২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোয়েল ও দাঁড়কাক

দাঁড়কাক খুব ভালোবাসত এক দোয়েলকে। আর সে ভেবেছিল তাকেই বিয়ে করবে। দোয়েলও পছন্দ করত দাঁড়কাককে। একদিন দোয়েল তার বাড়িতে কাককে নেমতন্ন করল। আপ্যায়ন করল তাকে চমৎকার খাবার ও পানীয় দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> মাহবুব সাদিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 03:49 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

খেয়েদেয়ে কাক জিগেশ করল, “তুমি এত ছোট্ট কেন বল তো?”

“আমি তো এখনও পুরোপুরি বড় হইনি।” উত্তর দিল দোয়েল।

“তাই নাকি?” শুনে ভারি খুশি হল দাঁড়কাক। বলল, “তার মানে তুমি আকারে অনেক বড় হবে, তাই না?”

“অবশ্যই।” জবাব দিল দোয়েল।

চমৎকার খাবার খেল তারা। পান করল ইচ্ছেমতো। কিন্তু ইতোমধ্যেই ভারি বিরক্ত হয়ে উঠেছিল দোয়েল। ঠোঁট ফাঁক করে বারবার সে হাই তুলছিল। শেষে বলল সে দাঁড়কাককে, “আমাকে দারুণ চমৎকার কিছু শোনাও। নয়তো এক্ষুনি আমি ঘুমিয়ে পড়ব।”

“দারুণ সব গল্প জানা আছে আমার। শোনো।”

এই বলে গল্প শুরু করল দাঁড়কাক--

“বনের ওপারে আছে এক গ্রাম। আমার কাকা একদিন সেখানে উড়ে গেছে। দেখে বিশাল লম্বা এক শিমলতা একেবারে মেঘের উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে। শামুকেরা সেই লতা বেয়ে উঠে যায় একেবারে মেঘের দেশে। গরম থেকে বাঁচার জন্য তারা সেখানেই লুকিয়ে গরমকালটা কাটায়।”

গল্প শুনে টিপ্পনি কাটে দোয়েল, “আরে, এটা তো কিছুই না। গতবছরের আগের বছর আমি যে শিমলতা দেখেছি সেটা ছিল একেবারে আকাশ-ছোঁয়া। একটা ঝিঁঝি সেই লতা বেয়ে আকাশে উঠে গিয়ে সূর্য থেকে তার পাইপ ধরিয়ে আনল।”

খুব ভাবল দাঁড়কাক। দারুণ মজার কিছু বলার চেষ্টা করছিল সে।

বলল, “মনে পড়ছে একটা ঘটনা। বছর তিনেক আগে বিশাল এক ঝড় উঠল একদিন। লোকে এমন ভয় পেল যে দুপায়ে হাঁটাই ভুলে গেল। চলত তারা হামাগুঁড়ি দিয়ে চারপায়ে। ছয়মাস আগে তারা আবার দুপায়ে হাঁটা শুরু করেছে।”

“দূর, কী যে বল!” ঠোঁট বাঁকাল দোয়েল। বলল, “পাঁচ বছর আগে ঝড় ছিল আরও বেশি শক্তিশালী। তখন হাওয়াকলের পাখাগুলো এত জোরে ঘুরত যে তুমি তাদের দেখতেই পেতে না।”

মাথা নেড়ে ঘাড় বাঁকিয়ে আবারও ভাবতে বসল দাঁড়কাক। আরও অবাক-করা চমৎকার কিছুই সে বলতে চাইছিল। খুব ভেবে সে বলল, “মনে পড়ছে বছর দশেক আগের কথা। তখন বনের ভেতর প্রচণ্ড ঠাণ্ডা বরফ পড়ত। ফারবনের সব গাছ আগাগোড়া ফেটে চৌচির হয়ে যেত।”

“এ তো কিছুই না।” দাঁড়কাকের কথা উড়িয়ে দিল দোয়েল। বলল, “শোনো, বার বছর আগে আমি তৃতীয়বার ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাই। তারা খেয়েদেয়ে বড় হল। শক্ত হল তাদের পাখা। আমি যখন তাদের বিদায় দিই, বরফ তখন ছিল আরও বেশি ঠাণ্ডা। রুটি বানাবার ময়দার তাল ঠাসতে গিয়ে তখন মেয়েদের হাত জমে শক্ত বরফ হয়ে যেত। জমত ময়দার তালও। আর স্টোভের উপর হাঁড়ির পানি একদিকে ফুটত আর অন্যদিকটা জমে বরফ হয়ে যেত। বুঝো অবস্থা।”

অসহায় দেখাল দাঁড়কাককে। উসখুশ করে উঠল সে। দুবার পাখা ঝাপটে একটা গাঢ় দীর্ঘশ্বাস ফেলে সে বলল, পুরাকালে কতকিছুই না হত। ঘটত কত ঘটনা! শোন দোয়েল, আমি এক্ষুনি আসছি, এই বলে দোয়েলের বাসা থেকে বেরিয়ে এল দাঁড়কাক। কালো পাখা মেলে উড়ে গেল।

অবশ্য দাঁড়কাক জানত না, কোথাও সত্যি কোনো শিমলতা বা দারুণ ঠাণ্ডা বরফ ছিল কি না, যার কথা দোয়েল বলেছে। কিন্তু দোয়েল যদি সেগুলো নিজে দেখে থাকে, তাহলে বলতেই হবে কনে হিসেবে তার বয়স অনেক বেশি।