প্রফুল্লচন্দ্রের মজার খবর
বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় তখন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক। ক্লাস নিচ্ছেন রসায়নের, কিন্তু ছাত্ররা রসায়নে যারপরনাই খারাপ করেই চলেছে।
সব দেখেশুনে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ এইচআর জেমস তলব করলেন প্রফুল্লচন্দ্র রায়কে। বললেন, “আপনি যে বিষয়টি পড়ান সেটাতে ছাত্ররা ফল খারাপ করছে। কেন তারা ফেল করছে?”
প্রফুল্লচন্দ্র রায় সোজা জবাব দিলেন, “কারণ আমি ক্লাসে ওদের রসায়ন পড়াই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পড়াই না!”
প্রফুল্লচন্দ্র রায় ছিলেন বহুমুখী প্রতিভার প্রতীক। রাজনীতি, সমাজনীতি এমনকি সাহিত্যজগতেও তার বিচরণ ছিল বেশ। এই বিজ্ঞানীর সাহিত্যচর্চা কেমন ছিল, তা রবীন্দ্রনাথের কথায় স্পষ্ট ধরা পড়ে। প্রফুল্লচন্দ্রকে কবিগুরু লিখেছেন, “...এমনকি ভাবচি, শ্রদ্ধানন্দের মতো শুদ্ধির কাজে লাগব, যেসব জন্ম-সাহিত্যিক গোলমালের মধ্যে ল্যাবরেটরির মধ্যে ঢুকে পড়ে, জাত খুইয়ে বৈজ্ঞানিকের হাটে হারিয়ে গিয়েছেন তাদের ফের জাতে তুলব। আমার এক একবার সন্দেহ হয় আপনিও বা সেই দলের একজন হবেন।”
কৃপণ বিজ্ঞানী
বিজ্ঞান কলেজের একটি ঘরে আচার্য প্রফুল্লচন্দ্র রায় থাকতেন। সেই ঘরেই তিনি আশ্রয় দিয়েছিলেন বেশকিছু দুস্থ ছাত্রকে। তারা একসঙ্গে থাকত। তাদের মধ্যে একজন হত ম্যানেজার; যে সবকিছু নজরদারি করত। প্রফুল্লচন্দ্র ছিলেন অত্যন্ত মিতব্যয়ী। নিজের জন্য তার রোজ সকালের খাবার হিসেবে বরাদ্দ ছিল এক পয়সার দুটো চাঁপাকলা। তার নিজের তেমন কোনো ব্যবহার্য জিনিসও ছিল না। একদিন তার ম্যানেজার নদীয়া বাবু গেলেন বাজারে। হঠাৎ দুটো চাঁপাকলা দেখে তার কিনতে মন চাইল। তিনি কিনলেনও।
খেতে খেতে আচার্য বললেন, “খুব ভালো কলা তো রে! দাম কত নিল?”
নদীয়া বাবু বললেন, “তিন পয়সা।”
প্রফুল্লচন্দ্র তো রেগেমেগে অস্থির, “নবাবি করতে শিখেছ, আমাকে পথে বসাবে।”
নদীয়া বাবুর বেশ মন খারাপ হল। কিছুক্ষণ পরই ড. প্রফুল্লচন্দ্র ঘোষ এলেন প্রফুল্লচন্দ্র রায়ের সঙ্গে দেখা করতে। ড. ঘোষ বললেন যে তার কিছু টাকা দরকার। বিজ্ঞানী জানতে চাইলেন, “কত?”
শুনে নদীয়া বাবুকে তলব করলেন, “দ্যাখ তো, কত টাকা আছে?”
“তিন হাজার পাঁচশো টাকা।”
“চেকবই নিয়ে আয়। লেখ তিন হাজার টাকা।”
লেখা হলে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র চেক সই করে দিলেন ড. ঘোষকে। মিতব্যয়ী গুরুকে এত উদার হতে দেখে অবাক তাকিয়ে রইলেন নদীয়া বাবু।
কলকাতা থেকে ঢাকায় এলে প্রফুল্লচন্দ্র উঠতেন তার ছাত্র অধ্যাপক ড. জ্ঞানচন্দ্র ঘোষের বাংলোয়। বাংলোয় বেশ বড় একটা বাগান ছিল। কিন্তু তাতেও মন ভরত না এই বিজ্ঞানীর। মনের প্রফুল্লতার জন্য প্রফুল্লচন্দ্র চলে যেতেন রমনার মাঠে। তার নিজের ভাষায়, “বড় আকাশ না হলে আমার মন ভরে না।”
নাইট্রাইটের ওস্তাদ
প্রেসিডেন্সির ল্যাবে প্রফুল্লচন্দ্র আবিষ্কার করলেন মারকিউরাস নাইট্রাইট। সাফল্যগাথা ছাপা হয়েছিল বিখ্যাত নেচার সাময়িকীতেও। প্রফুল্লচন্দ্রের ভাষায় ‘বৈজ্ঞানিক কর্মী’ জিতেন্দ্রনাথ গুরু সম্পর্কে স্মৃতিচারণ করে বলেছেন, “যেদিন আমার হাতে মিথাইল অ্যামোনিয়াম নাইট্রাইট ক্রিস্টালাইজ করল, সেদিন তিনি ছোট ছেলের মতো আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলেন।”
এমনি করে অ্যামাইন নাইট্রাইট আর হাইপোনাইট্রাইট নিয়েও গবেষণা করেছেন প্রফুল্লচন্দ্র রায়। তৎকালীন এক অধ্যাপক আর্মস্ট্রং তো বলেছিলেন, “যেভাবে আপনি নিজেকে নাইট্রাইটের ওস্তাদে পরিণত করেছেন তা খুবই কৌতূহলোদ্দীপক।”
