২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহিত্যবিশারদ শেখ ফজলল করিম

স্কুল পালানো ছেলেদের গল্প তো অনেকই আছে। কিন্তু স্কুলে যাওয়ার জন্য পাগল, এমন কজন ছেলের গল্প আছে?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাশেদ  শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 05:03 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

তেমন এক ছেলের জন্ম হয়েছিল আজ থেকে দশ-বিশ নয়, পাক্কা একশ ত্রিশ বছর আগে, ১৮৮৩ খ্রিস্টাব্দে। ছেলেটি স্কুলে যাতায়াত শুরু করেছিল মাত্র চার-পাঁচ বছর বয়সেই। সেই থেকে শুরু। স্কুলের প্রতি অতি-অনুরাগের কারণে বাড়ি থেকে পালিয়েই যেতেন তিনি। এমনকি, এই স্কুল-আসক্তির কারণে বড়দের হাতে মারও খেয়েছেন।

এই স্কুলপাগলার নাম শেখ ফজলল করিম। পরে তো তার নামই হয়ে যায় ‘সাহিত্যবিশারদ’। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহিত্যমোদী। সারাজীবন অবিচল নিষ্ঠার সঙ্গে করে গেছেন সাহিত্যচর্চা।

শেখ ফজলল করিম ১২৮৯ বঙ্গাব্দের ৩০ চৈত্র, ইংরেজি ১৮৮৩ সালের ১৪ এপ্রিল, রংপুর জেলার (বর্তমানে লালমনিরহাট জেলা) কালিগঞ্জ থানার কাকিনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল মোনা। বাবা আমীরউল্লা সরদার আর মা কোকিলা বিবি। গ্রামের লোকজন তাকে ডাকত ‘কবি সাইব’ বলে।

তার দাদা ছিলেন জশমতউল্লা সরদার। তিনি ছিলেন কাকিনা রাজবংশের একজন প্রসিদ্ধ কর্মচারী।

ফজলল করিমদের পরিবার ছিল একান্নবর্তী। মানে আত্মীয়-পরিজন মিলে এক বিশাল পরিবার। বনেদি পরিবারের বাড়ির আদল যেমন হয়, তেমনি ছিল ফজলল করিমের পৈত্রিক বাড়ি। সেই বাড়ির প্রশস্ত কাছারি ঘরের মাঝামাঝি একটি বিরাট সেক্রেটারিয়েট টেবিল ছিল। তাতে থাকত সৌখিন দোয়াতদান ও পাখার নানারকম কলম। তখনকার দিনে পাখার কলমে লেখার প্রচলন ছিল। এই বিরাট টেবিলেই, ঝকঝকে লণ্ঠনের আলোয় পড়াশোনা করতেন শেখ ফজলল করিম। লিখতেনও এখানেই। রাত বারটা পর্যন্ত বিরামহীন লেখাপড়া চলত। তার মৃত্যুর পরও বহু বছর টেবিলটি সেই নির্দিষ্ট স্থানেই ছিল, ছিল হারিকেনটিও।

ফজলল করিমের পড়াশোনা শুরু হয় বাসাতে। আর বয়স ৩-৪ হতে না হতেই তিনি বাড়ি থেকে পালিয়ে স্কুলে চলে যেতেন। পরে তাকে মধ্য কাকিনা ইংরেজি স্কুলে ভর্তি করানো হয়। সেখানে তিনি প্রতি বছর বাৎসরিক পরীক্ষায় পুরস্কার পেতেন।

কাকিনা স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় শেখ ফজলল করিম বিয়ে করেন। তখন তার বয়স ছিল তের বছর। স্ত্রীর নাম মোসাম্মাৎ বসিরন নেসা খাতুন। সে অনেক আগের দিনের কথা কিনা, তখন অমন ছোট থাকতেই সবাই বিয়ে করত। তার দুই পুত্রসন্তান হয়েছিল। তার প্রথম ছেলে মাত্র তিনদিন বেঁচেছিল। এর কয়েক বছর পরে দ্বিতীয় পুত্র মতিয়র রহমানের জন্ম হয়।

