২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় জাতীয় উদ্যান

সকাল থেকে সন্ধ্যা--  তোমার পুরোটা সময় হয়ত কেটে যায় স্কুল, কোচিং আর খেলার মাঠেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> সাদিয়া ইসলাম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 07:20 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

সারাদিন কত বাড়ি দেখ, গাড়ি দেখ, মানুষ দেখ। এমনকি চারপাশে কা-কা করে উড়তে থাকা কাকাগুলোকেও দেখ। কিন্তু একটু খেয়াল করে দেখত চারপাশে কাক ছাড়া আর কী কী  পাখি গান গাইছে এখন? সত্যিই কি আর কোনো পাখির কণ্ঠ শুনতে পাচ্ছ তোমার ঘরে বসে? অথবা গাড়িতে?

নাহ! সত্যিই আজকাল এত মানুষ, গাড়ি ও বাড়ির ভিড়ে এই শীতকালে পাখি দেখার মৌসুমেও চারপাশে পাখিদের উড়তে দেখা যায় না। তা দেখবেই-বা কেন? পাখিরা তো যেখানে অনেক অনেক গাছ রয়েছে, সেখানেই থাকতে পছন্দ করে। আর এই শহরে এখন গাছ কোথায়? আর তাই কেবল ঢাকা শহর নয়, সারাবিশ্বের নানা শহর থেকে, নানা দেশ থেকে উধাও হয়ে যাচ্ছে অনেক পশুপাখি। আর তাই এদের গাছপালা দিয়ে ঘেরা সবুজ ঘরগুলোকে বাঁচাতে এগিয়ে এসেছে অনেক দেশ। তারা নিজ দায়িত্বে ঠিকঠাক রাখছে ওদের থাকার জায়গাগুলো। মাঝে মাঝে তৈরিও করে দিচ্ছে। আর পশুপাখিদের জন্য যত্ন নিয়ে তৈরি করা এই জায়গাগুলোকেই বলা হয় ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান।

বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে প্রায় ৭ হাজারেরও বেশি জাতীয় উদ্যান। আর সেগুলোর মধ্য থেকে কিছু উদ্যানের কথা নিচে লেখা হল--

১. রিলা জাতীয় উদ্যান

রূপে-গুণে অনন্য প্রাকৃতিক উদ্যানগুলোর সারিতে প্রথমেই নাম আসে যার, সে হল বুলগেরিয়ার দক্ষিণ-পশ্চিমে দাঁড়িয়ে থাকা পাহাড় রিলাকে ঘিরে গড়ে ওঠা বুলগেরিয়ার জাতীয় উদ্যান। উদ্যানটির সবচাইতে আকর্ষণীয় ব্যাপারটি হচ্ছে এর পর্বত। রিলা পর্বত। সর্বোচ্চ ২ হাজার ৯২৫ ফুট শৃঙ্গ মুসালার অধিকারী রিলা। থ্রাসিয়ান ভাষায় যার অর্থ-- পানিবহুল! নামের সঙ্গে সঙ্গতি রেখে হিমপানির হৃদ আর ঝরনা দুটোরই প্রাচুর্য আছে এর পুরোটায়। সাংস্কৃতিক দিক থেকে স্থানীয়দের কাছে রিলার মূল্য অপরিসীম। আনুমানিক ২৫ কোটি বছর আগে জন্ম নেওয়া রিলার আকার গম্বুজাকৃতির। এর প্রধান উপাদান হচ্ছে-- স্ফটিক, জেনিস পাথর, গ্রানাইট ইত্যাদি। রিলা প্রাকৃতিক উদ্যানটি জুড়ে আছে বিশ্বের মোট ২ হাজার ৪০০ কিমি জায়গা।

২. ইয়োলোস্টোন পার্ক

যুক্তরাষ্ট্রের অন্যতম সৌন্দর্যের আধার এই উদ্যানটিকেই বিশ্বের প্রথম কোনো ন্যাশনাল পার্ক বলে মনে করা হয়।

