মেয়েঘুড়ি
ওরা আমার ভাই। কী মজা ওদের! বিকেল হলেই মাঞ্জা দেওয়া সুতো জড়ানো নাটাই আর নতুন ঘুড়ি নিয়ে চলে যায় মাঠে। কখনও বাড়ির ছাদে।
আকাশের ঠিকানায় পাঠিয়ে দেয় লাল-নীল সব ঘুড়ি।
ঘুড়ি ওড়ে।
ঘুড়ি এপাশ-ওপাশ করে।
ঘুড়ি টাল খায়। ঘুড়ি নাচে।
ঘুড়ি আরও উপরে চলে যায়।
ঘুড়ি যেন মেঘের দেশে চলে যায়।
যেন ঘুড়িটাও মেঘ মেঘ হয়ে যায়।
আমার ভাই ওরা। ওদের ঘুড়ি যখন অনেক উপরে, মেঘ ছুঁয়ে ছুঁয়ে উড়তে থাকে; তখন ওরা খুশিতে হল্লা করতে থাকে। চেঁচাতে থাকে। বলতে থাকে... আমার ঘুড়ি মেঘের দেশে চলে গেছে, মেঘ হয়ে গেছে। আমার ঘুড়ি ফার্স্ট হয়ে গেছে কী মজা... আমার ঘুড়ি সবচেয়ে সেরা ঘুড়ি!
ওদের ঘুড়ি ওড়ানো দেখে আমারও ইচ্ছে হয় ঘুড়ি ওড়াই। ওদের বলি, এই বড়ভাইয়া আমাকে একটু তোমার ঘুড়িটা দাও না এট্টুখানি উড়াই। বলি, এই মেজভাইয়া, আমাকে তোমার নাটাইটা একটু দেবে... দেখি না ঘুড়ি ওড়াতে কেমন লাগে!
ওরা আমাকে ধমকায়। বলে, এই তুই মেয়ে না! মেয়েরা কি ঘুড়ি ওড়ায়? যা যা ঘরে যা...। দেখগে মা কী করছে?
আমার মন খারাপ হয়ে যায় ওদের কথা শুনে।
রাগ হয় খুব।
কাঁদতে ইচ্ছে করে খুব।
কী কষ্ট হয় আমার! বুক ভেঙে যায় দুঃখে। মনে হয় বলি, কেন... মেয়েরা ঘুড়ি ওড়ালে কী হয়?
কোথায় লেখা আছে মেয়েরা ঘুড়ি ওড়াতে পারবে না?
আমি ওড়াব, একশ’বার ওড়াব। তোমাদের কী!
দেখবে আমার ঘুড়ি তোমাদের ঘুড়ির চেয়েও উপরে উঠবে।
তখন তোমরা কাঁদবে, আর আমি হিহি করে হাসব।
দেখবে আমি একদিন ঠিকই মাঞ্জাওলা সুতো আর নতুন নাটাইয়ে আলতারং একটা ঘুড়ি বেঁধে ওই আকাশের ঠিকানায় পাঠিয়ে দেব।
হ্যাঁ, দেখবে, তোমরা সেদিন চেয়ে চেয়ে দেখবে শুধু!
একদিন মাকে বললাম, মাগো, আমাকে একটা নাটাই আর ঘুড়ি কিনে দাও না! ভাইয়ারা ওড়ায়, আর আমি একটু চাইলে বলে, ‘এই তুই মেয়ে, মেয়েরা বুঝি ঘুড়ি ওড়ায়?’ দেখো মা, ওরা আমাকে না ‘যা যা’ বলে তাড়িয়ে দেয়। তখন না আমার খুব কষ্ট হয়। মাগো একটা ঘুড়ি কিনে দেবে আমাকে?
