কলমবন্ধু
‘এই মেয়েটাই আমাদের বাঁচিয়ে দিয়েছে।’ সবাই ঝুঁকে পড়ল ছবিটার উপর। বাবা-মায়ের সঙ্গে আশিকের সেলফি। বোঝাই যাচ্ছে, আশিকের বাবা তুলেছে ছবিটা, তার ডান হাতের কনুই পর্যন্ত দেখা যাচ্ছে।
বাবার পেছনে আশিকের মা আর আশিক। দুজনেই হাসছে। আশিকের পেছনে মেয়েটা। ব্লু রঙের ড্রেস পরনে। তারও পেছনে নীল সমুদ্র। এই মুহূর্তে ক্লাস সেভেনের দশ-বারো জন ছাত্রের কেউই সমুদ্র দেখছে না, সবাই খুঁটিয়ে দেখছে মেয়েটিকে। তাদের চেয়ে বছর পাঁচেকের বড় হবে বড়জোর। পনিটেইল করা চুল। হাসছে।
কক্সবাজার থেকে ঘুরে এসে বেশ কিছু ছবি প্রিন্ট করে নিয়ে এসেছে আশিক। গোল হয়ে বসে সেগুলি দেখছে ওর বন্ধুরা। বন্ধুদের প্রায় সবাইই সবার বাবা-মাকে চেনে। মাঝে মধ্যে স্কুলে আসেন তারা। একমাত্র আশিকের বাবা-মা স্কুলে কম আসেন, তবে প্যারেন্টস ডে-তে আসেন দুজনেই। আরেকটা ব্যাপার, বাবাদের মধ্যে একমাত্র আশিকের বাবারই মোটা গোঁফ আছে। মাশরুর বলে, বড় হয়ে সে আশিকের বাবার মতো মোটা গোঁফ রাখবে।
অচেনা মেয়েটির দিকে আঙুল রেখে মৃণাল জিজ্ঞেস করল, ‘এই মেয়েটা তোদের বাঁচিয়েছে? একটা মেয়ে! তোদের তিনজনকে বাঁচিয়েছে? কী বলিস! ধ্যাত!’
সায়েম, অমিয়, পিয়াসের ভঙ্গিও কেমন সন্দেহপ্রবণ। তাদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে হাসতে আশিক বলল, ‘একটা মেয়ে না তো। আসলে এই মেয়েটার একটা টিম আছে। ওরা সমুদ্রে ডুবে যাওয়া মানুষদের বাঁচায়। ওই যে বে ওয়াচ দেখিসনি, মুভি? ওদের মতোই।’
ক্লাস সেভেনের ছেলেরা এ-ওর মুখ চাওয়াচাওয়ি করছে। এদের প্রায় প্রত্যেকেই লুকিয়ে বে ওয়াচ দেখেছে। বড়দের মুভি। একটা দলকে নিয়ে কাহিনি, যারা সমুদ্রে কেউ বিপদে পড়লে মুহূর্তে এসে ভিকটিমকে বাঁচায়। কক্সবাজারেও এমন দল আছে? কই তারা তো কদিন আগেই কক্সবাজার থেকে ঘুরে এল। ট্যুরে গিয়েছিল স্কুলের হয়ে। এমন কোনো টিম তো চোখে পড়েনি তখন!
আশিক যেতে পারেনি তাদের সাথে। ওর বাবা অসুস্থ হয়ে গিয়েছিল হঠাৎ, তাই যায়নি। তখন অমিয়সহ বেশ কয়েকজন, যারা ভেতরে ভেতরে আশিককে ঈর্ষা করে, খুব মজা পেয়েছিল। গতবারও যায়নি আশিক, তার মা অসুস্থ ছিল। অথচ এবার না যেতে পারার জন্যই যেন আশিকের প্রতি সবার ঈর্ষাটা বেড়ে গেল আরও। ওদের সাথে ট্যুরে গেলে তো আর আশিকের এই রোমাঞ্চকর অভিজ্ঞতাটা আর হতো না! তারিয়ে তারিয়ে এমন গল্পও বলতে পারত না তখন আশিক।
আশিককে ঈর্ষা করার বেশ কিছু কারণ আছে, অন্তত অমিয়র। ক্লাসে অমিয় ফার্স্ট বয়। অবশ্য ক্লাস সেভেনে একমাত্র আশিকই ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টে স্কুলের টিমে খেলেছে। এবার সে ম্যান অব দ্য সিরিজও হয়েছে। বড় একটা ট্রফি পেয়েছে, সোনালী রঙের। সবাই জানে, এইটে উঠলেই আশিক স্কুল টিমের ক্যাপ্টেন হবে। সেভেনেরও ক্লাস-ক্যাপ্টেন সে। স্যাররা পছন্দ করেন তাকে। অমিয় এত ভালো আবৃত্তি করে, তাও প্রতিবার আবৃত্তিতে ফার্স্ট প্রাইজটা স্যাররা ইচ্ছা করে আশিককে দেন বলে তার ধারণা।
আচমকা সায়েম বলল, ‘আচ্ছা, বল তো তাহলে, কী ঘটেছিল?’
