লেভ তলস্তয়-এর গল্প
লেভ তলস্তয় ছোটদের জন্য অনেক গল্প লিখেছেন। নিয়মিত প্রকাশ হবে। গল্পগুলো মজার, অথচ শিক্ষণীয়।
তিতির ও শেয়াল
গাছে বসে ছিল এক তিতির। শেয়াল তার কাছে এসে বলল, “নমস্কার তিতিরভাই, তোমার মধুর গলা শুনে আমি এলাম তোমার সঙ্গে দেখা করতে।”
তিতির বলল, “ধন্যবাদ!”
শেয়াল শুনতে না পাওয়ার ভান করে বলল, “কী বলছ আমি শুনতে পাচ্ছি না। তুমি এই ঘাসের মধ্যে নেমে এস না কেন, একটু বেড়িয়ে নাও, আমার সঙ্গে কথা বল, ওখান থেকে আমি তোমার কথা কিছুই শুনতে পাচ্ছি না।”
তিতির বলল, “ঘাসের মধ্যে নামতে আমি ভয় পাচ্ছি। আমাদের পাখিদের কাছে মাটিটা তত নিরাপদ নয়।”
“নাকি তুমি আমাকে ভয় পাচ্ছ?” বলল শেয়াল।
“ঠিক তোমাকে নয়, তবে এমন অন্য জীবকে ভয় পাই সত্যিই,” বলল তিতির। “জানই তো কত রকম জানোয়ারই না আছে।”
‘নাহে বন্ধু তিতির, নতুন আইন জারি হয়েছে, যার ফলে সকলেই সবখানে এখন নিরাপদে থাকতে পারে। সেই জন্যই প্রাণীদের এখন আর কাউকে ভয় করার দরকার নেই।”
“এটা বেশ ভালো কথা,” বলল তিতির। “ঐ একদল কুকুর আসছে, তোমাকে এখন আর ভয় পেয়ে আগের মতো ছুটে পালাতে হবে না।”
কুকুরদের কথা শুনে শেয়াল তার কান খাড়া করে পালাতে চাইল।
“কোথায় চললে?” বলল তিতির। “আইন বলে কুকুরদের এখন সাধ্য নেই তোমাকে স্পর্শ করে।”
“কে জানে।” বলল শেয়াল। “বোধ হয় এখনও তারা আইনের কথা শোনেনি।”
এই বলে পালিয়ে গেল।
এক ক্ষুধার্ত শীর্ণ নেকড়ে গ্রামের আশপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ এক মোটাসোটা কুকুরকে দেখতে পেল। নেকড়ে কুকুরকে জিজ্ঞাসা করল, “বল তো তোমরা কোথা থেকে খাবার জোগাড় কর?”
কুকুর বলল, “লোকে আমাদের খেতে দেয়।”
“এটা ঠিক যে তোমরা তাদের জন্য কঠিন পরিশ্রম কর?”
“না, আমাদের কাজটা তত কঠিন নয়,” বলল কুকুর। “আমাদের কাজ হল রাতে বাড়ি পাহারা দেওয়া।”
“কেবলমাত্র এই জন্যই তারা তোমাদের খেতে দেয়?” জিজ্ঞাসা করল নেকড়ে। “আমি তাহলে এই কাজের জন্য এখনই রাজি, কারণ আমাদের নেকড়েদের পক্ষে খাবার জোগাড় করাটা কঠিন ব্যাপার।”
“ঠিক আছে, তাহলে আমাদের সঙ্গে এস। আমার প্রভু তোমাকেও খাওয়াবে।” বলল কুকুর।
নেকড়ে খুশি হয়ে মানুষের কাজ করার জন্য কুকুরের সঙ্গে চলল। প্রায় ফটকের কাছাকাছি এসে সে কুকুরের গলায় দাগ দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, “এটা তোমার কিসের দাগ?”
“ও কিছু নয়।”
“তার মানে কী?”
“এটা শিকলের দাগ। দিনের বেলায় আমি শিকলে বাঁধা থাকি। শিকলের ঘষায় খানিকটা লোম চটে গেছে।”
“তাহলে বিদায়, ভাই কুকুর। আমি আর লোকের সঙ্গে বাস করতে চাই না। স্বাধীনতা হারিয়ে বেঁচে থাকার চেয়ে অনাহারে থাকা ঢের ভালো।”
একদল জেলে নৌকোতে করে চলেছিল। এমন সময় উঠল ভীষণ তুফান। তারা খুব ভয় পেয়ে বৈঠা ফেলে ভগবানের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে লাগল। নৌকো তখন নদীতে তীর থেকে অনেক দূরে ভেসে যেতে লাগল। তখন একজন বৃদ্ধ জেলে বলল, “কেন তোমরা দাঁড় ফেলে দিলে? আর ভগবানকে ডাকছ সাহায্যের জন্য! ভগবান সাহায্য করেন তাদেরই, যারা নিজেদের সাহায্য করে।”
এক ইঁদুর ঘরের মেঝে খুঁড়ে এক গর্ত তৈরি করল। এই গর্তের ভেতরে ঢুকে সে অনেক খাবার দেখতে পেল। লোভী ইঁদুর এত বেশি খেল যে তার পেট ফুলে জয়ঢাক। এদিকে রাত শেষে দিন শুরু। ইঁদুর চাইল তার নিজের গর্তে ঢুকতে, কিন্তু ভুঁড়িটা তার এতই বড় হয়েছে যে ঐ গর্তে সে কিছুতেই আর ঢুকতে পারল না।
এক ইঁদুর চলল ব্যাঙের কাছে। ব্যাঙের সঙ্গে তার দেখা হল জলের ধারে। মহাসমাদরে ব্যাঙ জলের নিচে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাল তাকে। ইঁদুর যেতে গেল সেখানে। কিন্তু গভীর জলে হাবুডুবু খেয়ে কোনোক্রমে নিজেকে বাঁচাতে পারল সে।
“ভবিষ্যতে আর কখনও অচেনা লোকের অতিথি হব না।” বলল সে।
একদা এক ব্যাঙ ও ইঁদুরের মধ্যে খুব জোর ঝগড়া শুরু হল। ঢিপিতে উঠে তারা নিজেদের লড়াই শুরু করে দিল। বাজাপাখি দেখল এই অবস্থায় তারা তাকে একেবারে ভুলে গেছে। সে নিচে ঝাঁপিয়ে পড়ে দুজনকেই তুলে নিল একসঙ্গে।
