ছোট্টপাখি ফুলঝুরি
বাংলাদেশের প্রায় প্রতিটি এলাকাতেই আছে ফুলঝুরি পাখি। কিন্তু কয়জন দেখেছে তাকে? এই ফুলঝুরিকে দেখা অত সহজ ব্যাপার নয়। কারণ গাছের তলায় দাঁড়িয়ে তাকে দেখা মুশকিল। সে কারণে ওর পরিচয়ও জানে না অনেকেই। তবে পাখি পর্যবেক্ষণে যারা জড়িত তারা ঠিকই চেনে বাংলাদেশের সবচেয়ে ছোট এই পাখিটিকে।
এ পাখি অত্যন্ত লাজুক ও ভিতু স্বভাবের হয়ে থাকে। তবে এরা যথেষ্ট সাবধানী ও চতুরও হয়। আড়ালে আড়ালে উড়ে বেড়ায়, আড়ালে বসে গান গায়। জনসমক্ষে আসে না। সে জন্য এদের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। এরা অন্যান্য ছোট পাখি, যেমন-- মৌটুসি, নীলটুনি বা আমেরিকার হামিংবার্ডের মতো আকাশে স্থির থেকে উড়তে পারে না, তবে চেষ্টা করে। ছোট্ট এই পাখিগুলো চমৎকার ভঙ্গিমায় ওড়ে। বন ও বাগানের উপর দিয়ে উড়তে পছন্দ করে। মিষ্টি স্বরে গান গায়, তবে গলার স্বর খুব জোরালো নয়।
গত নব্বইয়ের দশকের প্রথমদিকে আমার ক্যামেরার ফ্রেমে ধরা পড়ল সে। এর আগে বহুবার দেখেছি, কিন্তু নাম জানতাম না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তোলা ছবিটা পাখি পর্যবেক্ষক শরীফ খান দেখলেন। তার কাছেই ‘ফুলঝুরি’ নামটা প্রথম শুনলাম। এরা ফুলচুষি বা ফুলচুষকি নামে আমার কাছে পরিচিত ছিল। এর অনেক পরে আরও একটা নাম পেলাম পক্ষিতত্ত¡বিদ প্রদ্যুতকুমার সেনগুপ্তের লেখা বইয়ে। তিনি এর নাম দিলেন ‘পরাগপাখি’। পাখি বিশেষজ্ঞ অজয় হোমও এই নাম ব্যবহার করেছেন। অজয় হোম তার লেখা বইয়ে উল্লেখ করেছেন, “এর আগে এই পাখির কোনো বাংলা নাম ছিল না।”
Nectariniidae গোত্রাধীন এই পাখির নাম তো অনেকেই জানে না। বাংলাদেশে ফুলঝুরির ৭টি প্রজাতির মধ্যে মেটেঠোঁট ফুলঝুরি (Tickell`s Flowerpecker) ও লালপিঠ ফুলঝুরি (Scarlet-backed Flowerpecker) প্রজাতি দুটিই বেশি চোখে পড়ে। প্রায়শ উজ্জ্বল রংধারী ক্ষুদ্র গায়কপাখি।
শুধু বাংলাদেশে নয়, পুরো এশিয়া এবং ইউরোপে এর চেয়ে ছোট কোনো পাখি নেই। লম্বায় মাত্র আট সেন্টিমিটার। ওজন ৬.৩ গ্রাম। ডানা ৪.৮ সেমি, ঠোঁট ১.২ সেমি, পা ১.২ সেমি ও লেজ ২.৪ সেমি। এদের দীর্ঘ সুচালো ডানা, খাটো ও মোটা পুচ্ছ এবং খাটো মোচাকৃতি ঠোঁট রয়েছে। ফুলঝুরিদের কয়েক প্রজাতির পালক ফ্যাকাশে কিন্তু অনেক প্রজাতির পুরুষ পাখির রং হয় উজ্জ্বল। প্রায়শ পালকের নানা জায়গায় থাকে গাঢ় লাল ও চকচকে নীল কালো রং। ছেলেমেয়ে দুটির গড়ন এবং রং একই রকম। এ জন্য আলাদা করে চেনা যায় না। উপরের পালক সবুজাভ ধূসর। মাথার উপরের পালকের মাঝখানে এবং ডানার নিচের অংশ পাটকিলে। মাথার দুপাশে সাদা ছোপ। ঠোঁট সামান্য বাঁকানো। পা এবং আঙুল সীসে মিশ্রিত নীল।
ফুলঝুরি মিশ্র চিরহরিৎ বনাঞ্চল, সুন্দরবনের গরান বনাঞ্চল এবং দেশের দক্ষিণ-পূর্ব বনাঞ্চলে বিস্তৃত। বাংলাদেশের প্রায় সব এলাকাতেই ফুলঝুরি আছে। ওরা থাকে পাতাঝরা বন, আবাদি বন, ঘেরা ফলের বাগান, কুঞ্জবন বা প্যারাবনে। ওদের প্রধানত পছন্দের খাবার-পরজীবী গাছের রসালো ফল। যেখানে আছে ফলের বাগান, বনভূমি কিংবা গ্রামীণ লোকালয়ের ধারেকাছে গাছগাছড়া, সেখানেই দেখা যায় ফুলঝুরিদের। একে তো ছোট, তার উপর গাছের মাথায় ঘোরাঘুরি করে বলে খুব একটা চোখে পড়ে না। কিন্তু একগাছ থেকে অন্যগাছে যখন উড়ে যায়, তখনই বেশি চোখে পড়ে। ওড়ার সময় ডানা একবার খোলে, একবার বন্ধ করে। বাতাসে ঢেউ তুলে তুলে ওড়ে তারা। ওড়ার গতিও বেশ দ্রুত।
