অন্যরকম একটা দিন
রোজ সকালে ঘুম থেকে ওঠা নিয়ে মায়ের সাথে লেগে যায় প্রীতির।
রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজের হাতেই তো ঘড়িতে অ্যালার্ম দেয় সে। স্কুল ফাঁকি দেওয়ার মত মেয়ে মোটেই নয় সে। আর ঘরে একা একা থাকার চাইতে স্কুলে যাওয়াতেই অনেক বেশি আনন্দ প্রীতির। এটা মাও জানে। তারপরও যে কেন রোজ শুধু এমন করে! বোঝে না প্রীতি।
পরশু তার গায়ে বেশ একটু জ্বর ছিল বলে গতকাল তার স্কুলে যাওয়া হয়নি। কাল রাতেই সে ঠিক করে রেখেছিল, আজ জ্বর-জ্বারি যাই-ই থাকুক, স্কুলে সে যাবেই। এটা সে মাকেও বলেছে রাতে শুতে যাওয়ার আগে। সকাল নয়টায় মায়ের অফিসের গাড়ি আসে। আর প্রীতির স্কুলও শুরু হয় নয়টায়। তাই মায়ের আগেই তাকে ঘর ছেড়ে বের হয়ে পড়তে হয় দারোয়ান চাচার সঙ্গে। প্রীতির স্কুল তাদের বাড়ির কাছেই বলতে গেলে। হাঁটা পথে পাঁচ মিনিট। এই কারণেই সময় নিয়ে খুব একটা চিন্তা করে না প্রীতি। আস্তে ধীরে সোয়া আটটা-সাড়ে আটটার মধ্যে গেটের ভেতর ঢুকতে পারলেই হয়। কিন্তু মায়ের জন্য কি উপায় আছে সাতটা সাড়ে সাতটার পর বিছানায় থাকার? হালকা মেজাজ খারাপ নিয়ে বিছানা ছাড়ে প্রীতি। দ্রুত হাতে ব্রাশ-ট্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে তৈরি হয়ে খাবার টেবিলে আসে প্রীতি।
টেবিলে বসে-ই নাক কুঁচকায়। উফ, আবার সেই একই নাস্তা!
মুখ ভোতা করে মুরগির ঝোল দিয়ে একটা পরটা দ্রুত পেটে চালান করে পানি খায় ঢকঢকিয়ে। টেবিল ছেড়ে উঠতে যাবে, পেছন থেকে মা চ্যাঁচায়।
“কি হল? দুধটা কে খাবে?”
এবার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করে প্রীতির। করুণ চোখে মায়ের দিকে তাকায়। “আজকে দুধটা না খেলে হয় না? দুধ খেতে ইচ্ছা করছে না।”
“তা করবে কেন? ভাল জিনিস খাবে কেন? কতবার বলেছি মেয়েদের জন্য রোজ এক-দুই কাপ দুধ খাওয়া আবশ্যক...”
মায়ের লেকচার শুরু হলে আর থামে না। তাড়াতাড়ি একটা হাত উঁচিয়ে মাকে থামতে বলার মত করে নেড়ে, অন্য হাতে দুধের গ্লাস তুলে ঢকঢকিয়ে গেলে। বমি আসতে চায়। তবুও জোর করে দুধটুকু শেষ করে ঠক করে গ্লাসটা রাখে কাঁচের টেবিলে। দেয়ালের বড় ঘড়িটায় চোখ পড়তেই ও দুটো বড় বড় হয়ে যায়। পৌনে আট! দৌড়ে বেসিনে গিয়ে একটু কুলকুচো করে ব্যাগ কাঁধে তুলে চেঁচায়।
“আম্মু আমি গেলাম।”
“আহ, তোমাকে না কতবার বলেছি, ‘গেলাম’ বা ‘যাই’ বলবে না। ‘আসি’ বলবে। এস এখন। সাবধানে যেও।”
প্রীতি থমকে মায়ের উপদেশটুকু শুনে মাথা নেড়ে হাসার চেষ্টা করে। হাসিটা খুব ভাল হয় না। তার মেজাজ আজ সত্যি-ই খারাপ। সিঁড়ি বেয়ে নিচে নামতেই দারোয়ান আমির আলি হাসিমুখে এগিয়ে আসেন।
“কী আম্মা? এতক্ষনে আইলেন? দেরি হইয়া গেল না আইজকা?”
