হ্যালোর জন্য ঢাকা মহানগরে আবেদন গ্রহণ চলছে...
বড়োদের মতো তোমাদেরও কি সাংবাদিক হতে ইচ্ছে করে? চাইলে তোমরাও কি ভালো সাংবাদিক হতে পারবে না? প্রশ্ন দুটোর উত্তরে তোমরা সব্বাই সম্ভবত হ্যাঁ বলেছো। আর তোমরা যাতে সাংবাদিকতা করতে পারো, সে ব্যবস্থাও যে করা হয়েছে, সেটিও নিশ্চয়ই জেনে গেছো। হ্যাঁ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নতুন পাতা ‘হ্যালো’-এর কথাই বলছি।
এই ‘হ্যালো’ কিন্তু শিশুকিশোরদের সাংবাদিকতার প্রথম বাংলা সাইট। আর এই পাতাতে, সাংবাদিকতা করতে হলে কী কী করতে হবে, তাও তোমরা এতোদিনে জেনে গেছো। আর যদি জানা না-ই থাকে, চলে যাও হ্যালোর পাতায়; লিঙ্ক- hello.bdnews24.com
এ বছরের ৩১ মার্চ এক অনুষ্ঠানে নতুন এই সাইটটির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফ-এর সহযোগিতায়, সাইটটি পরিচালনা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এখন, নতুন করে হ্যালো-এর গল্প কেনো বলছি? কারণ, ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে হ্যালোতে ঢাকা মহনগরের শিশুদের আবেদন গ্রহণ। আবেদন করতে চাইলে, তুমি অনলাইনে, কিংবা ডাকযোগে- দুইভাবেই আবেদন করতে পারো। অনলাইনে আবেদন করতে চাইলে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাইটে, কিংবা হ্যালো ওয়েবসাইটে গিয়েই করতে পারবে। আর ডাকযোগে আবেদন পাঠাতে চাইলে, তার ঠিকানা হলো-
হ্যালো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
রেড ক্রিসেন্ট কনকর্ড টাওয়ার, ১৭ তলা
১৭, মহাখালী বাণিজ্যিক এলাকা
ঢাকা- ১২১২, বাংলাদেশ
আবেদন পাঠানোর শেষ সময় ১০ এপ্রিল, ২০১৩।
আবেদনে তোমার মানে আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, অভিভাবকের পেশা, বয়স, ছেলে না মেয়ে, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম (যদি শিক্ষার্থী হও), শ্রেণী, ঠিকানা, ইমেইল অ্যাড্রেস (যদি থাকে) আর মোবাইল/ফোন নম্ব^র লিখতে হবে। আর তুমি যদি শারীরিক প্রতিবন্ধী হও, সেটি-ও লিখে দিও। আর তুমি যদি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর কেউ হও, সেটি-ও লিখে দিও।
ভালো কথা, এর আগে কিন্তু দেশের ২০টি জেলা থেকে মোটমাট ২১০জন শিশুকিশোরকে শিশুসাংবাদিক হিসেবে নির্বাচন করা হয়েছে। তারা হ্যালো কিডজ-এ সাংবাদিকতাও শুরু করে দিয়েছে। জেলা ২০টি হলো- নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী ও বরগুনা।