আশিক মিটি মিটি হাসতে থাকে। বলছি...
২.
ইন্টার স্কুল ক্রিকেট সিরিজ শুরু হওয়ার আগেই শোনা গিয়েছিল, বয়েজ স্কুল থেকে সামনের মাসে ক্লাস সেভেন স্টাডি ট্যুরে কক্সবাজার যাচ্ছে। সাথে যাবেন ক্লাস টিচার সুরেন স্যার আর অংকের শিক্ষক মাহবুব স্যার। ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত প্রত্যেক ক্লাসই ট্যুরে যায় প্রতি বছর। গত বছর তারা যখন সিক্সে পড়ত, সাগরদাঁড়ি গিয়েছিল। এবার কক্সবাজার। এক হাজার টাকা চাঁদা।
প্রবল উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিল সবাই। পুরো ক্লাসে একমাত্র দীপ্রই সমুদ্র দেখেছে। সেখানে নাকি অথই পানি। কোনো কূল কিনারা নেই। আকাশ নীল, পানি নীল। আর নোনা। মুখে দেওয়ার উপায় নেই একদম। সেই নোনা গন্ধ ভেসে আসে বাতাসে। আর সাঁতার কাটা নাকি খুব সহজ সমুদ্রে। গভীর রাতে আকাশ বিশাল হয়ে যায়। আকাশ ভরা তারা আর তারা। ঝাঁক ঝাঁক তারা!
দীপ্রর গল্প শুনতে শুনতে সবার কান ঝালাপালা। ভেতরে ভেতরে সবাই অবশ্য উদগ্রীব হয়ে ছিল, কবে সমুদ্র দেখতে পাবে। কক্সবাজারের খবর শোনার পর অনেকেই সমুদ্র নিয়ে স্বপ্ন পর্যন্ত দেখে ফেলেছে। আশিকও বাদ যায়নি।
গতবার সবাই যখন সাগরদাঁড়ি গেল, আশিকের যাওয়া হয়নি। কীসব সমস্যার কথা বলে বাবা যেতে দেননি। পরে অবশ্য মা বলেছিল তাকে, চাঁদার টাকা জোগাড় করতে পারেননি বাবা। যে টাকা বেতন পান তিনি, তা দিয়ে ছেলের লেখাপড়ার খরচ জোগাতেই হিমসিম খেতে হয়, এর মধ্যে ট্যুরের জন্য চাঁদার টাকাটা জোগাড় করা সম্ভব হয়নি তার পক্ষে। গত মাসে হঠাৎ যে অসুখে পড়ে গেলেন মা, তার জন্য বেশ কয়েক জায়গায় বাবাকে ধার করতে হয়েছিল। নতুন করে ধার পাওয়ারও উপায় ছিল না। সুতরাং সাগরদাঁড়ি যাওয়া হচ্ছে না। বাবা-মা চানও না ছেলেকে মিথ্যে বলতে, তাই সত্যিটা বলছেন।
আশিকের খুব মন খারাপ হয়ে গেল। সেটা আরও বাড়ল, যখন সাগরদাঁড়ি থেকে এসে সবাই গোল হয়ে বসে ছবি দেখতে লাগল। একটা ভাস্কর্যের দিকে আঙুল রেখে অমিয় বলল আশিককে, ‘একে চিনিস? মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদবধ কাব্য লিখেছেন। ওই যে একটা কবিতা পড়িসনি, ‘রসাল ও স্বর্ণলতিকা’, মাইকেলের লেখা। দারুণ জিনিয়াস কবি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব ভালবাসতেন তাকে।’
