২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিঠাবুড়ি

পিঠাবুড়ি তার কুঁড়েঘরে একা একা থাকে। কুঁড়ের একপাশে বন আর একপাশে মাঠ। পিঠাবুড়ি সারাদিন বসে বসে পিঠা বানায় আর খায়। আর যত মেহমান আসে সবাইকে খেতে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> বিনয় বর্মন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 03:03 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

কত রকমের মজার পিঠা। চাঁদপিঠা, সূর্যপিঠা, নীহারিকা, শ্বেতবামন, লালদানব আরও কত কী! খেতে কী সুস্বাদু! সবাই খেয়ে ধন্য ধন্য করে।

কারা খেতে আসে সে পিঠা? মাঠ থেকে আসে ফড়িং, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ছাগল, ভেড়া, গরু। বন থেকে আসে হরিণ, বানর, শূকর, ভালুক, বাঘ, সিংহ। আকাশ থেকে উড়ে আসে নানা রংয়ের পাখি-- চড়ুই, দোয়েল, শালিক, ফিঙে, মাছরাঙা, টিয়া, কাক, বক। কেউ সকালে আসে, কেউ দুপুরে, কেউ সন্ধ্যায়, কেউ রাতে। বুড়ি কাউকেই নিরাশ করে না। সবাইকে যার যার পছন্দমতো পিঠা খেতে দেয়।

একদিন পিঠাবুড়ি অসুস্থ হয়ে পড়ল। বিছানা থেকে উঠতে পারে না। ফলে পিঠা বানানো হয় না। সব পশুপাখি এসে ফিরে যায়। সবার মন খারাপ। পিঠাবুড়িকে কীভাবে সুস্থ করা যায়, সবাই সেই চিন্তা করে।

বনের ধারে মাঠের পাড়ে এক বিশাল জটাধারী পুরনো বটগাছ। সেখানে বাস করে জ্ঞানী পেঁচা। সবাই মিলে তার কাছে গেল।

বলল, “পিঠাবুড়ির ভীষণ অসুখ। সে কীভাবে সুস্থ হবে তা বলে দাও।”

জ্ঞানী পেঁচা চোখ বুজে একটু ভাবল। তারপর লাল চোখ মেলে সবার দিকে কটমট করে তাকাল। সবাই একটু ভয় পেয়ে গেল। জ্ঞানী পেঁচা বলল, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা সবাই মিলে একটি ঔষধি পিঠা বানিয়ে পিঠাবুড়িকে খাওয়ালে সে ভালো হয়ে যাবে।

কিন্তু ঔষধি পিঠা কীভাবে বানাতে হবে? জ্ঞানী পেঁচা সবাইকে ভালোভাবে বুঝিয়ে বলল। সবাই জ্ঞানী পেঁচাকে ধন্যবাদ দিয়ে যার যার আস্তানায় ফিরে গেল।

পরদিন সকাল থেকেই পিঠাবুড়ির বাড়ির সামনে ভিড় জমে গেল। ফড়িং, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ছাগল, ভেড়া, গরু, হরিণ, বানর, শূকর, ভালুক, বাঘ, সিংহ, চড়ুই, দোয়েল, শালিক, ফিঙে, মাছরাঙা, টিয়া, কাক, বক-- সবাই এসে হাজির। পিঠাবুড়ির জন্য ঔষধি পিঠা বানাতে হবে। জ্ঞানী পেঁচা বলে দিয়েছে কীভাবে বানাতে হবে। প্রত্যেকে যার যার মতো উপকরণ নিয়ে এসেছে।

সব উপকরণ উঠানে রাখা আছে। একসঙ্গে করে বিশাল কড়াইতে রান্না করতে হবে। চুলা জ্বালানো হয়েছে। রান্নার জন্য দাওয়াত করা হয়েছে হাতিকে। হাতি শূড় দিয়ে একটি একটি করে জিনিস কড়াইতে রাখে আর কাঠি দিয়ে নাড়াচাড়া করে। একটু পড়েই বেশ সুগন্ধ ছড়িয়ে পড়ল।

রান্না শেষ হলে কলাপাতার থালায় সেগুলো সাজিয়ে রাখা হয়। ঠাণ্ডা হলে পিঠাবুড়িকে খেতে দেওয়া হবে। কিন্তু কতটুকু পরিমাণে খাওয়াতে হবে তা কারও জানা নেই। সে জন্য জ্ঞানী পেঁচাকে ডাকতে হবে। হাতি শূড় উঁচিয়ে আওয়াজ করতেই জ্ঞানী পেঁচা উড়ে এল সেখানে।

জ্ঞানী পেঁচা নিজে কুঁড়েঘরে শোয়া পিঠাবুড়ির কাছে গেল। তারপর চামচ দিয়ে একটু একটু করে ঔষধি পিঠা তার মুখে তুলে দিল। ঔষধি পিঠা খেয়ে পিঠাবুড়ির চোখের পাতা ভারি হয়ে এল। আস্তে আস্তে গভীর ঘুমে তলিয়ে গেল।

জ্ঞানী পেঁচা বলল, বাকি ঔষধি পিঠা তোমরা সবাই ভাগ করে খেয়ে নাও। আর কোনো চিন্তা নেই। সবাই চলে যাও। পিঠাবুড়ি একদিন একরাত একটানা ঘুমাবে। তারপর সুস্থ হয়ে জেগে উঠবে। তোমরা আসবে দুদিন দুরাত পর।

সবাই কলাপাতায় রাখা ঔষধি পিঠা খেয়ে নিল। তারপর যার যার রাস্তায় চলে গেল। দুদিন দুরাত পর সবাই পিঠাবুড়ির আঙিনায় জড়ো হল। দেখে কী, পিঠাবুড়ি আগের মতো নানারকম পিঠা বানিয়ে বসে আছে। পিঠাবুড়ির মুখে মিটিমিটি হাসি। সবাই আনন্দে নাচগান শুরু করে দিল।