেন। এসবই পুরাণকথা। কোনোদিন হয়ত নীলপদ্ম ছিল, এখন নেই। তবে বিজ্ঞানীরা জীবপ্রযুক্তির সাহায্যে নীলপদ্ম জন্মাতেও পারেন যেভাবে তৈরি হয়েছে নীলগোলাপ।
