২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি স্মৃতি

ছোটবেলায় বড় বড় নেতাদের ছবি দেখেছি। বই খুলে সেই সব নেতা সম্পর্কে পড়তে পড়তে কত কিছু যে চিন্তা করতাম, তার সব কিছু এখন আর মনেও নেই। কিশোর থাকতেই পৃথিবীর অনেক দেশনেতা সম্পর্কে একটা ধারণাও পেয়ে গেছি। তবে সবই শুনে অথবা পড়ে। কাছ থেকে একজন বড় নেতা দেখার শখ ছিল বহুদিনের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> খায়রুল আলম সবুজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

অনেক প্রতীক্ষার পর সে শখ মিটল ১৯৭০ সালে। তখন আমি করাচিতে থাকি। ওখানেই লেখাপড়া করছি। করাচি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। ছাত্র-রাজনীতির সক্রিয় কর্মী। তখন তো বাঙালির রাজনীতি একটাই-- পাকিস্তানি শোষণ থেকে মুক্তি। শোনা গেল সেই মুক্তিদাতা করাচিতে আসছেন। জেনেই আমরা ব্যস্ত হয়ে পড়লাম। এ সফরের রাজনৈতিক উদ্দেশ্য সত্তরের নির্বাচনী প্রচারণা। আবদুর রব নিশতার পার্কে বিশাল জনসভা হবে। সত্তর সালের কোন মাস কোন তারিখ সেটা এখন মনে নেই। তবে বছরের শেষের দিকে। পশ্চিম পাকিস্তানে তখন আওয়ামী লীগ নেতা খলিলুল্লাহ তিরমিজি। তামাটে ছিপছিপে ধরনের ক্ষিপ্রগতির মানুষ। তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হয়। সুতরাং মুক্তিদাতার কর্মসূচি আমাদের জানাই ছিল। জনসভায় বাঙালির সবচেয়ে জনপ্রিয় নেতা বক্তৃতা করবেন, এ এক আলাদা উত্তেজনা। দলের সমর্থকদের মধ্যে তো বটেই বিশেষ করে সব শ্রেণির বাঙালির মধ্যে অভ‚তপূর্ব এক উত্তেজনা শুরু হয়ে গেল।

এটা তো গেল সমষ্টিগত দিক। কিন্তু আমার ব্যক্তিগত পর্যায়ে এক গোপন উত্তেজনা আমি টের পাচ্ছিলাম। স্বপ্নে লালিত বিশাল সেই নেতাকে একেবারে কাছ থেকে দেখব, কথা বলব, ভাবতেই আমার দৈনন্দিন রুটিন ওলটপালট হয়ে গেল। সে দিনের সে অনুভ‚তি কোনো শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব নয়। সে এমন এক অনুভ‚তি, যা কাউকে বোঝানো যায় না। শুধু গোপনে নিভৃতে বহুমূল্য রত্নরাজির মতো আগলে রাখতে হয়।

করাচি মূল শহর ছাড়িয়ে বেশ কিছুটা দূরে, হাউজিং সোসাইটির একটা বড় বাড়ির ছোট্ট একটা ঘরে নেতাকে প্রথম দেখলাম। জগতে অনেক কিছু আছে, একবার দেখলেই নেশা কেটে যায়। অনেক নামিদামি মানুষ আছেন, যাদের একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছাও আর জাগে না। এ মানুষ দেখা তেমন নয়। আমার তাই মনে হল। পাকিস্তান জুড়ে যে মানুষের নাম প্রতি মুহ‚র্তে মুহ‚র্তে উচ্চারিত হয়, তাঁর সঙ্গে এক ঘরে আমি বসে আছি। আমার মনে হল, অচেনা মানুষ এত আপন হয় কী করে!

জাগতিক বোধবুদ্ধি আমার চিরকালই একটু কম। আর ওসবে তেমন আনন্দও পাই না। নেতা ঘরে ঢুকতেই সহকর্মী বন্ধুরা যে যার মতো সামনে গিয়ে বসে পড়ল। আমি পেছনের একটা চেয়ারে একা। ঠেলেঠুলে সামনে যেতে লজ্জা হল। ’৬৭ থেকে ’৬৯ সাল পর্যন্ত আমি পশ্চিম পাকিস্তানের একমাত্র বাংলা কলেজের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। সুতরাং অধিকারেও সামনে যাওয়া যায়। কিন্তু সেটা আমার স্বভাবে নেই।

আমি চুপ করে পিছনেই বসে থাকলাম। ঘরে মানুষ বেশি না। নেতার সঙ্গে উঁচু পর্যায়ের দু-চারজন, আর আমরা বেশ কয়েকজন। সামনাসামনি বসার ব্যবস্থা। দেয়ালে ঠেস দেওয়া একটা কাঠের চেয়ারে তিনি বসেছেন। তাঁর পাশে অন্যরা। একটু পেছন থেকেই আমি আমার মতো করে তাকে দেখতে পাচ্ছিলাম। আমার ইচ্ছাপূরণের গোপন খবরটি তো আর কেউ জানে না।

