২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়াইয়ের রূপকথা: হাঙররাজা

এক ছিল হাঙররাজা। সে সমুদ্রে সাঁতার কাটতে খুব ভালোবাসত। সাঁতার কাটতে কাটতে কখনও কখনও চলে যেত চরের একদম কাছে। আর তাই প্রায়ই মানুষের দেখাও সে পেত। কিন্তু এমন সুন্দরী মেয়ে সে কখনও দেখেনি।

দেবাশীষ দেব

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 05:00 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

একবার চাইলে আর পলক পড়ে না চোখের। মেয়েটিকে তো হাঙররাজার ভীষণ পছন্দ হয়ে গেল। কিন্তু তাতে কী! হাঙররাজা তো হাঙর, মানুষ নয়!

তখন হঠাৎ হাঙররাজার মনে পড়ল, সে তো ইচ্ছে করলেই যে কোনো রূপ ধারণ করতে পারে। সে রূপ পরিবর্তন করে সুদর্শন যুবক হয়ে গেল। পরল সুন্দর পোশাক। একদম গ্রামের সরদারের মতো। তারপর চলতে লাগল মেয়েটির পেছন পেছন। হাঁটতে হাঁটতে একেবারে তার গ্রামে চলে গেল। সে যে সাজ-পোশাক পরেছে তা মেয়েটির গ্রামের সরদারের মতো।

গ্রামের মানুষ তো যুবকরূপী হাঙররাজাকে দেখে অবাক। তাকে খুবই সমাদর করল ওরা। ভালো খাবারদাবার দিল। তার সম্মানে রীতিমতো খেলাধুলার বিশাল আয়োজন করে বসল। যুবকরূপী হাঙররাজা নিজেও সব ধরনের খেলাতে অংশ নিল। জিতলও সবগুলোতেই।

যুবকের এমন কৃতিত্ব দেখে সবাই তো আরও খুশি। তাকে নিয়ে হইচই শুরু হয়ে গেল গ্রামে। এই সুযোগে সে সমুদ্রের তীরে দেখা সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিল। মেয়ের বাবা-মাও খুশিমনে রাজি হল। বিয়েও হয়ে গেল খুব ধুমধাম করে।

যুবকরূপী হাঙররাজা স্ত্রীকে নিয়ে এক ঝরনার পাশে বাসা বাঁধল। সুখেই দিন কাটছিল তাদের। হাঙররাজা প্রতিদিন ঝরনার নিচের পুকুরে গিয়ে সাঁতার কাটে। কখনও কখনও পানির নিচে ডুব দিয়ে থাকে অনেকক্ষণ। তখন তার স্ত্রী খুবই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর রাজা আবার ভেসে ওঠে। জিজ্ঞেস করলেই স্ত্রীকে বলত, “ভয় পেও না। আমি পানির নিচে আমাদের সন্তানের জন্য একটি বাসা বানাচ্ছি। সুড়ঙ্গের মতোন। সে সুড়ঙ্গ দিয়ে পুকুর থেকে একেবারে সমুদ্রে চলে যাওয়া যাবে।”

সন্তান হওয়ার আগে রাজা ফিরে গেল তার পানির রাজসমুদ্রে। যাওয়ার আগে রাজা তার স্ত্রীকে তার রাজকীয় কোটটি দিল। শপথ করাল, যাতে পালক শোভিত রাজকীয় কোটটি তার স্ত্রী সব সময় ছেলেকে পরিয়ে রাখে।

যথাসময়ে ওর সন্তানও হল। আর কী আশ্চর্য! মেয়েটি দেখে, তার ছেলের পিঠে হাঙরের মুখের মতো একটা দাগ!

তখনই সে বুঝে গেল, তার স্বামী আসলে কে।

মেয়েটি তার ছেলের নাম রাখল ‘নানাভে’। নানাভে দিন দিন বড় হয়ে উঠতে থাকে। সে প্রতিদিন বাড়ির পাশের পুকুরে সাঁতার কাটে। কখনও কখনও তার মায়ের মনে হয়, পুকুরে যেন হাঙর সাঁতার কাটছে।

জেলেরা যখন মাছ ধরতে রওনা দেয়, তখন নানাভে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকত। তাদের জিজ্ঞেস করত, ওই দিন কোথায় মাছ ধরতে যাবে। জেলেরা নানাভেকে খুবই ভালোবাসত। তারা তাকে বলে দিত, কোন দিন কে কোথায় যাবে। এরপর নানাভে পানিতে ডুব দিয়ে কয়েক ঘণ্টার জন্য অদৃশ্য হয়ে যেত। আসলে সে সব মাছকে তাড়িয়ে দিত অন্য দিকে।

জেলেরা এক সময় আবিষ্কার করল, দিনকে দিন তাদের জালে মাছ পড়া কমে যাচ্ছে। কাজেই গ্রামের মানুষের অভাবও বেড়ে যেতে থাকে দিনদিন।

বিষয়টি নিয়ে আলোচনা করতে গ্রামের সরদার সবাইকে মন্দিরে জমায়েত হতে বলল। সবাই জমায়েত হলে, সরদার সবার উদ্দেশ্যে বলল, “আমাদের মধ্যে একটি দুরাত্মা আছে। সে আমাদের মাছ ধরায় বিঘ্ন ঘটাচ্ছে। তাকে খুঁজে বের করতে হবে।”

সবাই তখন ফিসফাস করতে শুরু করল। কে খুঁজে বের করবে? কীভাবে-ই বা খুঁজে বের করবে?”