আশিক বলে, ‘এহ, কি কুৎসিত ভাস্কর্য!’ যদিও সে জানে, এটা মোটেই কুৎসিত না।
সেবার অমিয়রা খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি গল্প শোনায় আশিককে। আশিক বলে, ‘বাবা বলেছে, মা সুস্থ হলেই আমরা একসাথে সাগরদাঁড়ি যাব।’
সে আরেক বিপদ। দুদিন পরপরই অমিয় জিজ্ঞেস করে, ‘কীরে, আন্টি সুস্থ হননি? কবে যাচ্ছিস? ছবি তুলে আনিস।’
প্রথম যেদিন কক্সবাজার যাওয়ার কথা কানে আসে আশিকের, বুকটা ধক করে ওঠে। কেন যেন মনে হয়, এবারও যাওয়া হচ্ছে না তার। কোনো না কোনো ঝামেলা এবারও হবে। নিশ্চয়ই বাবার আরও ধার আছে। ফেব্রুয়ারিতে তো তার নিজেরই হঠাৎ টাইফয়েড হয়েছিল। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাতে কি সামান্য ধারও হয়নি বাবার?
দিন পনেরো আগে সুরেন স্যার বললেন, ‘আমরা কক্সবাজার যাচ্ছি এবার, ট্যুরে। যারা যেতে চাও, এক হাজার টাকা নিয়ে আসবে আগামী সপ্তাহে। চাঁদা। কারা কারা যেতে চাও, আশিকের কাছে নাম লিখিয়ে যেও।’
তিন দিনের মধ্যে সবার লিস্ট জমা হয়ে যায় আশিকের কাছে। প্রায় সবাইই যাচ্ছে। রাফিন যাচ্ছে না, অস্ট্রেলিয়া থেকে তার মামা আসবে। মিখাইল যাচ্ছে না, তারা গ্রামে যাচ্ছে। লিস্টে আর আশিকেরই নাম নেই শুধু।
আশিক বাড়িতে কিছু জানায়ই না এবার। বাড়িতে কিছু একটা ঝামেলা যাচ্ছে, আঁচ করতে পেরেছে সে। স্কুল থেকে ফিরে বাবাকে প্রায়ই বাড়িতে পাওয়া যায়। সম্ভবত অফিসে যাচ্ছেন না। কম্পিউটারে বসে বসে ফটোশপের কাজ করেন সারাদিন। মাস তিনেক ধরে কাজ শিখছেন। শুধু চাকরিতে পোষাচ্ছিল না বলে রাতে দুতিন ঘন্টা ফটোশপের কাজ করেন। প্রথম দিকে তেমন কাজ পাওয়া যায়নি, ইদানিং কিছু কাজ আসছে। বাড়তি আয় হয় বাবার।
বাবাকে রোজ বিকেলে বাড়িতে দেখে মাকে জিজ্ঞেস করে আশিক, ‘কী হয়েছে, মা? বাবা অফিসে যান না কেন?’
মা জানান, বাবার চাকরিটা চলে গেছে হঠাৎ। এর বেশি আর কিছু জানান না তিনি।
এরপর আর ট্যুরের চাঁদা চাওয়া যায় না।
সবাই যখন ট্যুরে, আশিক এসে বসল একদিন বাবার পাশে। বাবা তার হাত ধরে টেনে বসালেন কোলে। এত বড় হয়ে বাবার কোলে বসতে লজ্জা লাগে আশিকের। আজ অবশ্য লাগল না। সে তাকিয়ে থাকল কম্পিউটার স্ক্রিনের দিকে। তখন আশিকের মাথায় হাত বুলাতে বুলাতে বাবা জিজ্ঞেস করলেন, ‘ফটোশপের কাজ শিখবি, আশিক?’
আশিক মাথা নাড়ে।
৩.
