২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব জাদু ব্যর্থ হলো, হ্যারি এখন অনলাইনে

বাংলায় যাকে বলে সাড়ে সর্ব্বোনাশ, তাই হয়েছে। প্রায়ান্ধকার ঘরে বই ছাপানো, কুকুর দিয়ে বইঘর পাহারা দেওয়া, স্যাটেলাইট ট্র্যাকিং এর মাধ্যমে বইবাহী লরির ওপর চোখ রাখা...২০ মিলিয়ন ডলারের নিরাপত্তা ব্যবস্থা--- সবই ভেস্তে গেছে। কে বা কারা হ্যারি পটার সিরিজের শেষ বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ' নির্দিষ্ট দিনের আগেই অনলাইনে ছেড়ে দিয়েছে। বুধবার বইটির মার্কিন প্রকাশক স্কলাস্টিক স্বীকার করেছে বিষয়টি। রয়টার্সসহ একাধিক বার্তা সংস্থা ও ওয়েবসাইট থেকে জানা গেছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 03:09 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

নিউ ইয়র্ক, জুলাই ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বাংলায় যাকে বলে সাড়ে সর্ব্বোনাশ, তাই হয়েছে। প্রায়ান্ধকার ঘরে বই ছাপানো, কুকুর দিয়ে বইঘর পাহারা দেওয়া, স্যাটেলাইট ট্র্যাকিং এর মাধ্যমে বইবাহী লরির ওপর চোখ রাখা...২০ মিলিয়ন ডলারের নিরাপত্তা ব্যবস্থা--- সবই ভেস্তে গেছে। কে বা কারা হ্যারি পটার সিরিজের শেষ বই 'হ্যারি পটার অ্যান্ড দি ডেথলি হ্যালোজ' নির্দিষ্ট দিনের আগেই অনলাইনে ছেড়ে দিয়েছে। বুধবার বইটির মার্কিন প্রকাশক স্কলাস্টিক স্বীকার করেছে বিষয়টি। রয়টার্সসহ একাধিক বার্তা সংস্থা ও ওয়েবসাইট থেকে জানা গেছে এ খবর। স্কলাস্টিক জানায়, শনিবার মার্কিন সময় ভোর ৪টার আগে বইটির কোন অংশ প্রকাশ করার ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল সেটি ভঙ্গ করায় তারা বইটির বিপনন সংস্থা লেভি হোম এন্টারটেইনমেন্ট ও ডিপডিসকাউন্টডটকমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে। প্রকাশক বলেন, লেভিই অনলাইন পরিবেশকদের কাছে বইটি সরবরাহ করেছে। মঙ্গলবার থেকেই অনলাইনে পাঠকদের কাছে হ্যারি পটারের সর্বশেষ বইটির গল্প ফাঁস হয়ে গেছে। এই ফাঁসের খবরটা প্রথম জানা যায় ক্যানাডিয়ান ওয়েস্ট নিউজ সার্ভিসের এক রিপোর্টে। সেখানে বলা হয়, ভাঙ্কুভার থেকে বায়রন নামের ৩৩ বছর বয়স্ক এক ভদ্রলোক জানিয়েছেন, তিনি "... ডেথ হ্যালোজ" এর ষাট শতাংশ নেট থেকে ডাউনলোড করতে পেরেছেন। ওই ভদ্রলোক আবিষ্কার করেছেন যে এর আগে কেউ একজন ৭৯৪ পৃষ্ঠার বইটির ৪৯৫ পৃষ্ঠা নেটে ছেড়ে দিয়েছে। ভদ্রলাক জানান, "খুব সম্ভবত কেউ একজন এর ছবি তুলে নিয়েছিল ৫০০ ছোট ছোট ফাইলে। একেকটা ছবিতে একেকটা পৃষ্ঠা ছিল। বেশ কষ্ট করে কেউ একজন কাজটা করেছে।" অনলাইনে বইয়ের প্রত্যেক পাতার ছবি চলে গেছে। তবে সেগুলি আসল ছবি কী না সে ব্যাপারে স্কলাস্টিক কোন মন্তব্য করেনি। ঘটনায় মর্মাহত লেখক জেকে রাউলিং ভক্তদের কাছে আবেদন জানিয়ে বলেছেন, "অনলাইনের এই তথ্যে বিভ্রান্ত হবেন না।" রোলিং তার ওয়েবসাইট জেকে রাউলিংডটকমে ভক্তদের উদ্দেশ্য করে বলেন, " যারা নিজেদের পটার ভক্ত বলে দাবি করো তাদের কাছে আমার অনুরোধ, যারা বইটি পড়তে প্রকাশের দিনটির জন্য উন্মুখ হয়ে আছে তাদের কাছে হ্যারি পটারের কাহিনীর গোপনীয়তা বজায় রেখো।... খুব অল্প সময়ের মধ্যেই তোমরা সব জানতে পারবে।" স্কলাস্টিকও এক বিবৃতিতে আবেদন জানিয়ে বলেছে, "সকলেই, বিশেষ করে গনমাধ্যমের কাছে আমাদের অনুরোধ, তারা যেন ভক্তদের জন্য বইটির মজা ও উত্তেজনাটা ধরে রাখেন।" ডিপডিসকাইন্টডটকম এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ইনফিনিটি রিসোর্স এর ভাইস প্রেসিডেন্ট এন্ড্রু মসক্রিপ অপরাধীকে খুঁজে বের করা ও কাঠগড়ায় দাঁড় করানো প্রসঙ্গে বলেছেন, "আমরা বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছি।" ইলিনয়ের এক আদালতে এ ব্যাপারে কাগজপত্রও দাখিল করেছে প্রকাশক। সেখানে তিনি লিখেছেন, বইটির পরিবেশক লেভি এন্টারটেইনমেন্ট বইটি 'বাইরে' না যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারে নি। দি বাল্টিমোর সান পত্রিকার এক প্রতিবেদনে এক ক্রেতার কথা উল্লেখ করা হয়েছে যে আগেই বইয়ের কপি পেয়ে গেছে। খবরটি দেখার পর স্কলাস্টিক এ ব্যাপারে আইনি উদ্যোগ নেওয়ার জন্য সক্রিয় হয়। বুধবার বইটির একটি সমালোচনাও ছাপা হয় বাল্টিমোর সানে। পত্রিকাটি জানায় তাদের এক রিপোর্টারের আত্মীয়ের কাছ থেকে তারা বইটি পেয়েছেন। বইটির সমালোচনায় বলা হয়, "এই পর্বে উত্তেজনা আর হিউমারের পরিমান অনেক কম। আগের উপন্যাসগুলোতে এসবই পাঠকদের টেনেছিল বেশি। তবে এ বইয়ে সাধনালদ্ধ প্রজ্ঞার কাহিনী সেই অভাব পুরণ করে দিয়েছে।" বুধবারেই অনলাইন বিক্রয় প্রতিষ্ঠান ইবেতে এক কপি বই বিক্রয়ের খবর দেয় একজন। যিনি দাবি করেন, নির্দিষ্ট দিনের আগেই তিনি বইটি পেয়ে গেছেন। এদিকে সোমবার ক্যালিফোর্নিয়াভিত্তিক গেইয়া অনলাইনকে আদালতে হাজির হওয়ার জন্য লিখিত তলবনামা পাঠানো হয়েছে স্কলাস্টিকের পক্ষে। গেইয়া অনলাইন টিনএজারদের একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। ফাঁস হয়ে যাওয়া হ্যারি পটারের বইয়ের লেখা ও ছবি এরা অনলাইনে পোস্ট করে। গেইয়া অনলাইন এক বিবৃতিতে বলেছে, "গেইয়া অনলাইন