সবচেয়ে বড় ডাইনোসর
রোজ বিকেলে মা যখন জোর করে এক গ্লাস দুধ খাইয়ে দেয় তোমাকে আর হেসে বলে, এই তো লক্ষ্মীছেলে! দুধ না খেলে অনেক বড় হবে কী করে? তখন নিশ্চয় তোমার মাথায় প্রশ্ন জাগে, ঠিক কতটা বড় হলে আর দুধ খেতে হবে না! কত বড় হলে মায়ের কথামতো সেই অনেক বড়টা হওয়া যাবে? অনেক বড়টা ঠিক কত বড়? পৃথিবীতে সবচেয়ে বড় কে?
আর তোমার সেই প্রশ্নের উত্তর দিতেই যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এল শত মিলিয়ন বছর আগের এই ৭৭ টন ওজনের ডাইনোসরটি।
১৪টি আফ্রিকান হাতির সমান ওজনের এই তৃণভোজী টাইটানোসরগোত্রীয় ডাইনোসরটা এতদিন বেশ আরামেই ঘুমিয়েছিল মাটির ভেতরে। কিন্তু আর্জেন্টিনার পাতাগোনিয়ার ২৫০ কিমি পশ্চিমে ত্রিউলের লা ফ্লেঞ্চার কাছাকাছি এক মরুভূমিতে হাঁটবার সময় ঠিক ওর গায়েই পা বাধিঁয়ে মাটিতে পড়ে গেল ওখানকার খামারের এক কৃষক। আর তারপরই শুরু হল হৈচৈ।
চলে এল জীবাশ্ম-বিজ্ঞানীরা। যেসব বিজ্ঞানী সবসময় অনেক অনেক আগে বসবাস করা প্রাণীদের খুঁজে বেড়ায়, তাদের নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করে, তাদেরই বলে জীবাশ্ম-বিজ্ঞানী। এর আগে ওরা খুঁজে পেয়েছিল আর্জেন্টিনোসরাস নামের আরেকটা ডাইনোসর। ওটাকেই তারা ভেবেছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। কিন্তু এবার আর্জেন্টিনোসরাসের চাইতে ৭ গুণ বেশি ভারী ৪০ মিটার দীর্ঘ এবং ২০ মিটার লম্বা ডাইনোসরের খোঁজ পেতেই তাদের সে ভুল ভাঙল।
ডাইনোসরটির পায়ের হাড় বা ফিমারের ওজনের উপর ভিত্তি করে এর ওজনের গণনা করা শুরু হল। আর তাতেই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনোসরাসকে হারিয়ে ৭৭ টন ওজন নিয়ে প্রথম হল এটি। যদিও আর্জেন্টিনোসরাসের মতোই খুঁজে পাওয়া কিছু হাড়ের ভিত্তিতেই এই অনুমান করেছেন গবেষকরা।
মাথা থেকে পা অব্দি এর দৈর্ঘ্য ৪০ মিটার। মাথা উঁচু করে দাঁড়ালে এর উচ্চতা হবে ২০ মিটার। যা কিনা একটা সাত তলাবিশিষ্ট বাড়ির সমান।
যদিও হাড়ের উপর নির্ভর করে কোনো প্রাণীর ওজন অনুমান করার অনেকগুলো পদ্ধতি আছে এবং সেগুলোর ফলাফল আলাদা হতেই পারে। পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলাও উচিত নয় এই অনুসন্ধান সম্পর্কে। তারপরও এটা মোটামুটি নিশ্চিত যে আর্জেন্টিনোসরাসের পর খুঁজে পাওয়া এই কঙ্কালটি পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরেরই।
