আগস্ট ০৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চীনের বাউ জিসুনের মন খুব খারাপ। এতদিন ধরে বিশ্বের সবচেয়ে লম্বা লোকের রেকর্ডটা ছিলো তার দখলে। গিনেস বুক অফ রেকর্ড থেকে নাম মুছে ফেলা হলে মন তো খারাপ হতেই পারে তার নাকি!
আট ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার জিসুনের বদলে গিনেসে যার নাম উঠেছে তার নাম লিওনিদ স্তাদনিক। নয় ফুট এক ইঞ্চি উচ্চতার লিওনিদের বসবাস ইউক্রেনের পোদোলান্সি এলাকায়। বিশ্বের সবচেয়ে লম্বা লোক হয়ে সে কিন্তু মোটেও খুশি নয়।
লিওনিদের বয়স যখন চৌদ্দ তখন তার মস্তিষ্কে একটি অস্ত্রোপাচার হয়েছিলো। তারপর থেকেই তার পিটুইটারি গ্লান্ড হতে হরমোন নিঃসরন শুরু হয় এবং সে অস্বাভাবিকভাবে লম্বা হতে শুরু করে।
সেসময় লিওনিদ এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি আর লম্বা হতে চান না এবং ভবিষ্যতে গিনেজে নাম উঠানোরও কোন ইচ্ছা তার নেই। এটা তার জন্য মোটেও কোন গর্বের বিষয় নয় বলে তিনি মনে করেন। সেই সঙ্গে তিনি আরো বলেন, তার এই লম্বাত্ব তার জন্য নানান অসুবিধা নিয়ে আসছে। বিশেষ করে কোন মেয়েই তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না বলে তিনি খুবই চিন্তিত।
চিকিৎসকরাও লিওনিডের বিষয়ে চিন্তিত। এই অস্বাভাবিক উচ্চতা তার স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ বলে তারা মনে করেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/২১৪৬ ঘ.
bdnews24