১৮৭২ সালের পহেলা মার্চে যুক্তরাষ্ট্র কংগ্রেস পার্কটির উদ্বোধন করে। বন্য পশুপাখির পাশাপাশি পার্কটিতে আছে অদ্ভুত সুন্দর ওল্ড ফেইথফুল গিজার। আছে ঘন জঙ্গল। ৩ হাজার ৪৬৮ বর্গ কিমি জায়গা জুড়ে থাকা পার্কটিতে রয়েছে ইয়োলোস্টোন আগ্নেয়গিরির ভগ্নাংশকে ঘিরে থাকা ইয়োলোস্টোন খাল। নানারকম পাখি, স্তন্যপায়ী, সরীসৃপ, মাছের পাশাপাশি বেশকিছু বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী রয়েছে এখানে। 

৩. ফুজি হাকোনে ইজু ন্যাশনাল পার্ক

জাপানের বেশ খটমটে নামের এই পার্কটি জুড়ে রয়েছে ফুজি পাহাড়, ফুজির পাঁচটি লেক, ইজু পেনিনসুলা এবং ইজু দ্বীপ।

১৯৩৬ সালে জন্ম নেওয়া পার্কটি জাপানের প্রথম চারটি ন্যাশনাল পার্কের মধ্যে অন্যতম।

১৯৫০ সালে ইজু দ্বীপ অন্তর্ভুক্ত হবার পর পার্কটির বর্তমান নামকরণ করা হয়। প্রতিবছর প্রায় ১০০ মিলিয়ন পর্যটক আসে পার্কটিতে বেড়াতে।

৪. সুইস ন্যাশনাল পার্ক

১৭৪ কিলোমিটারের উদ্যানটি সুইজারল্যান্ডের পশ্চিমে অবস্থিত। এটিই এখন পর্যন্ত সুইজারল্যান্ডে অবস্থিত একমাত্র ন্যাশনাল পার্ক। ইউরোপের প্রায় প্রথম দিকের উদ্যানগুলোর মধ্যে একটি এই সুইস পার্ক ১৯১৪ সালের ১ আগস্ট, উদ্বোধন করা হয়। পার্কটিতে কুকুর নিয়ে আসা, নির্দিষ্ট এলাকার বাইরে ঘুমোনো, আগুন জ্বালানো বা পশুপাখিদের বিরক্ত করার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে।

৫. ইয়োসিমাইট ন্যাশনাল পার্ক

আমেরিকার মধ্য-পূর্ব ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ইয়োসিমাইট ন্যাশনাল পার্কটির খানিকটা সিয়েরা নোভেদা পাহাড়ের পশ্চিমে গিয়ে পড়েছে। মোট ৭ লক্ষ ৬১ হাজার ২৬৮ একর জায়গা জুড়ে থাকা পার্কটিতে প্রতিবছর প্রায় ৩.৭ মিলিয়ন পর্যটক আসেন।

১৯৮৪ সালে বিশ্ব ঐতিহ্যের সন্মানে ভূষিত হওয়া পার্কটির প্রায় ৯৫ শতাংশ স্থানই মরুভূমি। পার্কটিতে বন্য নানান পশুপাখি ছাড়াও রয়েছে স্ফটিকের উঁচু পাহাড়, জলপ্রপাত, পরিষ্কার খাল ইত্যাদি।

৬. ফিয়োর্ডল্যান্ড ন্যাশনাল পার্ক

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের দক্ষিণ-পশ্চিম জায়গা জুড়ে রয়েছে এই উদ্যানটি। ১২ হাজার ৫০০ কিলোমিটার দৈর্ঘ্যের পার্কটি নিউজিল্যান্ডের ১৪টি উদ্যানের মধ্যে সবচাইতে বড়। উদ্যানটি সংরক্ষণ অধিদপ্তরের দ্বারা পরিচালিত হয়। ফিয়োর্ড শব্দের অর্থ খাড়া পর্বতের মাঝখান দিয়ে বয়ে চলা খাড়ি। আর এই উদ্যানটির ভেতরেও রয়েছে এমন কিছু নানারকম শব্দ করে বয়ে চলা খাড়ি। সেখান থেকেই এর নাম হয়েছে ফিয়োর্ডল্যান্ড ন্যাশনাল পার্ক।