জুলাই ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- মালয়েশিয়ার বড় এবং জনপ্রিয় তিনটি বইয়ের চেইন শপ কর্তৃপক্ষ মঙ্গলবার থেকে হ্যারি পটারের সদ্য প্রকাশিত বই 'হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ' বিক্রি বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় কিছু দোকানে বইটির মূল্যছাড় দেয়ায় তাদের পক্ষে প্রতিযেগিতামূলক ব্যবসা করা অসম্ভব হয়ে পড়েছে। চেইনশপ তিনটি হচ্ছে- 'এমপিএইচ বুকস্টোর', 'পপুলার বুক' এবং 'টাইমস দি বুকশপ'।
চেইন শপ তিনটির অধীনে পুরো দেশে প্রায় ১০০টিরও বেশি দোকান রয়েছে। সবগুলো দোকানেই হ্যারি পটারের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কারন হিসেবে বলা হয়েছে, ব্রিটেনের টেসকো পিএলসি এবং ফ্রান্সের ক্যারেফোর এসএ দোকানগুলোতে আকর্ষণীয় ডিসকাউন্টে বইটি বিক্রি হচ্ছে, ক্রেতারা তাই তাদের দোকানগুলোতে একই মূল্যে বইটি কিনতে চাইলেও মূল্যহ্রাস করা তাদের পক্ষে অসম্ভব। ক্রেতাদের সঙ্গে বাদানুবাদ থামাতেই এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে তারা।
দামের এই তারতম্যের কারণে গত শনিবার প্রকাশিত বইটির নিদেনপক্ষে ৩২ হাজার কপি অবিক্রিত রয়ে গেছে।
এমপিএইচ বুকস্টোরের মুখপ্রাত্র ডোনাল্ড কি বলেন, "আমরা বইটি আর বিক্রি না করার ব্যাপারে একমত। এক্ষেত্রে ক্রেতারা ভুগবে, কেননা তারাই আর বইটি পাচ্ছে না। এখন বইটির বিক্রি নিয়ে যা চলছে, তাতে বইয়ের ব্যবসার ভবিষ্যত অন্ধকার। তবে হ্যা, যারা অগ্রীম অর্ডার দিয়ে রেখেছিলেন, শুধুমাত্র তাদের কাছে বিক্রি করা হয়েছে, আর কারো কাছে করা হয়নি, হবেও না।"
টোসকো এবং ক্যারেফোর 'হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ' বইটি ৪০ রিঙ্গিত (১১.৪০ মার্কিন ডলার, ৮.২৫ ইউরো) ছাড়ে বিক্রি করছে, যেখানে মূল দাম রাখা হয়েছে ১০৯.৯০ রিঙ্গিত (৩১.৪০ মার্কিন ডলার বা ২২.৭০ ইউরো)।
ডোনাল্ড কি আরো জানান, তাদের দোকানে হ্যারি পটার নির্ধারিত মূল্যে বিক্রি হলেও ঘোষনার আগে যেসব ক্রেতা তাদের দোকান থেকে অন্যান্য সামগ্রী কিনেছিল, তারা কিন্তু হ্যারি পটারের নতুন বইটির ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পেয়েছেন।
সেদেশের বাণিজ্যমন্ত্রী সাফী আকদাল অবশ্য এধরনের মূল্যহ্রাসের পক্ষে, কেননা এতে সাধারন ক্রেতারাই উপক্রত হচ্ছে।
মালয়েশিয়ায় হ্যারি পটারের ডিস্ট্রিবিউটর পেঙ্গুইন বুকস'র ব্যাবস্থাপনা পরিচালক এডি টো জানিয়েছেন, এধরনের মূল্যহ্রাস তাদের কাছে অপ্রত্যাশিত। তিনি আরো বলেন, মূল্য নিয়ন্ত্রন করা সম্ভব না হলেও খুচরা ব্যবসায়ীদের আরো বেশি সহনশীলতার মাধ্যমে কিছু করা উচিৎ।
এমপিএইচ বইটির অগ্রীম ১৫ হাজার কপির অর্ডার পেয়েছিল, অন্যদিকে পপুলার পেয়েছিল ২৮ হাজার কপির। টাইমস দি বুকশপ তাদের সংখ্যা প্রকাশ করেনি।
পুরো বিশ্বে 'হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ'র ১০ মিলিয়নেরও বেশি কপি বিক্রিত হয়েছে। আর হ্যারি পটারের পুরো সিরিজের মোট বিক্রির সংখ্যা ৩৩৫ মিলিয়নেরও বেশি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/আরএইচ/এমডিকে/০৯৪০ ঘ.
bdnews24