“নাহ, এখনও সময় আছে কিছুটা। আপনি যাবেন?”
“কি কন আম্মা? যামু না? লন লন।”
দুজনে দ্রুত পা চালায়। অন্যদিন প্রীতি রাস্তার লোকজনদের দেখতে দেখতে আস্তে ধীরে হাঁটে। আজকে তাড়া আছে। বৃদ্ধ আমির আলি তার সাথে কুলিয়ে উঠতে পারে না। অনেকটা ছুটতে থাকে অন্ধের মত, প্রীতির পেছন পেছন।
হঠাৎ কারও আর্তচিৎকার শুনে চমকে ওঠে প্রীতি। পেছনে ফিরে হতভম্ব হয়ে যায়। আমির চাচা রাস্তায় পড়ে আছেন। একজন তাকে হাত ধরে টেনে তুলছে, আর পাশে কয়েকজন দাঁত বের করে হাসছে।
আশ্চর্য! একজন বৃদ্ধ মানুষ পড়ে গেছে, এতে এত হাসার কী হল? আমির চাচা উঠে দাড়িয়েই কঁকিয়ে উঠলেন। ভাল চোট পেয়েছেন বোঝা যাচ্ছে। কিন্তু চাচা পড়লেন কী করে? প্রীতির ভাবনাটা শেষ হয় না। পাশ থেকে একজন উপদেশ দেয়, “চাচা, রাস্তাঘাটে একটু দেইখা হাইটেন। কলা-মলার ছোকলায় পা বাজাইয়া পইড়া এই বুইড়া কালে হাড্ডি ভাংবো নাইলে।”
ও-ও-ও, এই তাহলে ঘটনা? প্রীতির মেজাজ খারাপ হয়ে ওঠে।
আশ্চর্য! মানুষ এখনও রাস্তায় কলার ছোকলা ফেলে!
“আম্মা। আপনি একটু কষ্টমষ্ট কইরা বাকিটা যান গিয়া। আমি তো হাঁটতে পারতেছি না।” কাঁচুমাচু স্বরে বলেন আমির চাচা।
“সে না হয় গেলাম। কিন্তু আপনি? আপনি কিভাবে যাবেন?”
“আমারে নিয়া চিন্তা কইরেন না। আমি একমতে যামু গিয়া। আপ্নে দৌর লাগান। আইজকা এম্নেই ম্যালা দেরি হইছে। যান আম্মা, জলদি।”
“আচ্ছা। কিন্তু আপনি সাবধানে যেয়েন।”
আমির চাচাকে পেছনে ফেলে প্রায় দৌড়ে স্কুলে পৌঁছায় প্রীতি। কিন্তু স্কুলের সামনেটা এরকম অদ্ভুত রকমের ফাঁকা কেন? স্কুলের দারোয়ান তার লাঠিতে দুই হাতের ভর দিয়ে বসে বসে পান চিবাচ্ছে। প্রীতিকে ছোট গেটটার দিকে এগোতে দেখে নির্বিকার স্বরে বলে, “কই যাও? আইজ স্কুল বন্দ।”
“বন্ধ মানে? বন্ধ কেন? আজ তো কোনও বিশেষ দিনও না।”
“প্রীতির কথা শুনে হাসেম মিয়া বিরস কন্ঠে ভয়ংকর সংবাদটা দেয়। “কাইল্কা স্কুলের সামনে এক্সিডেন্ট হইছে। একটা পোলা বাসের তলায় চাপা খাইছে। এই নিয়া বিশাল গ্যাঞ্জাম। তাই আইজ ছুটি।”
পুরাই হতভম্ব হয়ে যায় প্রীতি। এর মানে কি? একদিন মাত্র সে স্কুলে আসেনি, আর এর মধ্যে এত কিছু হয়ে গেছে! তার একটা বান্ধবীও ফোন করে কিছু জানাল না তাকে?