মেটেঠোঁট ফুলঝুরির প্রধান খাবার পাকা ফল। যেমন-- সফেদা, আতা, কলা, পেঁপে, পেয়ারা এমনকি বেল। খায় হাভাতের মতো। ফল খেতে খেতে ফলের ভেতর ঢুকে যায়। বাইরে থেকে বোঝা যায় না যে ভেতরে বসে ফল খাচ্ছে। অথচ ফলটি নড়ছে। এদের ঠোঁটের এমন কোনো শক্তি নেই যে সামান্য আধা পাকা ফলও ছিদ্র করে। কিন্তু অন্যের ছিদ্র করা ফল দখল নেওয়ার যোগ্যতা আছে ভালোই। ছোট ছোট ফলের উপরে বসে বা ঝুলেও ফল খেতে দেখা যায়। খোসা ছাড়িয়ে পাকা লিচু খায় শৈল্পিক ভঙ্গিতে। এরা অনেক সময় মধুও পান করে। অন্যদিকে লালচে ফুলঝুরিগুলো ফুলের মধুই বেশি পছন্দ করে। তাছাড়া কীটপতঙ্গ, মাকড়সাও খায়। আমগাছে এবং লিচুগাছে কুঁড়ি এলে ওরা হামলে পড়ে দলে দলে। বাঁকানো ঠোঁটের জলপাই-রঙা ছোট্ট পাখি ফুলঝুরিরা খুবই চঞ্চল। অনেকটা স্ত্রী-নীলটুনির মতো দেখতে। তবে ঠোঁট আরও ছোট এবং লাল রংয়ের। পরগাছাজাতীয় উদ্ভিদ, যা অন্য গাছের জন্য ক্ষতিকর, এমন গাছের প্রতি তাদের আকর্ষণ বেশি। ওইসব গাছের ফলই এরা বেশি খায়। বিভিন্ন পরগাছার ফুল থেকে মধু খেতে গিয়ে ফুলঝুরিরা ওইসব গাছে নতুন করে পরাগায়ন ঘটিয়ে থাকে। পরগাছার ছোট ছোট ফল তারা আস্ত গিলে খেয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে চলে যায় অন্য গাছে। সেখানে বসে বিষ্ঠার সঙ্গে বের করে দেয় বিচি। এভাবে দ্রুত একগাছ থেকে অন্যগাছে পরগাছার পরিমাণ বেড়ে যায়।
একটু ঘন গাছগাছালি আছে, এমন বুনো এলাকায় বাসা বানায় তারা। বছরে তিনবার বাচ্চা দেয়। বাসা হয় খুব ছোট। সাধারণত মাটি থেকে ৫ থেকে ১০ মিটার উঁচুতে কোনো একটি গাছের সরু ডালে খুব গোপনে বাসা বাঁধে। সাধারণত স্ত্রী পাখি ৩-৫ দিনে বাসা বানায়। মৌটুসিদের বাসার মতো তাদের বাসাও রাজহাঁসের ডিমের আকারের। তফাৎটা হচ্ছে-- মোটুসিদের বাসার বাইরে নানা আবর্জনা থাকে, ফুলঝুরির বাসা বেশ পরিচ্ছন্ন। নরম এবং রঙিন তন্তু দিয়ে হয়তো বাসা বানায়। এ কারণেই হতে পারে, তাদের বাসাগুলো একটু গোলাপি কিংবা বাদামি রংয়ের হয়। আর বাসার বুনুনি মখমলের মতো নরম। সেই রঙিন বাড়ির নরম কামরায় ২টি ডিম পারে স্ত্রী-ফুলঝুরি। ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে তাদের ঘরগেরস্থালি শুরু শেষ হয়। স্ত্রী-পুরুষ একে অপরকে সহযোগিতা করে সংসার জীবনে। ডিমের রং ঘোলাটে সাদা। ডিম থেকে বাচ্চা ফোটে ১৩-১৫ দিনে। ফোটার পর মা-বাবা উভয়েই বাচ্চাদের খাওয়ায় ও যত্ন নেয়। বাচ্চারা উড়তে শেখে ১৩-১৪ দিনে। ২২-২৪ দিন বয়সে ছোট্ট পাখিগুলো বাবা-মায়ের কাছ আলাদা হয়ে যায়।
দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ফুলঝুরি পাখির ৫৫টি প্রজাতি ছড়িয়ে আছে। বাংলাদেশে একটি পরিযায়ীসহ ৭ প্রজাতির ফুলঝুরি সনাক্ত করা হয়েছে। যেমন--
১. Thick-billed Flowerpecker (Dicaeum agile)
২. Yellow-vented Flowerpecker (Dicaeum chrysorrheum)
৩. Plain-coloured Flowerpecker (Dicaeum concolor)
৪. Scarlet-backed Flowerpecker (Dicaeum cruentatum)
৫. Tickell`s Flowerpecker (Dicaeum erythrorynchos)
৬. Orange-bellied Flowerpecker (Dicaeum trigonostigma)
৭. Yellow-bellied Flowerpecker (Dicaeum melanoxanthum)
শেষোক্ত প্রজাতিটি পরিযায়ী। বাংলাদেশে ফুলঝুরির ৭টি প্রজাতির মধ্যে মেটেঠোঁট ফুলঝুরি ও লালপিঠ ফুলঝুরি (Scarlet-backed Flowerpecker) দেশের সব এলাকায় দেখা যায়।
