২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে দুটি ছড়া

১০ জানুয়ারি অজয় দাশগুপ্তের ৫৫তম জন্মদিন। আজ প্রকাশিত হল এই গুণী ছড়াকারের আনকোরা দুটি ছড়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2014, 05:50 PM

Updated : 01 Sep 2026, 06:00 PM

বাইরে এসো

ফুল ফুটেছে ওই, চাঁদ উঠেছে ওই

কিরণ-ধোয়া খোকা খুকু তোমরা সবাই কই?

আকাশ আছে ওই, বাতাস আছে ওই

তোমার আছে পড়ার মতো হাজার হাজার বই

তবু তুমি মুখ লুকিয়ে কেন ঘরের কোণে?

নীল  পর্দায় চোখ ডুবিয়ে ঢোকাচ্ছ কী মনে?

বাইরে এসো খোলা হাওয়ায় মন জুড়িয়ে যাও

দেশ বিদেশে দাও পাঠিয়ে হৃদপবনের নাও।

চাঁদ বলছে ফুল বলছে বলছে পাখি ওই

বাইরে এসো তোমার আশায় আমরা জেগে রই।

স্বপ্ন

আকাশকে ছোঁয় হাত দিয়ে

দিনকে জড়ায় রাত দিয়ে

রাতকে হীরের পাত দিয়ে

কেমন করে? নেই প্রয়োজন তর্কের

মনে যখন ডানা গজায় সোনার ছেলে অর্কের।

তখন কি আর রুখতে কেউ আর পারে?

ঠিক ভেসে যায় মেঘের মতো ইথারে ইথারে।