২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিগ্রাম

ভাইয়ার কথা মানতে গিয়ে ভাইয়ার হাতেই পিটুনি খেতে হল!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> অরুণাভ সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 07:05 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

বিকেল বেলা স্কুল থেকে ফিরে একটা গল্পের বই নিয়ে বসেছিলাম। গল্পটা ছিল এক দাদু আর তাঁর নাতি-নাতনিদের নিয়ে। এত ভালো লাগছিল যে, কোনোদিকে খেয়াল ছিল না আমার। এক বসায় কতক্ষণ যে কেটে গেছে, জানি না। হঠাৎ ধু ধু মাঠটার ওপারে খুব সুন্দর একটা বাড়ি চোখে পড়ল।

জেলা শহর টাঙ্গাইলে এই বাড়িতে আমরা নতুন এসেছি। সত্যি বলতে কী, এই দু-তিন দিনের মধ্যে মাঠের ওপারের ওই বাড়িটা আমার চোখেই পড়েনি। এবার ভালো করে তাকাতে দেখা গেল, সেই বাড়ির বারান্দায় আমার গল্পের বইয়ের দাদুর মতো এক দাদু বসে রয়েছেন। তাঁকে ঘিরে বসে রয়েছে সুন্দর সুন্দর কয়েকটি ছেলেমেয়ে। হাতে তাদের ঠোঙ্গাভরা খাবার, চানাচুর মেশানো মুড়ি হবে হয়তো। একটা লোক আবার এক থালা গরম-গরম জিলিপিও রেখে গেল। বলতে লজ্জা নেই, দেখে আমার দারুন লোভ জেগে উঠল। কিন্তু যে জিনিসটা আমাকে তারচেয়েও বেশি করে সেদিকে টানছিলো, তা হল গল্প। সেই দাদুটি যেন আমার বইয়ের সেই গল্পগুলোই আরও বেশি মজা করে বলে যাচ্ছিলেন।

অতদূর থেকে দাদুর কথা প্রায় শোনাই যাচ্ছিল না; তবু খুব ভালো লাগল আমার। বিকেলে এক পেট খিদে নিয়ে স্কুলে থেকে ফেরার পথে কোন কুল গাছের নিচে দাঁড়ালে টক-টক গন্ধটা যেমন ভালো লাগে, তেমন।

আমার পা দুটো ততক্ষণে সেদিকে চলতে শুরু করেছে। কিন্তু হাঁটছি তো হাঁটছি-ই। পথ আর ফুরোয় না। যতই চলি, বাড়িটাও যেন দূরে চলে যায় ততই। এদিকে আবার সন্ধ্যাও হয়ে আসছে। যেতে যেতে ভাবি, আমাকে ভূতে ধরেনি তো? সেই যে লোকে বলে-- কানা ভূত, মানুষকে যে পথে পথে ঘুরিয়ে মারে শুধু?

আমি তবু হাঁটতেই থাকি। যেতে যেতে এক বুড়ির সঙ্গে দেখা। তাকে শুধোই, “ও বুড়ি মা, ওই বাড়িটা আর কতদূর গো?”

আমার কথা শুনে বুড়ি থমকে দাঁড়ায়। বলে, “মুক্তি গ্রামের কথা বলছ? তা আর তেমন দূর কই? ওই দেখাই যাচ্ছে।”

“দেখা যে যাচ্ছে, তা আমিও জানি। কিন্ত মুক্তি গ্রাম? সে আবার কেমন নাম?” আমি জানতে চাই।

“তা তো জানিনে বাছা। ওই গাঁয়ে কারও উপর কারও কোন খবরদারি নেই কিনা, তাই হয়তো লোকে ওকে মুক্তি গ্রাম বলে।”

খবরদারি নেই শুনেই ভাইয়ার কথা মনে হল আমার। রাতদিন আমার উপর তার খবরদারির যেন শেষ নেই আর। “এটা কর না, ওটা কর” তো লেগেই আছে। তাছাড়া লেখাপড়া করলেই কি ছাড়া পাবার যো আছে? বলেন, “যা পড়বে মনে মনে তার একটা ছবি এঁকে যাবে। পড়ার সময় বইয়ের কথা নিয়ে মনে মনে একটা সিনেমা করে নিতে পারলে সব কিছু সহজে মনে রাখা যায়।”

ভাইয়ার সেই কথা মানতে গিয়েই না ... ...!