আমার কথা শুনে মাও বলল, হ্যাঁ, ঠিকই তো, ওরা তো ঠিকই বলেছে, মেয়েরা কি কখনও ঘুড়ি ওড়ায়? ঘুড়ি ওড়ায় বেটাছেলেরা।
হায়, মাও এই কথা বলল! আমি সত্যি সত্যি কেঁদে ফেললাম। আমার মনে হল পৃথিবীতে আমার কোনো বন্ধু নেই, আপন বলে কেউ নেই। এত দুঃখ পেলাম আমি, বলে বোঝানো যাবে না।
আমার দুঃখ মা বুঝল না। ভাবলাম, বাবা অফিস থেকে ফিরলে বলব। বাবা আমাকে খুব ভালোবাসে। ঠিকই আমাকে ঘুড়ি আর নাটাই কিনে দেবে।
সে তো পরের কথা, বাবা আসতে তো এখনও অনেক দেরি। আসতে আসতে অনেক রাত হয়ে যায়। আমি তো তখন ঘুমিয়ে পড়ি। এই কথা ভাবি আর কাঁদি। কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে গেলাম।
আমি স্বপ্ন দেখি, বাবা আমার জন্য কী সুন্দর একটা ঘুড়ি কিনে এনেছে। আলতারংয়ের ঘুড়ি। আর একটা সুন্দর নাটাই। এমন নাটাই বড়ভাইয়া, মেজভাইয়া তো জীবনেও দেখে নাই। আর এক রিল সুতো। কেমন জ্বলজ্বল করছে সুতোটা। ঝিলমিল করছে রোদে।
বাবা ওগুলো এনে আমাকে বলল, কই রে আমার মামণি! এই দেখো, তোমার জন্য কী এনেছি।
আমি তো খুশিতে আত্মহারা। বললাম, বাবা, এত সুন্দর ঘুড়ি! আর এমন নাটাই তো পৃথিবীতেই নেই, আর এটা কী সুতো, বাবা?
বাবা হাসে। হেসে বলে, এগুলো তো পৃথিবীতে পাওয়া যায় না, আম্মু। তোমার জন্য এসব রূপকথার রাজ্য থেকে কিনে এনেছি। তুমি আমার আম্মু যে, সবচেয়ে সেরাটাই তো তোমাকে দেব, তাই না!
আমি হেসে গড়িয়ে পড়ি। বলি, বাবা, তুমি খুব ভালো। তোমার মতো আমাকে কেউ ভালোবাসে না...! এই বলে আমি খুশিতে, নাকি মায়ের উপর রাগ করে দুঃখে-- কেন যে আবার কেঁদে উঠলাম জানি না।
বাবা আমাকে বুকের মধ্যে টেনে নিল। তারপর পিঠে, মাথায় হাত বুলিয়ে খুব আদর করতে লাগল।
এমন সময় মা যেন বলে উঠল, হয়েছে, আর কাঁদতে হবে না। যাও, ‘বেটাছেলেদের মতো’ ঘুড়ি উড়িয়ে বেড়াও এখন...!
মায়ের কথায় আমি বাবার বুক থেকেই বলে উঠি, হ্যাঁ, ওড়াব। একশ’বার ওড়াব...!
এই বলতেই সত্যি সত্যি হাসির শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলেই দেখি বাবা পাশে দাঁড়িয়ে। বাবার পাশে মাও আছে। তখন রোদঝলমল দুপুর প্রায়।
মা বলল, এত ঘুমিয়েছ তুমি। কাল সন্ধ্যায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লে। রাতে কিছু খেলেও না। তোমার বাবা অফিস থেকে ফিরলে তার গুণী মেয়ের কথা সব বললাম। আর সে জন্য সেই সকালে উঠেই তিনি মেয়ের সাধ মিটাতে কী কিনে এনেছেন দেখবে?
আমি বললাম, বাবা ঘুড়ি কিনে এনেছে আমার জন্য, আমি জানি। রূপকথার দেশ থেকে সবচেয়ে ভালো, সুন্দর ঘুড়ি, নাটাই আর ঝলমল সুতো কিনে এনেছে। তাই না বাবা! এই বলে বাবাকে জড়িয়ে ধরলাম।
বাবা আদর করতে করতে বলল, চোখ বন্ধ করো তো, আম্মু!