সুতরাং পিছনে বসার ব্যাপারে আমার মাথাব্যথাও ছিল না। আমি অপলক তাকিয়ে শুধু দেখছিলাম। চারপাশের পরিবেশ আমার কাছে তখন তুচ্ছ। মুছে গেছে। আমি শুধু আমার শখের বাস্তবায়ন উপলব্ধি করছিলাম। কথা শুরু হতেই ঘরটা ভরে গেল। গমগম করে উঠল পরিবেশ। অনেক কথা বললেন তিনি। আমার তখন বিশ বছর  বয়স। যুক্তি তর্ক দিয়ে রাজনীতি বুঝি না। ও বয়সে যা হয়, সোজা-সরলটাই বুঝি। কিন্তু নেতার কথা এবং বলার ভঙ্গিতে নিখাঁদ এক ভালোবাসা টের পেলাম। সে ভালোবাসা তার মাটির জন্য, মানুষের জন্য। কেন যেন আমার কান্না-কান্না ভাব হল। কথা বলতে বলতে এক পর্যায়ে আমার দিকে তাকিয়ে থেমে গেলেন। বললেন, “সামনে আয়।”

আমার বড়ভাই, বন্ধুদের বললেন, “এই, ওকে সামনে আসতে দে। ছোট মানুষ পিছনে বসে আছে।”

শ্রদ্ধায় আবেগে যে মন এমনিতেই পরিপূর্ণ, সেখানে একটু আদরের খোঁচা লাগলে যা হয় আর কি। আমার ভেতরের কান্নাটা চোখে এসে পড়ল। কোনো রকমে সামনে গিয়ে বসলাম। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখলাম। আর তখনই মনে হল-- দেখেছি, নেতা দেখেছি। এত বড় মানুষ, এত সহজ হয় কী করে!

যার ভালোবাসায় একটি স্বাধীন দেশের জন্ম হয়, সে মানুষ যে কখনও দূরের হয় না। এ সত্য বোধহয় কেউ ভাবতেও পারে না। ওই দিন মাতৃভ‚মির ভালোবাসায় ভেজা দুটি চোখ দেখেছিলাম। সেই চোখই আমার নেতার চোখ। সেই চোখেই স্বপ্ন ছিল এ দেশের স্বাধীনতার।

২.

মহাপ্রাণ মানুষেরা তাদের জীবনকালে যেসব কাজ করেন, ছোট অথবা বড়, সেসবের মধ্যে খুঁজলেই সেই মানুষকে পাওয়া যায়। প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে তাদের ব্যক্তিত্বের ছাপ থাকে। কাজ এবং কাজের ছাপ নিয়ে গভীরভাবে ভাবলে তাদের চরিত্রের বিভিন্ন দিক স্পষ্ট হয়। জ্ঞানী-গুণী-হৃদয়বান মানুষ ছাড়া কেউ কি কখনও বড়র স্বীকৃতি পায়? বড় হওয়া, সে তো আর হাতে-পায়ে বড় হওয়া নয়, কী বল?

বড় মানুষের সবসময় একটা বড় উদ্দেশ্য থাকে-- সে উদ্দেশ্য ব্যক্তিগত লাভের জন্য নয়, সব মানুষের জন্য-- হয় দেশের, নয়তো গোটা বিশ্বের। এই উদ্দেশ্য সাধনের জন্য তাকে পরিশ্রম করতে হয় অক্লান্ত। ত্যাগ করতে হয় ব্যক্তিগত সুখ-শান্তির বড় একটা অংশ। মানুষের সুখই তার সুখ হয়ে যায়, মানুষের দুঃখই তার দুঃখ হয়ে যায়। মহান মানুষেরা এতেই সুখ পান, এতেই শান্তি পান। এই না হলে আবার বড় কিসের, তাই না?

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মধ্যে নেই। কিন্তু তার নেতৃত্বে পাওয়া এই স্বাধীন দেশে মানুষ এখন তাদের নিজেদের মতো করেই বাস করছে। তার কষ্টের বিনিময়ে, তার পরিশ্রমের বিনিময়ে, তার অপরিসীম ত্যাগের বিনিময়ে অর্জিত যে অমূল্য সম্পদ স্বাধীনতা-- তাই আমাদের হাতে। এই স্বাধীনতা তার উত্তরসূরীদের হাতে গচ্ছিত রেখে তিনি চলে গেছেন। আর আমাদের কাজ হল, সেই গচ্ছিত ধনকে আদরে-আন্তরিকতায়-দায়িত্বে লালন করা। সুখসমৃদ্ধির দিকে একটু একটু করে নিয়ে যাওয়া।