দ্রুত তাদের সাইট থেকে এর লিঙ্ক সরিয়ে ফেলেছে।" কিন্তু ইউজারদের কাছে ব্যাপকভাবে চলে যাওয়া ঠেকিয়ে রাখা যে সত্যিই মুশকিল সেটা বোঝা যাচ্ছে বিগশ্যাম্পেন মিডিয়া মেজারমেন্ট-এর এক হিসাব থেকে। তাতে দেখা গেছে বুধবার বইটির পৃষ্ঠাগুলির ছবি প্রতি সেকেন্ডে ডাউনলোড হয়ে চলেছে। সোমবারেই প্রায় ৫০ হাজার বার ডাউনলোড হয়েছে। বিগশ্যাম্পেনের প্রধান নির্বাহী এরিক গারল্যান্ডের বিশ্বাস সাইটের ছবিগুলো আসল ছবিই হবে। হ্যারি পটারের প্রথম ৬টি বই ৩২৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে দুনিয়াব্যাপী। বইটি অনলাইনে প্রকাশ হয়ে পড়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অনেক পটার ভক্ত। মাগলনেটডটকমে এক ভক্ত লিখেছেন, "এমন একটা মজা নষ্ট করে যারা তাদের আমি ঘৃণা করি। বৈধভাবে যারা বইটি উপভোগ করতে চেয়েছিল তাদের আনন্দটাই নষ্ট করে দিয়েছে এরা।" আরেকজন লিখেছে, "আমার মনে হয় এর চেয়ে বাজে কাজ আর কিছু হতে পারে না। বিশেষ করে সবাই যখন বিশ্বাস করে আছে কেউ এ ধরণের কিছু করবে না। মানুষ কী নির্বোধ।" নিদ্দিষ্ট সময়ের আগে অনলাইনে এভাবে বেশ কিছু বই প্রকাশের ঘটনায় তোলপাড় হয়েছিল। এর মধ্যে রয়েছে ও জে সিম্পসনের 'ইফ আই ডিড ইট' এবং 'স্টার ওয়ারস এপিসোড থ্রি'। পুনশ্চ: স্কলাসটিক স্বীকার করা সত্ত্বেও বইটির যুক্তরাজ্যের প্রকাশক ব্লুমসবারির বিপণন পরিচালক মিনা ফ্রাই অবশ্য বিষয়টিকে পাত্তা দিতে চাননি, "গত পাঁচ/ছয় সপ্তাহ ধরে ইন্টারনেটে এতো নকল হ্যারি পটার আসছে যে বিশ্বাস করার কোন কারণ নেই যে এই হ্যারি পটারটাই আসল।" ব্লুমসবারির কর্মকর্তারা এ কথাও বলেছেন যে ইন্টারনেটে এ বইয়ের বিভিন্ন রকম সংষ্করণ দেখা যাচ্ছে। ফলে কোনটা যে আসল ঠাহর করা মুশকিল। এগুলির কোনটি যথার্থ সে সম্পর্কে তারা মুখ খুলতে নারাজ। তারা জনপ্রিয় দুটি ওয়েবসাইট ইউটিউব ও মাইস্পেসকে অনুরোধ করেছেন তারা যেন হ্যারি পটারের বইয়ের কোন পোস্টিং অনুমোদন না করেন। গত মাসে গ্যাব্রিয়েল নামের এক হ্যাকার দাবি করেছিল যে সে ব্লুমসবারির কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে। তবে পটারের বন্ধু রনের ভবিষ্যত নিয়ে সে যা বলেছে তার সঙ্গে মিল নেই সদ্য ফাঁস হওয়া গল্পের। ব্লুমসবারি কর্তৃপক্ষ এখনও জোর দাবি জানাচ্ছে যে আসলে কিছুই ফাঁস হয়নি। তাদের কথা, সব কিছু জানা যাবে শনিবার। ভক্তরা অপেক্ষা করুন। শুক্রবার মাঝরাতে ঘড়ির কাঁটা বারোটা ছুঁলেই সব রহস্য পরিষ্কার হয়ে যাবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২১০৫ ঘ