সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মানুষের বদলে যন্ত্রের ব্যবহার যেদিন থেকে শুরু হয়েছিলো সেদিন থেকেই কিছু মানুষের কপাল পোড়ার শুরু। আবারও বোধহয় কিছু মানুষের কপাল পুড়তে যাচ্ছে। তবে মজার ব্যাপার কি জানো, এবার যন্ত্রের কারনে নয় অ্যালপাকা নামের এক প্রানীর কারনে পাহারাদাররা তাদের কাজ হারাতে যাচ্ছে। নিরাপত্তাকর্মী হিসেবে লামার মতো দেখতে প্রানীর ব্যবহার শুরু হয়েছে। আর এই ঘটনাটা ঘটেছে ইংল্যান্ডের এক মুরগির খামারে। সেখানে দুটি অ্যালপাকা মুরগি খামারের নিরাপত্তার দায়িত্ব পেয়েছে।
অ্যালপাকা দুটির আবার বেশ বাহারী নাম রয়েছে। একজনের নাম উইলিয়াম আরেকজনের নাম হ্যারি। মানে ইংল্যান্ডের রাজপুত্র আর কি! ওরাই এখন ইংল্যান্ডের ক্যামবোর্নের কাছে ক্লেরেন্স কোর্ট মুরগির খামারের সব মুরগির দেখভাল করবে। এমনকি মুরগিদের আনন্দ বিনোদন দেয়ার দায়িত্বও তাদের। কারণ এতে নাকি মুরগিরা সুস্বাদু ডিম দেয়।
খামারের পরিচালক লিসা রোয় জানান, "অ্যালপাকা অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ভেড়ার নিরাপত্তার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কারন এই প্রানীগুলো প্রয়োজনে তাদের নিজের জীবন দিয়ে হলেও ভেড়াগুলো রক্ষা করে।"
তিনি আরো জানান, "একটা ধারনা প্রচলিত আছে হাসিখুশি মুরগি সুস্বাদু ডিম দেয়, অ্যালপাকা নিয়োগ দেয়ার এটাও একটা কারন। এরা মুরগিদের খুব ভালো সঙ্গ দিতে পারে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২০৩৮ ঘ.
bdnews24