২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নবাজ

ছেলেবেলা থেকে একটু একটু করে দূরে সরতে থাকা, একটু একটু করে বেড়ে উঠতে থাকা মেয়েটির মনে হঠাৎ একদিন প্রশ্ন জাগল— কেন কিছু কিছু মানুষ অন্য সবার চাইতে আলাদা? কী করলে আর সকলের থেকে আলাদা হওয়া যায়?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 06:27 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ছোট্টবেলা থেকে ঘরকুনো আর চুপচাপ স্বভাবের মেয়েটির এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন মানুষ তখন তার চারপাশে ছিল না। এমনিতেই মেয়েদের সঙ্গে তেমন একটা মেশা হয় না তার। ছেলেদের সঙ্গে তো আরও ভাব জমে না। কিন্তু তা হলে কী করে হবে? এই এত বড় প্রশ্নের উত্তর সে জানবে কী করে? বাবা-মাকে বলবে?

কিন্তু সেটাও তো সম্ভব না। সেই ছোট্টবেলা থেকেই মায়ের সঙ্গে তার বন্ধুত্ব একটু কমই। আর বাবা? বাবা অবশ্য তার খুব ভালো বন্ধু। কিন্তু দাদার হোমস্টেডটা বিক্রি করে এই নতুন বাড়িতে ওঠার পর থেকে সংসার চালাতেই বাবাকে উদয়াস্ত ঘাম ঝরাতে হচ্ছে। নাহ, বাবাকেও করা যাবে না প্রশ্নটা।

কিন্তু তাহলে? ছোট বোন এলভিনকে বলবে? বেশি তো না, তিন বছরেরই ছোট এলভিন ওর থেকে। নিশ্চয়ই বুঝবে ও। কিন্তু পরে যদি হাসাহাসি করে? সাত-পাঁচ ভেবেচিন্তে অবশেষে একটা উপায় বের করল মেয়েটি— বন্ধু বানাতে হবে।

আর ঘরের কোণে বসে থাকলে হবে না। স্কুলের সহপাঠিদের সঙ্গে যেচে মিশতে শুরু করল সে। খুব যে একটা লাভ হল, তা নয়। তবে কিছু বন্ধু তার জুটে গেল। মেয়েবন্ধু আবিয়া রুট, এ্যাবি উট, সুশান গিলবার্ট, এ্যামিলি ফ্লাওয়ার ছাড়াও খুব ভালো বন্ধু হয়ে গেল কিছু ছেলেও।

ওর বন্ধুরা কি ওকে ওর প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করেছিল? কে জানে! তবে উত্তরটা কারও কাছ থেকে একদিন বুঝি ও পেয়েই গিয়েছিল। আর সে জন্যই হাতে তুলে নিয়েছিল খাতা-কলম। লিখতে শুরু করেছিল মনের কথাগুলো।

মনের আনন্দে প্রাণের ছন্দে লিখেই চলছিল সে। পৃষ্ঠার পর পৃষ্ঠা। কোনো কারণ ছাড়াই। কিন্তু হঠাৎ করেই খুব কাছের বন্ধু, সম্পর্কে কাজিন সোফিয়া হল্যান্ডের মৃত্যু নাড়িয়ে দিল সদ্য কৈশোরে পা ফেলা মেয়েটিকে। আনন্দের ছন্দের সঙ্গে এবার মিশে গেল কষ্টের সুর। সাদা কাগজের লেখাগুলো আর লেখা থাকল না। একেকটা অমূল্য রত্নে পরিণত হতে লাগল।

সেদিকে অবশ্য কোনো খেয়ালই ছিল না কিশোরীর। নিজের চিন্তা, নিজের ভেতরের আদর্শের ভাঙচুর নিয়ে আপন নিয়মে বাড়তে থাকল সে।

চার্চ একদমই পছন্দ ছিল না তার। ধর্মের পুনর্জাগরণের সময় ছিল সেটা। পরিবারের আর সবাই যখন চার্চে যেত, মেয়েটি বসে বসে কেবল লিখত।

এরপর এল তারুণ্য। পুরোটা লাবণ্য নিয়ে। সঙ্গে নিয়ে এল বন্ধু বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নিউটনকেও। হঠাৎ আসা ঝড়ের মতনই ছিল নিউটন। ঘরকুনো মেয়েটির ছোট্ট জীবনে তার প্রভাব ছিল ভীষণ। বেঞ্জামিনের ছোঁয়ায় মেয়েটির কবিতাগুলো আরও প্রাণবন্ত রূপ নিচ্ছিল দিনকে দিন।

কিন্তু একদিন বেঞ্জামিনও চলে গেল। পরিবারের সবচাইতে আদরের ছোট বোনটাও একদিন হঠাৎ করেই চলে গেল না-ফেরার দেশে। আর এই একেকটা চলে-যাওয়া মেয়েটিকে উৎসাহিত করছিল কবিতাকে আরও বেশি ভালোবাসতে। এরপর আর যতদিন বেঁচে ছিল মেয়েটা, কবিতাকে ভালোবেসেই বেঁচে ছিল।

১৮৩০ সালের ১০ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের আর্মহাস্টে জন্ম নেওয়া আর প্রতিনিয়ত বড়-হওয়ার স্বপ্ন দেখা এই মেয়েটির নাম এমিলি ডিকিনসন। বিখ্যাত মার্কিন কবি। জীবদ্দশাতে ছাপা হওয়া তার কবিতার সংখ্যা হাতে গোনা, ডজন খানেক হবে বড়জোর। তিনি আসলে কবিতা ছাপতেনই না। মৃত্যুর পর ছোটবোন এলিভিয়া ডিকিনসন হঠাৎ করেই খুঁজে পান বড়বোনের লেখা কবিতার ভাণ্ডার— প্রায় ১৮০০ কবিতা।

বড়কবি হিসেবে প্রতিষ্ঠা পেতে অবশ্য আরও সময় লাগে। বিংশ শতকের মাঝামাঝি সময় থেকেই তিনি মার্কিন কাব্যসাহিত্যের অন্যতম কবি হিসেবে স্বীকৃত।