শান্ত জলের লেক
আজকে এমন কিছু লেকের কথাই থাকছে তোমাদের জন্য। অসম্ভব রকমের সুন্দর এই লেকগুলোর সবগুলো যদিও বাংলাদেশের নয়, তবুও সুন্দর তো সবখানেই সুন্দর।
তোমরা নিশ্চয়ই অনেক লেক দেখেছ। পুরো বাংলাদেশের কথা ছেড়ে দাও, আমাদের ঢাকাতেই তো রয়েছে বেশ কয়েকটি লেক— ধানমন্ডি লেক, তারপর গুলশান লেক। শান্ত পানিভর্তি এই লেকগুলোকে দেখতে ভীষণ সুন্দর। সকালের সাদা আকাশের ছায়া, দুপুরে গাছের ছায়া আর সন্ধ্যায় পাখপাখালির কলরবের সঙ্গে লালচে পানির রং— সব সময়ই যেন অনেক যত্নে আলাদা করে সাজিয়ে রাখে এদের প্রকৃতি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্র্যাটার লেক অবস্থিত ওরিগান অঙ্গরাজ্যে। লেকটি বিখ্যাত মূলত এর গাঢ় নীল রং আর পরিষ্কার পানির জন্য। লেকটি অবশ্য আরও একটি কারণে বিখ্যাত। প্রায় এক শতাব্দী ধরে পুষে রাখা বিশাল এক গাছের জন্য। আর তাই অনেকে একে ‘বুড়ো গাছের লেক’ নামেও চেনে। লেকের অল্প তাপমাত্রাই মূলত গাছটির এমন দীর্ঘজীবী হওয়ার প্রধান কারণ।
১৯০২ সালে লেকটি ঘিরে গড়ে তোলা হয়েছে ক্র্যাটার লেক জাতীয় উদ্যান। তবে লেকটির জন্ম হয়েছিল প্রায় ৭,৭০০ বছর আগে। মাউন্ট মাজামা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে লেকটির জন্ম হয়। অগ্ন্যুৎপাতের পরে মাটির ধ্বসের ফলে এর জন্ম হয়। লেকটির সঙ্গে কোনো নদী বা ঝরনার সংযোগও নেই। এর পানির মূল উৎস বৃষ্টি ও তুষারপাত।
লেকটির বুকে দ্বীপও আছে দুটি— উইজার্ড আইল্যান্ড এবং ফ্যান্টম শিপ। লেকটি লম্বায় প্রায় ৬ মাইল, চওড়ায় ৫ মাইল। সব মিলিয়ে মোট আয়তন প্রায় ২১ বর্গমাইল। ক্র্যাটার লেক আমেরিকার সবচেয়ে গভীর লেকও বটে; গড় গভীরতা প্রায় দেড় হাজার ফুট।
কায়ানগান লেক অবস্থিত ফিলিপাইনের পালাওয়ান অঙ্গরাজ্যের উত্তরে, কালামিয়ান দ্বীপপুঞ্জের করোন দ্বীপে। এই অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের অনেকগুলো জাহাজ ডুবে গিয়েছিল। দ্বীপের পানি প্রায়ই শান্ত থাকে বলে, একই সঙ্গে পানি খুবই পরিষ্কার বলে ডাইভিং করে সেসব জাহাজের ধ্বংসাবশেষ খুব ভালো মতো দেখা যায়।
করোন দ্বীপের অন্যান্য অংশের মতো, এই কায়ানগান লেকের পানিও অনেক পরিষ্কার। বলা হয়ে থাকে, কায়ানগান লেকের পানি এশিয়ার সবচাইতে পরিষ্কার। ‘এশিয়ার সবচেয়ে পরিষ্কার লেক’ বলেও অনেকে চেনে এই লেকটিকে।
লেকটি পাহাড় ও সবুজ গাছগাছালিতে ঘেরা। ঠিক যেন যত্ন করে আঁকা কোনো শিল্পীর ছবি।
টাখলাখ লেক অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের মাউন্ট অ্যাডামসের উত্তর-পশ্চিমে। লেকটির আয়তন ৭.৩ মাইল।
টাখলাখ লেকের পানির উৎস টাখ টাখ উপত্যকার কাছে সিসপুস নদী থেকে উৎপন্ন হওয়া কিছু ছোট ছোট খাল। স্থানীয় আদিবাসীদের ভাষায় ‘টাখ’ শব্দের অর্থ উপত্যকা। টাখলাখ নামটা তো বটেই, এমনকি টাখ টাখ উপত্যকার নামও এসেছে এই ‘টাখ’ শব্দ থেকে।।
টাখলাখ লেকের পশ্চিমে মোটমাট ৫৩টি জনপ্রিয় জায়গা আছে, যেখানে ক্যাম্পার আর হাইকাররা নিয়মিত আসে ক্যাম্প করতে। লেকটির জনপ্রিয়তাও মূলত সেই কারণেই; মাছ ধরা, ক্যাম্পিং আর ছবি তোলার জন্য।
ইতালিতে অবস্থিত লেক কোমো কেবল সৌন্দর্য আর আয়তনের কারণেই নয়, আভিজাত্যের কারণেও বিখ্যাত। লেকটি ঘিরে রয়েছে অনেকগুলো বাসা-বাড়ি। আছে অনেক প্রাসাদ ও ভিলাও।
রোমান সাম্রাজ্যের সময় থেকেই সেখানকার অভিজাতরা এই লেকের তীরে বাড়ি বানানো শুরু করেছিল। অবকাশকালীন আবাস। এখনও এই লেকের তীরে অনেক বিখ্যাত ব্যক্তিদের তেমনই বাড়ি আছে। বাড়ি আছে ম্যাথু বেলামির, ম্যাডোনার, জর্জ ক্লুনির, রোনালদিনহোর, সিলভেস্টার স্ট্যালোনের, জুলিয়ান লেননের, আছে এমনি আরও অনেকের।
সবশেষে বাংলাদেশের একটি লেক। বাংলাদেশ যেমন ভীষণ সুন্দর, বাংলাদেশের এই লেকটিও তেমনি, ভীষণ সুন্দর। আর বাংলাদেশের লেকের গল্প বলার সবচেয়ে বড় সুবিধা হল, এই লেকের গল্প শুনে অনেকে সহজেই লেকটিতে ঘুরতে যেতে পারবে। বাকি লেকগুলোতে ঘুরতে যাওয়া তো আর চাট্টিখানি কথা নয়, লেকে যাওয়ার আগে তো যেতে হবে আরেক দেশে!
এই বিরিশিরি লেক অবস্থিত নেত্রকোণা জেলায়। ময়মনসিংহ থেকে মাত্র ৩৫-৩৬ কিমি দূরে। সৌন্দর্যের জন্য এই লেকটির খ্যাতিও নিতান্ত কম নয়।