প্রীতি এখন কী করবে? এখন তো বাসায় গিয়েও ঢুকতে পারবে না। মা নিশ্চয়ই এতক্ষনে বেরিয়ে গেছে। হাতের কব্জি উলটে ঘড়ি দেখে। নয়টা পাঁচ। দৌড়ে গেলেও মাকে ধরতে পারবে না। যদি পাওয়া যায়? যদি না পাওয়া যায়? দ্বিধায় পড়ে এদিক-ওদিক তাকায় প্রীতি।
প্রীতির মাথায় অনেকগুলো চিন্তা ঘুরপাক খেতে থাকে। হঠাৎ মনে পড়ে পার্কটার কথা। স্কুলের কাছেই একটা পার্ক আছে, এটা সে জানে। কিন্তু কখনও যাওয়া হয়ে ওঠেনি। সেখানে গিয়ে বসলে কেমন হয়? একটু ইতস্তত কওে, শেষ পর্যন্ত পার্কে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে।
পার্কটায় ঢুকেই মন ভাল হয়ে যায় প্রীতির। কি সুন্দর পার্কটা! সবাই বলে ঢাকার সব পার্ক নাকি নোংরা। কিন্তু এই পার্কটা এত সুন্দর হল কীভাবে?
একটা খালি বেঞ্চে পা ঝুলিয়ে বসে প্রীতি। এখন বাজে সোয়া নয়টা। দশটা... এগারটা... বারটা... একটা... দেড়টা... তারপর আড়াইটা। মোট পাঁচ ঘণ্টা তাকে পার্কে বসে থাকতে হবে। একটা গল্পের বই থাকলেও সময়টা ভালো কাটত। কী করা যায় বসে বসে?
হঠাৎ একটা বুদ্ধি আসে মাথায়-- আচ্ছা, গত পরশুর হোমওয়ার্কগুলো করে ফেললে কেমন হয়?
যেই ভাবা সেই কাজ। সঙ্গে সঙ্গে ব্যাগ খুলে বই-খাতা বের করে বসে পড়ে। এখন হোমওয়ার্কটা করে রাখলে দুপুরটা ফ্রি পাওয়া যাবে। আরাম করে গল্পের বই পড়া যাবে। মন্দ কি!
দশটা অংকের দুইটা করেও ফেলে প্রীতি। তিন নম্বরটায় এসে আটকে গেল। বাসায় হলে মা হেল্প করতেন। কিন্তু এখন?
“বাদাম খাইবা?”
প্রীতি চমকে ওঠে! সামনে তাকায়। দেখে, তারই বয়সী একটা ছেলে বাদামের ঝুড়ি হাতে দাঁড়িয়ে আছে।
“এক ঠোঙ্গা দুই টাকা।” ছোট্ট একটা পানের খিলির মত ঠোঙ্গা দেখিয়ে আবার বলে ছেলেটা।
“আচ্ছা, এক ঠোঙ্গা দাও।”
প্রীতির হাতে যত্ন করে বাদাম আর লবন দেয় ছেলেটা। লবন দিতে দিতে আঁড়চোখে প্রীতির বই-খাতা দেখে।
“তুমি কোন কেলাশে পড়?” ছেলেটি আগ্রহ নিয়ে জানতে চায়।
“ক্লাস সেভেনে।”
“আমি এইট পর্যন্ত পড়ছি।” বেশ গর্বের সাথে বলে ছেলেটা।
“‘পড়ছি’ মানে? এখন পড় না?”
“না। আমগো বাড়িঘর নদীতে ভাংছে, তাই ঢাকায় আয়া পড়ছি”, বলতে বলতে ছেলেটা প্রীতির খাতাটা এক হাতে তুলে নেয়। দাঁত বের করে বলে, “এই অংক আমি পারি।”
“সত্যি পার!”
“হ পারি। করমু?”
প্রীতি অবাক হলেও, ছেলেটার আগ্রহ দেখে ভাল লাগে তার। সরে বসে ছেলেটিকে বসার জায়গা করে দেয় বেঞ্চে। ছেলেটা বাদামের ঝুড়ি নিচে রেখে খাতাটা হাতে তুলে নেয়। প্রীতি বাদামের খোসা খুলতে খুলতে বলে, “তোমার নাম কী?”
