২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথের কুঠিবাড়ি

তোমরা অনেকেই জানো, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার জমিদার ছিল। কিন্তু এটা জানো কি, তাদের জমিদারির বেশ বড় একটা অংশ আমাদের দেশেরই শিলাইদহ নামে একটা গ্রামে ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আশরাফুল ইসলাম সাগর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 07:01 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

আর সেই জমিদারি দেখভাল করার জন্য রবিবাবুও প্রায় এক যুগ সেখানে বিভিন্ন সময় ধরে অবস্থান করেছেন। আজকে চলো, তোমাদের সেই কুঠিবাড়ির কথা শোনাই।

কুষ্টিয়ার একটা উপজেলার নাম কুমারখালী। আর সেই উপজেলার একটা গ্রামের নাম হল শিলাইদহ। পদ্মানদীর দক্ষিণ কোল ঘেঁষে এই গ্রামটি। আগে কিন্তু গ্রামটির নাম ছিল খোরশেদপুর। রবিঠাকুরের দাদা, দ্বারকানাথ ঠাকুর ১৮০৭ সালে এই জমিদারি হাতে পান। বাড়ির বড়রা জমিদারি নজরদারি করতে আসতেন সময়ে সময়ে। রবীন্দ্রনাথকেও আসতে হল ১৮৮৯ সালে।

এখানে তিনি ১৯০১ সাল পর্যন্ত ছিলেন। জমিদারি দেখার ফাঁকে ফাঁকে পদ্মার বুকে ভেসে বেড়াতেন তার বজরা নিয়ে। এ সময়ের মধ্যে তিনি অনেক গুরুত্বপূর্ণ রচনা লেখেন। যেগুলাকে তোমরা ‘মাস্টারপিস’ বলতে পার। এই যেমন, সোনার তরী, চিত্রা, চৈতালী, কণিষ্ক। তারপর ধর, নৈবেদ্য আর খেয়া কাব্যমালার বেশিরভাগ কবিতাই কবি লিখেছেন এই শিলাইদহে।

এই শিলাইদহে কিন্তু সে সময়ের অনেক বিখ্যাত ব্যক্তিও রবিবাবুর সান্নিধ্যে এসেছেন। কারা কারা নিয়মিত দেখা করতেন জানো? বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী, মোহিতলাল মজুমদার প্রমুখ বিখ্যাত ব্যক্তির সে সময় নিত্য যাতায়াত ছিল তাঁর কাছে।

রবিঠাকুর ১৯১২ সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করা শুরু করেন এই শিলাইদহে বসেই। জানো নিশ্চয়ই, এই গীতাঞ্জলি-ই রবি ঠাকুরকে নোবেল পুরস্কার এনে দেয় ১৯১৩ সালে। তাহলেই বোঝ, শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে কেমন প্রভাব ফেলেছিল! আর প্রভাবটা যে আসলেই খুব বেশি ছিল, সেটা তার ‘ছিন্ন পত্রাবলী’র মধ্যে তিনি লিখেও গেছেন। আর একটু বড় হলে তোমরা ওটা পড়ে দেখবে।

আচ্ছা, এই শিলাইদহে রবিঠাকুরের বাড়িটা দেখতে কেমন ছিল, জানতে মন চাইছে? তাহলে শোনো; এটা একটা বাংলো টাইপের বাড়ি। তবে কিনা ৩ তলা পর্যন্ত লম্বা। ইট-কাঠ আর টিন দিয়ে বানানো এই বাংলো কিন্তু অবিকল আগের মতোই আছে। কুষ্টিয়া গেলে তোমরা অবশ্যই এই কুঠিবাড়ি দেখে আসবে। এই বাড়িটা ছাড়াও আরও কী কী আছে, জানো? প্রায় ১১ একর জায়গার উপরে আছে আম-কাঁঠাল আর নানা জাতের ফলের গাছের বাগান। বিশাল বড় এক ফুলের বাগান। আরও আছে বেশ বড়সড় ২টি পুকুর। যখন এই কুঠিবাড়িতে তোমরা বেড়াতে যাবে, তখন এই পুকুরে নৌকাও বাইতে পারবে। আর রবিঠাকুরের ব্যবহৃত নানা জিনিস তো দেখবেই। কোন টেবিলে বসে তিনি লিখতেন, কোন পালঙ্কে ঘুমাতেন। এমনকি কোন থালায় তিনি খাবার খেতেন, তাও দেখতে পাবে এখানে।

তাহলে আর দেরি কেন, এই গরমের ছুটিতেই প্ল্যান করে ফেল, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ভ্রমণের। দেখে আসো সেই অতীত ঐতিহ্যে ভরপুর শিলাইদহ।