‘কক্সবাজারে আমার চাচ্চু থাকেন। তার বাড়িতেই উঠি আমরা। হোটেলে উঠতে চেয়েছিলেন বাবা। চাচ্চু মানলেনই না। পরদিন যখন আমরা সমুদ্রে গেলাম, চাচ্চু আসতে চেয়েছিল, হঠাৎ কী একটা কাজ পড়ে যাওয়ায় শেষে গেলেন না। তবে সবকিছু এত নিখুঁতভাবে বলে দিলেন যে, আমাদের কোনো সমস্যাই হয়নি।
দুপুরের দিকে সমুদ্রে নামলাম তিনজন। দেখেই বুক জুড়িয়ে গেল আমার। এত্ত বড়! বিশাআআল! তোরা তো দেখেইছিস।
‘যেদিকটাতে লোকজন কম ছিল, আমরা সেখানেই নেমেছিলাম। গরম বালু। রোদে পিঠ পুড়ে যাচ্ছিল। মা বিড় বিড় করে একবার বললেন, এমন রোদে খইয়ের ধান রেখে দিলে নাকি খই ফুটবে। আমার কাছে অবশ্য রোদটা খুবই ভালো লাগছিল। এই রোদ ভালো না লেগে কই যায়? জানিসই তো তোরা।’
‘হ্যাঁ হ্যাঁ, জানি। তুই বল।’ আশিককে বাধা দেয় পিয়াস। সেদিকে তাকিয়ে আশিক সামান্য হাসে।
‘হঠাৎ কমে আসতে থাকে রোদ। কোত্থেকে মেঘ এসে জড়ো হয়। আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসে। বাতাসও বেড়ে যায়। মিহি যে বাতাস ছিল, সেটা অনেক তীব্র হতে থাকে। তখনই নোনা গন্ধ পাই আমরা। মা ভয় পেয়ে যান। বাবা বলেন, ভয় পাওয়ার কিছু নেই, বরং এ ধরনের আবহাওয়া উপভোগ করা উচিত।
‘মা কিছু বলেন না আর। লোকজন সমুদ্র থেকে উঠে যায়। সেদিকে তাকিয়ে মা আবার বলেন, ঝড় আসবে বোধ হয়। চলো, আমরা চলে যাই।
‘বাবা রাজি হন না। আজই আবার ফিরতে হবে। বেশি ছুটি পাননি। বলেন, আমরা তীরের কাছেই থাকব। সমস্যা হবে না। আশিক এত চাইছিল, থাকি না-হয় আর কিছুক্ষণ। ওর মন খারাপ হবে। আর আমরা তিনজনই তো সাঁতার জানি, ভয় নেই।
‘আমিও বাবার সাথে একমত হই। আমার একদমই ভয় করছিল না তখন। এরপর মিনিট পাঁচেক ছিলাম সমুদ্রে, এর মধ্যে ঝড় আসলো। এমন প্রচণ্ড ঝড় দেখিনি আমি আগে। তাড়াতাড়ি তীরে উঠতে যাই আমরা। সেই মুহূর্তে একটি বড় ঢেউ এসে ঠেলে নেয় আমাকে। আবার টেনেও নেয়। বাবার হাত ছুটে যায়। মায়ের চিৎকার শুনি একবার। তারপর আর কিচ্ছু শোনা যায় না। শুধু ঝড়ের গর্জন, শোঁ শোঁ শব্দ। আর ঢেউয়ের ধাক্কা। পেটে নোনা পানি চলে যায় আমার। সাঁতরানোর চেষ্টা করলাম, কিন্তু সাঁতরে তীরে যাচ্ছি, না উলটোদিকে বুঝতে পারি না। কিছুক্ষণ পর মনে হলো অজ্ঞান হয়ে যাচ্ছি। সম্ভবত গেলামও। কারণ পরে আর কিছু মনে নেই। শুধু মনে আছে, একটা হাত টের পেলাম যেন। আমার বাহু ধরে টানছে। মনে হলো বাবা।
নিশ্চিত হয়ে নিজেকে ছেড়ে দিলাম।
হাসপাতালে জ্ঞান ফেরে। চোখ মেলে দেখি ধবধবে সাদা দেয়াল। টিকটিক করে ঘড়ি চলছে একটা। পাশেই মা। কাঁদছেন। বাবাও পাশে দাঁড়ানো। আর একটা অচেনা মেয়ে। পরে জানতে পারি, এই মেয়েটাই আমাকে বাঁচিয়েছে। ঝড় শুরু হতেই তাদের উদ্ধারকারী টিম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। আমাকে যখন সমুদ্র ভাসিয়ে নিচ্ছিল, এক লাফে এসে ঝাঁপিয়ে পড়ে সে, জীবনের তোয়াক্কা না করে। সাক্ষাৎ দেবদূত।
সবাই হাঁ হয়ে শুনছিল। আশিক থামতেই মাশরুর জিজ্ঞেস করল, ‘তাহলে এই মেয়েটার সাথে সাগরতীরে ছবি তুললি কীভাবে? তোদের না সেদিনই চলে আসার কথা?’