“মাহাতাব।”
“তুমি এখন বসে বসে আমার অংক করলে তোমার লস হয়ে যাবে না? তোমার বাদাম বেচবে কে?”
“একদিন না বেচলে কিছু হইব না। আর আজকা এম্নেও কুফা লাগছে। কেউ বাদাম কিনে না, তুমি-ই বউনি করলা”, বলে প্রীতির খাতাটার উপরে ঝুঁকে পড়ে মাহাতাব গভীর মনোযোগে।
একটু বসে থেকে হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড করে বসে প্রীতি। মাহাতাবের বাদামের ঝুড়িটা টেনে গলায় ঝুলিয়ে নিয়ে বলে, “আমি তোমার বাদাম বেচি?”
“তুমি বাদাম বেচবা?”
“কেন পারব না?”
কিছু না বলে মাথা নেড়ে হেসে ওঠে মাহাতাব। রাগ উঠে যায় প্রীতির। মাহাতাবকে আর কিছু না বলে একটু সামনের দিকে এগিয়ে যায়। তবে মাহাতাবের চোখের নাগালের ভেতরে থাকে। কিছু ঝামেলা হলে মাহাতাব যেন তাকে দেখতে পায়। বেশ লাগে প্রীতির। একবার তারা স্কুল থেকে ম্যাগাজিন বিক্রি করেছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগান যাক।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, প্রায় সব বাদামই সে বিক্রি করে ফেলল কিছুক্ষনের মধ্যেই। সবাই তার কাছ থেকে বাদাম কিনছে আর নানা রকম প্রশ্ন করছে অবাক হয়ে, “তুমি বাদাম বিক্রি কর?”
“করি না, তবে আজকে করছি।”
“কেন?”
“আমি আসলে একজনকে হেল্প করছি।”
“বাহ বেশ, খুব ভাল। ভাল লাগল শুনে।”
এই ভদ্রলোক দশ টাকার বাদাম কিনলেন। তার মানে পাঁচ ঠোঙ্গা গেল।
ছাতা মাথায় পায়ে কেডস পরা একজন মোটাসোটা বয়স্ক ভদ্রমহিলা প্রীতিকে দেখছিলেন অনেকক্ষন ধরে। পায়ে পায়ে তার দিকে এগিয়ে যায় প্রীতি।
“বাদাম কিনবেন আন্টি?”
ঋদ্রমহিলা ভুরু কুঁচকে প্রীতির মুখের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষন।
“এই মেয়ে তুমি সামনের ঐ স্কুলটায় পড় না?”
“জ্বী।”
“তুমি বাদাম বিক্রি করছ কেন?”
প্রীতি আঙ্গুল দিয়ে মাহাতাবকে দেখায়। “ওই যে ছেলেটা, ও বাদাম বিক্রি করে। সে আমার অংক করে দিয়ে আমাকে সাহায্য করছে। তাই আমি ওর বাদাম বিক্রি করে ওকে সাহায্য করার চেষ্টা করছি।”
“কিন্তু তুমি এখানে কেন এখন? বাসা কোথায় তোমার?”
“এইতো কাছেই।”
“বাসায় না গিয়ে পার্কে ঘুরঘুর করছো কেন?”
“আম্মু অফিসে চলে গেছেন, তাই বাসায় ঢুকতে পারব না এখন। এই জন্য পার্কে বসেছিলাম।”
ভদ্রমহিলা তেঁতে ওঠেন হঠাৎ। “আজকালকার মায়েদের কি কোন আক্কেল নেই? দেখো দেখি, হ্যাঁ? এই এত সময় ধরে মেয়েটা বাইরে থাকবে...”