কিন্তু সে কথা থাক। বুড়িকে বলি, “শাসন নেই তাই ছেলেরা সব রাত-দিন গল্প শুনে গোল্লায় যাচ্ছে বুঝি?”

“তা যাবে কেন? ওরা মন দিয়ে পড়াশুনা করে আর ভালো হয়ে চলে বলেই তো সব কিছু ওদের ইচ্ছেমত পায়।”

“কিন্তু অত খাবার-- সে ওদের রাজা দেয় বুঝি?”

“রাজা দেবে কেন? ওদের বাপ ভাইয়েরা তো আর কুঁড়ে নয় কেউ, সবাই মিলে খাটে। কেউ কাউকে ঠকাতে চায় না। ওদের কারোরই তাই কোনো কিছুরই অভাব পড়ে না।”

বুড়ির কথা শুনে কেমন যেন অবাক লাগে আমার। বলি, “তা ওইটে বুঝি ওদের রাজার বাড়ি?”

“রাজা?” আমার মুখে বারবার রাজার কথা শুনে বুড়ি যেন আরও বেশি অবাক হয়ে যায়। বলে, “ওদের তো রাজা নেই কোন, ওরা যে সবাই রাজা।”

দেশের সবাই কি করে রাজা হয়? আর এত কাছের এমন একটা দেশের কথা ভাইয়াও কেন যে আমাকে বলেননি, আমি বুঝতে পারি না।

তবু এই ভেবে আমার ভালো লাগে যে, ওখানে যদি একশটা বাড়িও থাকে, তা হলেও নেহাত একশটা রাজকুমারীর দেখা পেতে পারি। কী মজাই না হবে তা হলে!

“তবে আমি চলি।” বুড়ির সেই মুক্তি গ্রামের দিকে আমি আবার পা বাড়াই।

“দাঁড়াও বাছা, দাঁড়াও।” বুড়ি আমাকে ডেকে থামায়। বলে, “তুমি ওখানে যাবে কী করে?”

“ওইটুকু তো পথ, হেঁটেই চলে যাব!”

“তা তো বুঝলাম”, বুড়ি বলে, “কিন্তু ওই যে তেঁতুল গাছ দেখছ না, ওখানে সব মামদোদের বাসা।”

“তা থাক”, সাহস দেখিয়ে বলি, “এখনও আর ছোট নেই আমি, যে ভূতের ভয় করব!”

“কিন্তু ভূতের সঙ্গে লাগতে হলে একলা নয়, সবাই মিলে যেতে হবে বাছা।”

বুড়ির কথা শোনার আর সময় ছিল না আমার। কিন্তু যেই আবার দৌড়াতে শুরু করব, পেছন থেকে একটা টান পেয়ে ভীষণ ঘাবড়ে যাই আমি। ভাবি, হয়তো কোনো মামদো ভূতই বুঝি পেছন থেকে আমার মাথা, ঠিক মাথা নয়, কানটা টেনে ধরেছে। ভয়ে ভয়ে ফিরে তাকিয়ে দেখি, না ভূত নয়, ভাইয়া!

তারপর অনেকক্ষণ ধরে যা হল, তা আর বেশি বলে কাজ নেই। এক কথায় যাকে বলে ‘উত্তম-মধ্যম’। আমি যে তার উপদেশ মতোই মনে মনে গল্পের সেই দাদুর বাড়ির একটা ছবি আঁকার চেষ্টা করছিলাম, সে কথা বলারও সুযোগ পেলাম না আর।