সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাংলাদেশে শিশু কিশোরদের নিয়ে তেমন কেউ ভাবেন না। তাদের জন্য তৈরি হয় না ভালো কোন চলচ্চিত্র, বের হয় না ভালো মানের কোন পত্রিকা। তাই তারা সারাদিন মাথাগুজে পড়ে থাকে টিভির রিমোট হাতে। এই অবস্থা থেকে উত্তরনের জন্য কয়েকজন বেশ কাজ করে যাচ্ছেন। ভাবছেন শিশুদের নিয়ে। আর এই ভাবনা থেকেই জন্ম হয়েছে শিশু চলচ্চিত্র পরিষদ বা চিল্ড্রেন ফিল্ম সোসাইটির।
বাংলাদেশের শিশুদের অন্যদেশের শিশুতোষ চলচ্চিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গ্যাটে ইনস্টিটিউটের সঙ্গে যৌথ উদ্যোগে চিল্ড্রেন ফিল্ম সোসাইটি আয়োজন করেছে জার্মান শিশু চলচ্চিত্র সপ্তাহ। ৫ দিনব্যাপী এই চলচ্চিত্র সপ্তাহ ধানমণ্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলানায়তনে শুরু হয়েছে রবিবার থেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে মিলনায়তন জুড়ে ছিলো শিশু কিশোরদের প্রানবন্ত সমাগম। সংগঠনের সাধারণ সম্পাদক মুনিরা মোর্শেদ মুন্নি সবার উদ্দেশ্যে বলেন, "আমরা শিশুদের বিশ্বের ভালো ভালো চলচ্চিত্র দেখাতে চাই। এর মাধ্যমে শিশুরা নির্মল বিনোদনের পাশাপাশি অনেক কিছু শিখতে পারে। আর এই উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন।"
২৩ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানে শিশুদের উপযোগী জার্মানীর মোট সাতটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। আর এই প্রদর্শনী অভিভাবকসহ শিশু কিশোর সবার জন্য উন্মুক্ত। চলচ্চিত্র দেখতে আসা সবার জন্য আছে একটি কুপন। যা পুরন করে নিদিষ্ট একটি বাক্সে ফেলতে হবে। প্রদর্শনীর শেষদিন অর্থাৎ ২৭ সেপ্টেম্বর কুপনগুলো থেকে লটারির মাধ্যমে ভাগ্যবান তিনজনকে অকর্ষনীয় পুরস্কার দেয়া হবে।
তাই আর দেরী কেন? সময় থাকতেই তোমার অভিভাবককে সঙ্গে নিয়ে চলে যাও এই অনুষ্ঠানে। আর উপভোগ কর বিশ্ব সেরা কিছু চলচ্চিত্র। তার আগে জেনে নাও চলচ্চিত্রের প্রদর্শন সুচী।
২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় প্রদর্শিত হবে 'দ্য স্টোরি অব লিটল মক', ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় 'সিক্স গো রাউন্ড দ্য ওয়ার্ল্ড' ও 'ডিজি ডেয়ার ডিজি', ২৫ সেপ্টেম্বর বিকেল ৩ টায় 'দ্য লিটল ম্যাজিক ফ্লুইট', ২৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় 'দ্য ফ্লাইং ক্লাসরুম' এবং ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় 'পাংক্টচেন অ্যান্ড অ্যান্টন'।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১৯২৬ ঘ.
bdnews24