পঞ্চম শ্রেণিতে উঠলে তাকে রঙ্গপুর জেলা স্কুলে ভর্তি করানো হয়। এরপর কিছুদিন তিনি ঘরেই শিক্ষাগ্রহণ করেন। পরে আবার ভর্তি হন কাকিনা স্কুলে। সেখান থেকেই ১৮৯৯ সালে মাইনর পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। মাইনর পাসের পর তিনি পুনরায় রঙ্গপুর জেলা স্কুলে ভর্তি হন।

প্রথমে তার ইচ্ছে ছিল ডাক্তারি পড়ার। সে জন্য তিনি কাকিনা গভর্নমেন্ট ডিসপেনসারির ডাক্তার সরদাচরণ মুখোপাধ্যায় মহাশয়ের অধীনে পড়তেও শুরু করেন। ডাক্তারখানায় অনুশীলনও করতেন। কলকাতার কম্বেল স্কুলে পড়তে চেয়েছিলেন তিনি। কিন্তু তখন কলকাতায় প্লেগ রোগ ছড়িয়ে পড়লে, তার বাবা তাকে আর কলকাতায় যাওয়ার অনুমতি দেননি। তিনি বিলাতে ব্যারিস্টারি পড়তেও যেতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত সে আশাও পূর্ণ হয়নি তার।

ফজলল করিমের ইংরেজি ও বাংলা হাতের লেখা খুব সুন্দর ছিল। এ জন্য তিনি কাকিনার রাজবাহাদুরের কাছ থেকে একবার শীতবস্ত্র পারিতোষিক হিসেবে লাভ করেছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর।

সরদার ফজলল করিম পড়তে খুব ভালোবাসতেন। প্রায়ই এমন হত, পড়তে পড়তে তিনি রাত পার করে দিতেন। কখনও কখনও রাতে ২-১ ঘণ্টা ঘুমুতেন। কোন কোন রাত বিনাঘুমেই পার করে দিতেন। আর প্রচুর পত্রিকা পড়তেন। পত্রিকা অবশ্য শুধু খবরের জন্যই পড়তেন না, পড়তেন নতুন নতুন শব্দ শেখার জন্য। বেশি পড়তেন সাহিত্য পত্রিকা।

১৯৩৬ সালের ২৮ সেপ্টেম্বর, রাত সাড়ে বারটায়, ফজলল করিম আকস্মিকভাবে হৃদরোগে মারা যান। তখন তার বয়স হয়েছিল ৫৪ বছর। লেখকের জীবন চরিত অনুযায়ী মাস-দিন হিসাব করলে, ৫৩ বছর ৫ মাস ১৯ দিন।

৫৪ বছরের জীবনকালে তার রচনার সংখ্যা নেহাত কম না। তার প্রকাশিত ও অপ্রকাশিত মোট ৫৫টি বইযের সন্ধান পাওয়া গেছে। এগুলোর মধ্যে আছে-- ‘পরিত্রাণ কাব্য’ (কাব্য), ‘প্রেমের স্মৃতি’ (নাট্যকাব্য), ‘তৃষ্ণা’ (কাব্য), ‘লাইলী মজনু’ (গদ্য) প্রভৃতি।

ছোটদের জন্যও তিনি বেশ কিছু বই লিখেছিলেন। সেগুলোর মধ্যে রয়েছে-- ‘হারুন অর রশীদের গল্প’ (১৯১৬), ‘সোনার হাতি’ (গদ্য গ্রন্থ, ১৯১৮), ‘কুসুম কলি’, ‘চমচম্’ (কবিতা) প্রভৃতি।

তিনি ‘বাসনা’, ‘জমজম’, ‘কল্লোলিনী’ ও ‘রত্নদ্বীপ’-- এই চারটি পত্রিকাও সম্পাদনা করেন।

