২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাছপালার জন্য মিয়াওয়াকি আকিরা

“একটা সময় ছিল, যখন পরিবেশ ধ্বংসের কথা অনায়াসে আমরা ঘোষণা করে দিতে পারতাম, সেই সময়টা বদলে গেছে। এখন সময় এসেছে আমাদেরই যথার্থভাবে সবকিছু অনুসন্ধান করে, তার ফলাফলের ভিত্তিতে নিজেদের হাতে মাটি তৈরি করে নতুন বনাঞ্চল গড়ে তোলার।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সামিন ইয়াসার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 03:44 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

কথাগুলো পরিবেশ ভাবনায় বিভোর, সমীহ জাগানো এক বিশ্ববিখ্যাত উদ্ভিদবিশারদ, জাপানের মিয়াওয়াকি আকিরার। যিনি পরিবেশ রক্ষার কাজে দেশ-বিদেশের নানা জায়গায় অরণ্য গড়ে সারাবিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন।

ড. মিয়াওয়াকি জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রাথমিকভাবে তাঁর কাজ শুরু করলেও গাছের জীবন নিয়ে গবেষণা করেছেন ব্যাপকভাবে। এই জন্য তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন।

হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে ‘জীববিদ্যা’ নিয়ে পড়াশোনার পর তিনি ‘আগাছা’ বিষয়ে কাজে আগ্রহী হন। তার চোখের সামনে ছিল পরপর বেড়ে ওঠা সেসব আগাছা, যা মানুষের একেবারে দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তিনি সবসময়েই চেয়েছেন, মানবজীবনের সহায়ক এসব আগাছা দিয়েই নতুন অরণ্যভূমি গড়ে তোলার প্রাথমিক কাজ করতে।

কাজের অভিজ্ঞতা দিয়ে তিনি  বুঝেছেন,  সেখানে দরকার আগাছা বা লতাগুল্মও। পড়াশোনা করে তাঁর এই উপলব্ধি হয় যে, সংবেদনশীলতা হল বিজ্ঞানের চাবিকাঠি। তিনি এ-ও মনে করেন, পরিবেশ পর্যবেক্ষণ করতে হলে পুরো পাঁচটি ইন্দ্রিয়ের সাহায্যে যথার্থভাবে গাছকে নিজের হাতে ছুঁয়ে দেখতে হবে। প্রসঙ্গত ১৯৯১ সালের সেপ্টেম্বরে ড. আকিরা ‘দেশজ উদ্ভিদ’ বা লতাগুল্ম দিয়ে নতুনভাবে গড়ে তোলা অরণ্যভূমির উপর জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়ে জার্মানির পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত ‘ব্লুম প্লানেট’ পুরস্কার লাভ করেন। জাপানের মানুষ হিসেবে তিনিই প্রথম এই সম্মান লাভ করেন।

১৯৬৭ সাল থেকে এই পুরস্কার প্রতিবছর দেওয়া হচ্ছে। স্বদেশে ফিরে ১৯৭০-এর মাঝামঝি  সময়ে ড. আকিরা নতুন  অরণ্যভূমি তৈরির কাজে লেগে যান। কয়েক বছরের চেষ্টায় সেখানে তিনি এমন একটি নিখুত অরণ্য গড়ে তোলেন, যা দেখে বিশেষজ্ঞদের মত, “আগামী তিনশ’ বছর এই অরণ্যাঞ্চল আপন অস্তিত্ব বজায় রাখতে পারবে।”

ড. মিয়াওয়াকি আকিরা ২৫০-এর বেশি অরণ্যভূমি প্রতিষ্ঠা করেছেন। দৃষ্টান্ত হিসেবে সবুজ মরূদ্যানের একটি মনোরম অরণ্য গড়েছেন তিনি নিপ্পন স্টিল কর্পোরেশন এবং ইলেকট্রিক পাওয়ার কোম্পানি সংলগ্ন এলাকায়। জেনে অবাক হবে যে, ড. আকিরার প্রচেষ্টায় তৈরি ইওকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি সংলগ্ন যে সুনিবিড় বনভূমি, তা আগে একটি গল্ফ খেলার মাঠ ছিল।

ড. মিয়াওয়াকি সবুজ সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য যে প্রচার অভিযান চালান, তার  নাম দেন- ‘নেটিভ ফরেস্ট অব নেটিভ ট্রিজ’।

১৯৯০ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তিনি নাতিশীতোষ্ণ বর্ষার উপযোগী অরণ্যভূমি তৈরি করেন।  জাপানের মিতসুবিশি কর্পোরেশন ও মালয়েশিয়ার জাতীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তিন লক্ষ চারাগাছ লাগানো হয়। আইল্যান্ডেও ড. আকিরা নতুন অরণ্যাঞ্চল গড়ে তোলার কাজে নিযুক্ত হন।

বছরে সাত-আট মাস তিনি বনে বনেই ঘুরে কাটান। কখনও কখনও গাছের সঙ্গে মানুষের যে এক আত্মিক সম্পর্ক আছে, তার সত্যতা যাচাই করার জন্য গাছের শাখা-প্রশাখায় রাতও কাটান।

নতুন-নতুন বনাঞ্চল গড়ে তুলে যিনি সারাবিশ্বের অকৃত্রিম সেবা করছেন, সেই ড. মিয়াওয়াকি এখন দক্ষিণ আমেরিকায় দেশজ উদ্ভিদ বা লতাগুল্ম দিয়ে একটি নাতিশীতোষ্ণ বর্ষা উপযোগী অরণ্য তৈরির কাজে ব্যস্ত আছেন।