আমি চোখ বন্ধ করলাম।
এবার বাবা বলল, চোখ খোলো তো, আম্মু।
চোখ খুলেই দেখি, সত্যি সত্যি স্বপ্নে দেখা সেই ঘুড়ি।
সেইরকম নাটাই। আর সেইরকম ঝলমল সুতো।
বাবা বলল, এ হচ্ছে নাইলনের সুতো। কেউ ছিঁড়তে পারবে না।
খুশিতে আমার যে কী করতে ইচ্ছে করল! আমি নাটাই-ঘুড়ি নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলাম, বড়ভাইয়া... মেজভাইয়া, তোমাদের ঘুড়ির চেয়েও ভালো ঘুড়ি আমার। আমার ঘুড়ি সবচেয়ে ফার্স্ট হবে। আমার ঘুড়ি আরও বেশি আকাশে উড়বে... কী মজা!... কী মজা...!!
এতক্ষণ যে কী হয়ে গেল কিছুই টের পায়নি ভাইয়ারা। ওরা পড়ার ঘরে পড়ছিল। আমার চিৎকারে ছুটে এসেই তো অবাক। বড় বড় চোখ করে দেখতে লাগল আমার সুন্দর ঘুড়ি-নাটাই আর নাইলনের সুতো।
ওরা অনেকক্ষণ চুপ করে থাকল। বোবার মতো ভ্যালভ্যাল করে থেকে কী বলবে বুঝতে পারল না। বড়ভাইয়া কিছু বলল না, কিন্তু মেজভাইয়া ভেংচি কেটে বলল, ওটা তো ‘মেয়েঘুড়ি’। দেখছিস না পেটটা কেমন চাপা। একেবারে তোর গায়ের জামার মতো। ও ঘুড়ি বাতাসে উড়বে না। দেখিস, আমি যা বলছি তাই হয় কি না!
আমার মন খারাপ হয়ে গেল ওর কথায়। বাবার দিকে মনখারাপ চোখে তাকিয়ে বললাম, বাবা, এটা কী ‘মেয়েঘুড়ি’? এটা বলে উড়বে না? মেজভাই বলছে যে!
বাবা হাসল। হেসে বলল, ওদের কথা শুনিস নে। বিকেল হোক, আমি উড়িয়ে দেখিয়ে দেব ওদের। এটা হল চিনদেশি ঘুড়ি। এটার নাম মাছঘুড়ি। দেখছিস না একেবারে মাছের মতো দেখতে।
আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, একেবারে আমাদের খিড়কি পুকুরের কাতলা মাছের মতো দেখতে।
বিকেলে বাবা আমার মাছঘুড়ি আকাশের ঠিকানায় পাঠিয়ে দিল।
এরপর আমার হাতে নাটাই ধরিয়ে দিল।
আমি সুতো ছাড়ি। আবার নাটাই ধরে টান দিই।
আবার সুতো ছাড়ি। আবার টান দিই।
একবার এদিকে টানি।
একবার ওই দিকে কাত করি।
উড়ছে তো উড়ছেই।
একেবারে মেঘে মিশে যাচ্ছে। যেন ঘুড়িটা নিজেই মেঘ হয়ে যাচ্ছে।
আমার মেজভাই, বড়ভাই-- অবাক হয়ে তাকিয়ে দেখছে। মেজভাই আমার কাছে সরে এসে বলল, বোন, আমাকে একটু দে না, তোর ঘুড়িটা উড়িয়ে দেখি কেমন লাগে।
আমি বললাম, না, না। তোর ঘুড়ি তুই উড়া ভাই, আমার ঘুড়ি তো ‘মেয়েঘুড়ি’। বেটাছেলেদের এ ঘুড়ি ওড়াতে নেই।
আমার কথায় মেজভাই আর কী বলবে? শুধু ভ্যালভ্যাল করে দেখতে লাগল আমার ঘুড়ির মেঘছোঁয়া উড়োউড়ি।
একবার এদিকে।
একবার ওদিকে।
একবার একেবারে মেঘে হারিয়ে যাচ্ছে।
আবার ভেসে উঠছে।
ভাইদের বললাম, আমার ঘুড়ি ফার্স্ট। সবচেয়ে ফার্স্ট... তাই না ভাইয়া। মেজভাইয়া কিছু বলে না। বড়ভাইয়া বলল, হ্যাঁ রে বোন, তোর ঘুড়ি সবচেয়ে সেরা ঘুড়ি।