প্রীতির খুব খারাপ লাগে, তার মাকে কেউ ভুল বুঝছে দেখলে।
“না আন্টি। আম্মুর কোনো দোষ নেই। আম্মু তো আর জানত না যে, আজ হঠাৎ স্কুল ছুটি দিয়ে দেবে। এরকম তো কখনও হয় নাই আগে।”
“হয়েছে হয়েছে। মায়ের হয়ে আর সাফাই গাইতে হবে না। বস এখানে চুপ করে। রোদের মধ্যে ঘুরে ঘুরে বাদাম বেচার কোনো দরকার নাই।”
ভদ্রমহিলার রাগ দেখে হেসে ফেলে প্রীতি। উনার রাগের মধ্যেই ভালোবাসার আভাষ পাওয়া যাচ্ছে। খুব মিষ্টি করে একটু হাসে প্রীতি। উনাকে একদম নানির মত লাগে প্রীতির!
“জ্বি আন্টি আসছি। মাহাতাবের বাদামগুলো বেচেই এসে বসছি। আমার অংক করে দেয়ার জন্য ওর বাদাম বেচা হচ্ছে না।”
“হয়েছে। থামো।” বলে হাতের ছোট্ট পার্সটা থেকে একটা পঞ্চাশ টাকার নোট বের করেন আন্টি। “নাও, আমাকে পঞ্চাশ টাকার বাদাম দিয়ে ঝুড়ি ফেরত দিয়ে আস।”
বত্রিশ দাঁত বের করে হাসে প্রীতি। আন্টির পাশে বসে গুনে গুনে পঁচিশটা প্যাকেট আলাদা করে আন্টির পাশে রাখে। উনার হাত থেকে টাকাটা নিয়ে বলে, “ওকে টাকা আর ঝুড়িটা দিয়েই আসছি।” বলে দৌড়ে মাহাতাবের কাছে চলে যায়।
প্রায় শুন্য ঝুড়ি আর ৭২ টাকা নিয়ে প্রীতি মাহাতাবের কাছে ফিরে এসে দেখে, সত্যি ছেলেটা গুছিয়ে প্রত্যেকটা অংক করে শেষ করে ফেলেছে। হাতের লেখাও চমৎকার!
“ওহ, অনেক ধন্যবাদ। এই নাও তোমার বাদামের টাকা। অনেক বিক্রি হয়েছে।”
মাহাতাব অবাক হয়ে তাকিয়ে থাকে প্রীতির দিকে। “তুমি সত্যই দেখি বাদাম বেইচা ফেলছো!”
“হ্যা, এই নাও ৭২ টাকা।”
ততক্ষনে দুই ঘন্টা পেরিয়ে গেছে। তারা দুজন দুজনকে ধন্যবাদ জানায়।
“এরপরে কখনও অংক করাইতে হইলে আমারে ডাইকো।” গর্বিত ভঙ্গিতে বলে মাহাতাব।
“আচ্ছা।” বলে হেসে বিদায় নেয় প্রীতি।
বইখাতা গুছিয়ে ব্যাগে ভরে আন্টির কাছে এসে বসে। দুপুর সোয়া দুটো পর্যন্ত আন্টি প্রীতির সঙ্গে পার্কে বসে থাকলেন। নানান গল্প করে এটা-সেটা খেয়ে তাদের সময়টা ভালই কেটে গেল। গল্প করার মতো একজনকে হাতের কাছে পেয়ে অনেক কথা বললেন ভদ্রমহিলা। শেষে প্রীতির সঙ্গে হেঁটে হেঁটে প্রীতিকে তার বাসার সামনে রেখে চলে গেলেন তিনি।
দিনটা খুব অদ্ভুতভাবে কাটল আজ প্রীতির। নতুন দুজন মানুষের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল। দুজনেরই খুব কষ্ট। মাহাতাবের মত ব্রিলিয়েন্ট ছেলেকে পড়া বাদ দিয়ে বাদাম বেচতে হচ্ছে। আর আন্টিকে সবাই থাকার পরও আসলে একা একা থাকতে হয়। সেসব ভেবে ভেবে মনটা একটু খারাপ হয়ে গেল।
শেষ পর্যন্ত অবশ্য ওর মন খারাপ ভাবটা থাকে না। নতুন দুই বন্ধু পেয়েছে-- এই খুশিতেই তার মন ভরে ওঠে। অনেকটা নাচতে নাচতেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে সে। মা নিশ্চয়ই এতক্ষণে ফিরে এসেছে।