বঙ্গবন্ধুকে আমি খুব কাছ থেকে তিনবারের বেশি দেখিনি। তিনি খুব ব্যস্ত মানুষ ছিলেন। আর আমরাও তখন ছোট। সেটা চুয়াত্তর অথবা পঁচাত্তর সাল হবে। বাংলাদেশ টেলিভিশনে তখন প্রায় ৮০জন ছেলেমেয়ের একটা গানের দল ছিল। টেলিভিশনের নিজস্ব দল। এই দলের নেতৃত্বে ছিলেন শ্রদ্ধেয় শিল্পী মোস্তফা মনোয়ার। গান লিখতেন কাজী আবু জাফর সিদ্দিকী আর সুর করতেন সুরকার আজাদ রহমান। আমরা সবাই মিলে কোরাস গাইতাম। বিদেশ থেকে সম্মানিত কোনো অতিথি এলে আমরা বঙ্গভবনে গিয়ে সেসব গান তাদের গেয়ে শোনাতাম। একটা গানের প্রথম লাইনটা ছিল-- ‘দিকে দিকে চতুর্দিকে।’

সেবার আফগানিস্তানের প্রেসিডেন্ট সরদার দাউদ খান এলেন বাংলাদেশ সফরে। আমরা তাকে গান শোনাতে গেলাম। বিশ্ববিদ্যালয়ের আমার সেটা শেষ বছর। এই বিশাল দলের অনেকেই এখন আর গানবাজনার সঙ্গে নেই। দু-চারজন প্রতিষ্ঠিতও হয়েছেন। বঙ্গভবনের একটা হলে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। ছেলেরা পাজামা-পাঞ্জাবি আর মেয়েরা লাল পাড়ের গরদের শাড়ি পরেছে। অতিথি অভ্যাগতরা তখনও সবাই এসে পৌঁছাননি বলে আমরা এদিক-ওদিক ঘোরাফেরা করছি। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। আমি ঘুরতে ঘুরতে অনেক লম্বা একটা করিডোরে গিয়ে দাঁড়ালাম। বঙ্গভবনের নিবিড় গাছপালায় সন্ধ্যাবেলার মৃদু বাতাস খেলে যাচ্ছে। কোথাও কোনো মানুষজন নেই। আধো অন্ধকার। গাছের আধার ঘন হচ্ছে কেবল। হলরুম থেকে মৃদু গুঞ্জন ভেসে আসছে। এখানে দাঁড়িয়ে আমার দারুণ ভালো লাগছিল। করিডোরে পুবদিকে মুখ করে দাঁড়িয়ে ছিলাম।

একেবারেই হঠাৎ চোখের সামনে এক অপূর্ব দৃশ্য খেলে গেল। সামনের গাছগুলোর উপরের দিকের পাতাগুলো একসঙ্গে সব ঝিলিক দিয়ে উঠল। আমি স্থানকাল ভুলে গিয়ে সেই বিরল দৃশ্যটির মধ্যে ঢুকে গেলাম। বোধহয় পূর্ণিমার রাত ছিল সেদিন। ষোলকলায় পূর্ণ এক গোল চাঁদ উঠল পুবদিকে। অত্যন্ত উজ্জ্বল রূপার রংয়ের ঝিলিক লাগল পাতায় পাতায়। আর তখনই কে যেন পিছন দিক থেকে আমার কাঁধে হাত রেখে বললেন, “কী রে, কী দেখিস?”

কণ্ঠটা চেনা, কিন্তু অপ্রত্যাশিত। চমকে ঘুরে তাকালাম। চাঁদে তখন আর গাছের পাতার আড়াল নেই। অবাধ জ্যোৎস্নায় ভরে গেছে তাঁর মুখ। তিনি লম্বা বলে আমি মুখ উঁচু করে তার দিকে তাকালাম। আনন্দে আমার কণ্ঠ ধরে আসছিল। বললাম, “চাঁন দেখি।”

আমার কাঁধে রাখা হাতটা পিঠের উপর থেকে আর একটু প্রসারিত করে আমাকে তার দিকে একটু টানলেন। আমি তার বুকের তাপ অনুভব করলাম আমার মুখে।

তিনি বললেন, “দেখ দেখ, বেশি করে চাঁন দেখ।”

কয়েকটা মুহ‚র্ত মাত্র। তারপর তিনি লম্বা পায়ে অন্য একটা ঘরের দিকে চলে গেলেন। বঙ্গভবনের নিবিড় নিকুঞ্জে তখন হাজার পাখির কিচিরমিচির শোনা গেল।

আমি বিস্ময়-বিমূঢ় হয়ে তাকিয়ে থাকলাম সেই যাওয়ার দিকে। একটা সোনালি ফ্রেমে বাঁধানো সেই ‘যাওয়া’ আমার কাছে আছে। মুহ‚র্তে পাওয়া অভাবিত সেই উষ্ণতাটুকু বড় আদরে আমি আমার কাছে রেখেছি। কারও সাধ্য নেই সেটুকু কেড়ে নিয়ে নেয়।

লেখক: কবি ও অভিনেতা