তিনি একটি প্রেস ও একটি লাইব্রেরি স্থাপন করেন। ‘করিম’স আহমেদিয়া লাইব্রেরি’ নামে লাইব্রেরিটি স্থাপন করেন ১৮৯৬ সালে। তাতে চার সহস্রাধিক বই ছিল।

শেখ ফজলল করিমের নাম এখন অনেকেই ভুলে গেছে। কিন্তু তার কোন না কোন লেখা কিন্তু সবাই পড়েছে। ওই যে রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতাটির মতো। কৃষককে মনে না রাখলেও, তার ধান কিন্তু ঠিকই সবাই নেয়। এই যেমন নিচের কবিতাগুলো।

স্বর্গ ও নরক

(ভারতবর্ষ, আষাঢ় ১৩২১)

কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?

মানুষেরই মাঝে স্বর্গনরক-- মানুষেতে সুরাসুর।

রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,

আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়।

প্রীতি-প্রেমের পূণ্য বাঁধনে মিলি যবে পরস্পরে,

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনি আমাদেরি কুঁড়েঘরে।

গায়ের ডাক

(শিশুসাথী, বৈশাখ ১৩৩৮)

ধানের ক্ষেতে বাতাস নেচে যায়

দামাল ছেলের মতো,

ডাক দে’ বলে আয়রে তোরা আয়

ডাকব তোদের কত!

মুক্তমাঠের মিষ্টি হাওয়া

জোটে না যা ভাগ্যে পাওয়া,

হারাস্ নে ভাই অবহেলায় রে

দিন যে হল গত।

ঘুমপাড়ানি গান

(শিশুসাথী, ফাল্গুন ১৩৩৮ বঙ্গাব্দ)

চাঁদের বুড়ি

থুড়ি থুড়ি

ঘুম দিয়ে যা।

বনবাদাড়ে হুতুম ডাকে

হুম্, হুম্, হুম্

আকাশ ছেপে শব্দ ওঠে

গুম্, গুম্, গুম্

খোকা ভয়ে ডাকে-- মা।

তুই পা টিপে আয় চুপি চুপি

ঘুম দিয়ে যা।

সাহিত্যকর্মের জন্য স্বীকৃতিও তিনি কম পাননি। ‘পথ ও পাথেয়’ গ্রন্থের জন্য তিনি রৌপ্য পদক পান। ১৩২৩ সালে নদীয়া সাহিত্য পরিষদ তাকে ‘সাহিত্যবিশারদ’ উপাধিতে ভ‚ষিত করে। ‘চিন্তার চাষ’ গ্রন্থের জন্য তিনি লাভ করেন ‘নীতিভূষণ’ উপাধি। ১৩৩১ সালে খিদিরপুর মাইকেল লাইব্রেরি থেকে মধুস্মৃতি কবিতার জন্য তিনি রৌপ্য পদক পান। একই কবিতার জন্য শ্রীভারত ধর্ম্মমহামণ্ডল থেকেও রৌপ্য পদক পান তিনি। ১৯৩৪-৩৫ খ্রিস্টাব্দের বাংলা সরকারের জুট রেসট্রিকশন রৌপ্য পদকও পান শেখ ফজলল করিম। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিনি পেয়েছিলেন ‘কাব্যভ‚ষণ’, ‘সাহিত্যরত্ন’, ‘বিদ্যাবিনোদ’, ‘কাব্য রত্নাকর’ প্রভৃতি উপাধি ও সম্মান। ‘বাসনা’ পত্রিকা সম্পাদনাকালে, ‘রোমিও জুলিয়েট’ সম্পর্কিত তার একটি কবিতা পাঠ করে কলকাতার কিছু বিশিষ্ট সাহিত্যিক তাকে ‘বাংলার শেক্সপিয়র’ উপাধি পর্যন্ত দিয়ে দেন।

বাংলার নিভৃত পল্লির এই লেখক আজ নেই। তবে তার রচিত রচনাগুলো আজও বাংলা সাহিত্যে অমলিন।