২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপন্ন কিছু প্রাণিপ্রজাতি

অনেক অনেক বছর আগে পৃথিবীতে বাস করত ডাইনোসর নামের এক অদ্ভুত প্রাণী। ধীরে ধীরে সময়ের স্রোতে হারিয়ে যাওয়া সেই বিশাল দেহের ডাইনোসরগুলোর কথা নিশ্চয় অনেকে শুনেছ তোমরা। সবসময় ভেবেছ যদি অমন একটা আস্ত ডাইনোসরকে সামনে দেখতে পেতে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সাদিয়া ইসলাম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 03:10 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

শুধু কী ডাইনোসর? আরও কত রকমের প্রাণী আর গাছপালা যে রোজ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে একেবারে, সেটা কি তোমরা জান? জানবেই-বা কী করে? কথায় আছে-- দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না।

ঠিক তেমনি এসব বিপন্ন পশুপাখি-গাছপালার হারিয়ে যাবার আগেও কেউ বুঝতে পারে না যে ওরা হারিয়ে যেতে বসেছে। কেবল হারিয়ে গেলে, তবেই সেগুলোকে দেখানোর জন্য জাদুঘরে রেখে দেওয়া হয়। আর তখনই সবার আগ্রহ বেড়ে যায় সেগুলোকে নিয়ে। অথচ হারিয়ে যাবার আগে ওদের কোনো মূল্যই ছিল না।

এই দেখো না, সেন্ট হেলেনার বিশাল এয়ারউইগকে। ভালো করে দেখো হলুদ রংয়ের চমৎকার দেখতে আরলিহাউ নামের বুনো ফুলগুলোকে। এরাও এখন প্রায় হারিয়ে যেতে বসেছে পৃথিবী থেকে। কেবল গুনে গুনে মোটে ৬টি আরলিহাউ ফুলের গাছ আছে এখন পিকটারিয়ান দ্বীপে। মানুষের যত্ন না পেয়ে অভিমানে প্রায় চলেই যাচ্ছিল ওরা।

ঠিক এমন সময়েই সবার নজর পড়ে ওদের উপর। আর এরপর খোঁজ নিয়ে জানা যায়, শুধু এয়ারউইগ আর আরলিহাউই নয়,  ইউকের সমুদ্রাঞ্চলে ওদের মতো আরও অনেক অনেক গাছ আর প্রাণী বেশ বিপদের মধ্যে আছে এখন।

রয়াল সোসাইটি ফর দি প্রোটেকশন অব বার্ডসের দেওয়া তথ্যানুসারে ব্রিটেনের প্রায় ৯৪ শতাংশ প্রাণিপ্রজাতি বিলুপ্তপ্রায় অবস্থায় রয়েছে।

খুব দ্রুত এদের জন্য কিছু উদ্যোগ নেওয়া দরকার। দক্ষিণ প্রশান্ত মহাসাগর থেকে ভূমধ্যসাগরের মাঝামাঝি এমন ১৪টি প্রাচীন ধ্বংসাবশেষ সম্পর্কে জানিয়েছে তারা। আরএসপিবির মতে এসব স্থান আর এখানকার প্রাণিপ্রজাতিকে বাঁচাতে খুব তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নেওয়া দরকার।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই সমুদ্রাঞ্চলীয় স্থানগুলো সম্পর্কে বলেন-- উত্তরাধিকারসূত্র পাওয়া এই অনন্যসাধারণ প্রাকৃতিক পরিবেশকে মানসম্মতভাবে রক্ষা করার জন্য এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ সুযোগ।

আরএসপিবির তথ্যানুসারে এই স্থানগুলোতে প্রায় ৮৫ শতাংশ মারাত্মক বিপদের সম্মুখীন প্রজাতি বাস করে। যেমন-- পূর্ব কিউবার থেকে ২৫০ কিমি দূরে অবস্থিত তুর্কি এবং কাইকোস দ্বীপে বাস করে বার্কিং গেকো, রক ইগুয়ানা এবং পিগমি বোয়া কন্সট্রিকটরের মতো প্রজাতি।

প্রতিষ্ঠানটির মতে ওদের রক্ষা করার জন্য দরকার যথেষ্ট খরচের। কিন্তু প্রশাসন থেকে এখন অব্দি এদের জন্য তেমন কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। বরং অতিরিক্ত পর্যটক এবং নতুন তৈরি করা বাড়িঘরের ভিড়ে আরও সমস্যায় ফেলে দেওয়া হয়েছে ওদের।

এছাড়াও গ্রান্ড টার্কিতে ডলফিনারিয়াম এবং পূর্ব কাইকোসে মালামালের বন্দর, মেরিনা ও ক্রুইস জাহাজের বন্দর তৈরির পরিকল্পনা চলছে। বিশাল সামুদ্রিক প্রবাল প্রাচীর ও কচ্ছপের বাসস্থান ক্যারিবিয়ানের একেবারে বুনো এই দ্বীপটি নিয়ে ডিপার্টমেন্ট অব এনভারোমেন্ট এন্ড মেরিটাইম অ্যাফেয়ার্সের প্রধান ক্যাথলিন উড বলেন, এই ধরনের প্রকল্প সংবেদনশীলতার সঙ্গে তৈরি করা সম্ভব নয়। এতে অনেক প্রাচীন প্রবাল প্রাচীরকে নষ্ট করে দিতে হবে।

টার্কি ও কাইকোসের প্রধান রুফু ইউয়ং অবশ্য এই ক্ষতিকে বেশ সাদরেই অভ্যর্থনা জানাচ্ছেন। বিবিসির কোস্টিং দ্য আর্থ অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের মাঝেমধ্যে কিছু ব্যাপারে ছাড় দিতেই হয়। এটা এমন একটা অঞ্চল, যেটার মাধ্যমে আমরা আমাদের অর্থনীতি ও উন্নয়নকে আরও জোরদার করে তুলতে পারি।

শুধু তাই নয়, স্কুভা-ডাইভিং পোচারের ফলে আরও বেশি সমস্যার মুখোমুখি হচ্ছে টার্কি ও কাইকোসের বিলুপ্তপ্রায় প্রজাতি কুইন কোঞ্চ এবং স্পিনি লবস্টারও। এর পাশাপাশি কারকোল তৈরি ও রান্নার জন্য হাইতির অবৈধ অভিবাসীদের জ্বালানো আগুনে পুড়ে যাচ্ছে স্কার্ব বনও।

শোনা যায় এ নিয়ে ইউকে কাজ করবে। কিন্তু সেটা যতদিন না হচ্ছে ততদিন নিজেদের জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব স্থানীয় প্রশাসনেরই।

এটাও তো সত্যি যে কিছু করতে হলে একমাত্র ইউকে সরকারই করতে পারবে। তাদেরই এখন এগিয়ে আসতে হবে, এই বিপদের মুখে বেঁচে থাকা গাছপালা আর প্রাণীগুলোকে রক্ষা করতে। নাহলে হয়ত আর কিছুদিন পর ওদেরও ঠাঁই হবে জাদুঘরের কাচের ওপাশে।