জুলাই ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম)- কান পাততে হচ্ছে না, এমনিতেই শুনতে পাওয়া যাচ্ছে হ্যারি পটারের নানা রকম রেকর্ড ভাঙ্গার শব্দ। বই এবং চলচ্চিত্র দুই ক্ষেত্রেই অন্য সবকিছুকে পেছনে ফেলে বিপুল বিক্রমে এগিয়ে চলছে হ্যারি পটারের জয়রথ। এবার ডাকটিকেটের উপর ভর করেছে হ্যারি। পটারকে নিয়ে ব্রিটেনে সাতটি ডাকটিকেটের একটি সিরিজ প্রকাশিত হবার আগেই তিন লাখ ৪০ হাজার লোক অগ্রিম বুকিং দিয়ে রেখেছিলো। এর আগের রেকর্ডটি ছিলো সঙ্গীত দল বিটলসের দখলে। তাদের নিয়ে জানুয়ারি মাসে প্রকাশিত হওয়া সেই ডাকটিকেটের অগ্রিম অর্ডার এসেছিলো তিন লাখের কাছাকাছি।
মঙ্গলবার ডাকটিকেটের এই সিরিজটি প্রকাশিত হয়েছে। হ্যারি পটারের বইয়ের প্রচ্ছদ সম্বলিত ডাকটিকেট ছাড়াও একই দিনে রয়েল মেইল প্রকাশ করেছে হগওয়ার্টস জাদু স্কুল এবং তার চারটি হাউস গ্রিফিনডোর, হাফলপাফ, রেভেনক্ল এবং স্লিথেরিন নিয়ে পাঁচটি ডাকটিকেটের একটি সিরিজ। ইন্টারনেটেও এটি পাওয়া যাবে। মজার বিষয় হচ্ছে অনলাইনে পটার ভক্তরা নিজেদের ছবি যুক্ত করে ডাকটিকেটগুলোকে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবে।
ব্রিটেনের ৪০ হাজার পোষ্টঅফিসে আগামী একমাস এই ডাকটিকেটগুলো কিনতে পাওয়া যাবে। আর অনলাইনে পাওয়া যাবে এক বছর ধরে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএন/এমআইআর/ ২০৫৮ ঘ.
bdnews24