আগস্ট ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তোমাদের অনেকের জন্য বিষয়টা দুঃসংবাদই বটে। ইংল্যান্ডের এক স্কুল ইউনিফর্ম নির্মাতা প্রতিষ্ঠান ইউনিফর্মের মধ্যে স্যাটেলাইট ট্রাকিং ডিভাইস বসানোর ব্যবস্থা করেছেন। এতে মা বাবারা সহজেই সন্তানের গতিবিধি সম্পর্কে খেয়াল রাখতে পারবে।
ল্যাঙ্কাশায়ার ভিত্তিক ট্রুটেক্স নির্মাতা প্রতিষ্ঠান কয়েকদিন আগে নয় থেকে ১৬ বছর বয়সী ৪০০ ছেলেমেয়ের ৮০০ বাবা মা'র উপর এক জরিপ চালায়। সে জরিপের ফলাফলে দেখা যায়, শতকরা ৪৪ ভাগ বাবা মা ছেলে মেয়ের গতিবিধি সম্পর্কে ব্যাপক ভাবে চিন্তিত থাকে। আর ৫৯ ভাগ বাবা মা নিজের সন্তানের জামায় এই ডিভাইস বসাতে উৎসাহী।
তবে বাচ্চা কাচ্চারাও যে বিষয়টায় উৎসাহিত নয় তা না। ১২ এবং তা থেকে আরো কম বয়সীরা সানন্দেই এই পোষাক পড়বে বলে জরিপে জানা যায়। তবে টিনএজাররা এটার ব্যাপারে খুব একটা উৎসাহিত নয়, তারা বিষয়টাকে সন্দেহের চোখেই দেখছে।
ইতিমধ্যেই এই ইউনিফর্ম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অর্ডার পাওয়া শুরু করেছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৮২৮ ঘ.
bdnews24