সরদার নিজেই সে দায়িত্ব ঘাড়ে নিল, “আমিই খুঁজে বের করব সে দুরাত্মাকে। আর খুঁজে বের করব আমার যাদুবিদ্যা দিয়ে।”

তখন সরদার একটি পাতার বিছানা পাতল। তারপর বলল, “মানুষ পাতার উপর দিয়ে হেঁটে গেলে পাতায় দাগ পড়ে। কিন্তু কোনো দুরাত্মা শয়তান হেঁটে গেলে কোনো দাগ পড়ে না। এখন তোমরা সবাই এই পাতার বিছানার উপর দিয়ে হেঁটে যাবে। আমাদের মধ্যে যে দুরাত্মা শয়তান আছে, তাকে তাহলে চেনা যাবে।”

নানাভের মা এ পরীক্ষার আয়োজনে ভয় পেয়ে গেল। সে জানে, তার ছেলে মানুষের ছেলে নয়। পরীক্ষায় ধরা পড়লে গ্রামবাসী তাকে মেরে ফেলবে। চুপিচুপি ছেলেকে বলল পাতার বিছানা হেঁটে না পার হয়ে, দৌড়ে পার হতে।

ছেলেটিও মায়ের কথা মতো পাতার বিছানা পার হওয়ার সময় জোরে দৌড় দিল। আর কী ভাগ্য! দৌড়াতে গিয়ে পা পিছলে পড়েই গেল। পড়ার সময় কে একজন ওকে ধরতে গেল। আর ধরবি ধর, ধরল নানাভের গায়ের কোটটাই। কোটটিও ওর গা থেকে খুলে এল। ওর পিঠে হাঙরের মুখের যে ছাপ, সেটিও তখন সবাই দেখে ফেলল। বুঝে গেল, নানাভে সাধারণ মানুষ নয়।

লোকজন তখন হৈ হৈ করে নানাভেকে ধরতে গেল। নানাভেও বুঝল, ভীষণ বিপদ। সে এক ছুটে সোজা সাগরপাড়ে। তারপর পানিতে ঝুপ করে ঝাপ দিল। এক ডুবে পগার পার।

ওদিকে মানুষগুলোও হাল ছাড়ল না। এই ছেলের জন্যই তাদের জালে আর মাছ ধরা পড়ছে না, সে কী সোজা অভিযোগ! ওরা পুকুরে একের পর এক পাথর ছুঁড়তে লাগল।

এক সময় পুকুরটি পাথরে পরিপূর্ণ হয়ে গেল। তখন তারা ভাবল, নানাভের মৃত্যু হয়েছে। কতদিন তাদের জালে ঠিক মতো মাছ ধরা পরে না, সেই দুঃখের কথা বলতে বলতে তারা ফিরে আসতে লাগল। মনে তাদের আশার ঝিলিক, কালকে থেকে আবার তাদের জালে আগের মতো ঝাঁকেঝাঁকে মাছ পড়বে।

ওদিকে নানাভের মায়ের সে কী কান্না! একটু পরে, কেঁদে-কেটে একটু সুস্থির হলে, তার মনে পড়ল নানাভের বাবার কথা। নানাভের জন্মেরও আগে, একদিন তাকে বলেছিল-- পানির নিচে তাদের সন্তানের জন্য একটি বাসা বানাচ্ছে সে। সুড়ঙ্গের মতোন। সে সুড়ঙ্গ দিয়ে পুকুর থেকে একেবারে সমুদ্রে চলে যাওয়া যায়।

হ্যাঁ, নানাভে হাঙরের দেশ সমুদ্রে চলে গেছে। সেখানে তার বাবা হাঙররাজার সঙ্গে দেখা হয়েছে তার। সে হাঙরের দেশের যুবরাজ। সেখানে বাবার সঙ্গে বেশ আনন্দেই আছে সে। কেবল মাঝে মাঝে মায়ের জন্য মন কেমন করে। তখন একা একা সাগরে সাঁতরে বেড়ায় সে।

সেই থেকে আবার জেলেদের মাঝেও এক প্রথার প্রচলন হয়ে গেছে। মাছ ধরতে যাওয়ার সময় জিজ্ঞেস করলে, কোনো জেলে কাউকে বলে না কোথায় যাচ্ছে মাছ ধরতে। যদি সে আসলে মানুষ না হয়, যদি হাঙর হয়? আর তারপর সব মাছদের তাড়িয়ে দেয়?