আগস্ট ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ছবির মতো সুন্দর শহর ইতালির আল্পস অঞ্চলের ভ্যারোলা সেসিয়া। সেখানকার মেয়র শহরবাসীর উদ্দেশ্যে মজার কিন্তু গুরুত্বপূর্ণ এক ঘোষণা দিয়েছেন। অতিরিক্ত ওজনের অধিকারী যেসব নগরবাসী তাদের ওজন কমাতে পারবেন তাদের তিনি নগদ অর্থ দেবেন।
কোন নাগরিক যদি এক মাসে তিন কেজি ওজন কমাতে পারেন তবে তিনি পাবেন ৫০ ইউরো এবং এই ওজন যদি পরবর্তী পাঁচ মাস আর না বাড়ে তাহলে পাবেন অতিরিক্ত ১০০ ইউরো।
অন্যদিকে দুই মাসে কোন পুরুষ যদি ছয় কেজি আর কোন মহিলা যদি পাঁচ কেজি ওজন কমাতে পারেন তবে তারা পাবেন ৫০ ইউরো। এবং পরবর্তী পাঁচ মাস একই ওজন ধরে রাখতে পারলে পাবেন ২০০ ইউরো। খবর গার্ডিয়ানের।
নতুন এই উদ্দ্যোগ সম্পর্কে শহরের মেয়র জিয়ানলুকা বুয়ানানো বলেন, "স্থুলতা আমাদের একটি বড় সমস্যা হিসাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। আর ডায়েটিং এর জন্য প্রয়োজন কঠোর মনোযোগ আর উৎসাহ। যারা নিজেদের অতিরিক্ত ওজন কমাতে চায় আমি তাদের উৎসাহিত করার চেষ্টা করছি।"
বুয়ানানোও অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন। কয়েকদিন আগে তার ছেলে তাকে 'বিগ বেলি' ডাকার পর থেকে তিনি তার ছয় কেজি ওজন কমিয়েছেন। তবে তিনি নিজে ওজন কমানোর জন্য কোন অর্থ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
আর ওজন কমিয়ে টাকা পেতে হলে শহরের চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে তাদের। তারাই কে অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন আর কে কতটুকু ওজন কমিয়েছেন তার দেখাশোনা করবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/১৮০৫ ঘ.
bdnews24