‘নাহ। পরদিন বাবা আবার আমাদের নিয়ে সমুদ্রে যান। বলেন, যেহেতু এসেছি, ভালোভাবে দেখেই যাব।
‘একদিন অফিস কামাই হয়েছিল তার। পরদিন অবশ্য আমাদের সাথে তমা আপুও ছিল।’
সায়েম জিজ্ঞেস করল, ‘তমা আপু কে?’
এটার জবাব আর আশিককে দিতে হয় না। পিয়াস বলে, ‘এতটুকুও বুঝতে পারছিন না! উদ্ধারকারী এই মেয়েটাই তমা। এই যে ছবিতে হাসছে। কী বলিস, আশিক?’
আশিক সায় দেয়, ‘হুম। আমাদের বন্ধুত্ব হয়ে গিয়েছে।’
‘এত বড় মেয়ের সাথে বন্ধুত্ব হয় নাকি?’ অমিয় সন্দিহান গলায় বলে। যদিও তার কণ্ঠ দুর্বল।
আশিক বলে, ‘হবে না কেন? আমরা এখন পেন ফ্রেন্ড। পেন ফ্রেন্ড চিনিস তো তোরা?’
সুমিত বলে, ‘আগে যখন মোবাইল, ফেইসবুক ছিল না, তখন চিঠির মাধ্যমে অচেনা অনেকের সাথে বন্ধুত্ব হতো। এরাই তো পেন ফ্রেন্ড? বাংলায় কলমবন্ধু। ঠিক না আশিক?’
আশিক আবার সায় দিয়ে বলে, ‘একদম ঠিক, সুমিত। বাবা তো মোবাইল ব্যবহার করতে দেন না আমাকে। তাই চিঠি লিখতে হয়। তমা আপু অনেক জায়গায় ঘুরিয়েছে আমায়। একটা বালুঘড়ি গিফট দিয়েছে। আসার সময় ঠিকানা দিয়েছে চিঠি লেখার জন্য। আমিও দিয়ে এসেছি আমার ঠিকানা।’
অমিয় বলল, ‘চিঠি লিখেছে তোকে তমা আপু? দেখিস, চিঠি লিখবে না। এত ব্যস্ত! এত বড় বড় কাজ করে! ভুলে যাবে, দেখিস।’
‘এই দেখ, তমা আপু চিঠি লিখেছে আমাকে...।’
আশিক পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বের করে ভাঁজ খুলতে থাকে। সবাই তন্ময় হয়ে তাকিয়ে থাকে সেদিকে।
৪.
এক মাসে ফটোশপের অনেক কাজই শিখে ফেলে আশিক। পুরো গ্রীষ্মের ছুটি সে ফটোশপের কাজ প্রাকটিস করে কাটিয়েছে। এখন বাবার থেকেও ভালো ফটোশপের কাজ করতে পারে সে। এই যে বাসায় বাবার তোলা সেলফিটির পেছনের ব্যাকগ্রাউন্ড সরিয়ে সেখানে বসিয়েছে সমুদ্রের ছবি, আবার নিজের পাশেই বসিয়েছে অচেনা একটি মেয়ের ছবি, এসব তো সে নিখুঁতভাবেই করতে পেরেছে। আর যে গল্পটা ক্লাসের সবাইকে বলেছে, সেটা পুরোপুরি মিথ্যেও নয়। কক্সবাজার নিয়ে এমন একটা স্বপ্ন আশিক দেখেছিল কদিন আগে। সেই স্বপ্নটাই হুবহু সবাইকে বলেছে শুধু।
আর হাতের লেখা সামান্য পালটে একটা চিঠি লিখতে হয়েছে, কলমবন্ধুর হয়ে।
| কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
