বেঁটে ভূতের হ্যালোউইন প্যারেড দেখা
পরম, পূর্ণ আর টুপুর তিন ভাইবোন। পূর্ণ হচ্ছে পরম আর টুপুরের মাসতুতো ভাই। তবে তিনজনে ভাব আপন ভাই-বোনের চেয়েও বেশি।
আরেকটা জিনিস, এরা তিনজন শুধু পাড়ার নয়, এই শহরের সেরা দুষ্টু বাচ্চা। পরম সবার বড় আর তুলনামূলক শান্ত। সে নিজেকে তাদের নেতা ভাবে, তবে বাকি দুজন তেমনটা মানে না।
সবার ছোট টুপুর হাঁটা শিখেছে খুব বেশিদিন হয়নি, তবে দৌড় ঝাঁপে তার জুড়ি নেই। যখন তখন সবার অগোচরে দুই তলা তিন তলায় উঠে যায়, পূর্ণর সঙ্গ পেলে তো আর কথা নেই। আধো আধো বুলিতে কথাও বলে, তবে পরম আর পূর্ণ ছাড়া কেউ খুব একটা তার কথার অর্থ বোঝে না।
এই তিনজনার সোনায় সোহাগা হয়েছে এখন। তাদের দাদু-দিদা যাবেন আমেরিকা, বাসায় সবাই ব্যস্ত। তাই তারাও ছাড় পেয়েছে বেশ। দিনভর দৌড়ঝাঁপ, লাফালাফি থেকে ভাঙ্গাভাঙ্গি, সুযোগটা ভালোই ব্যবহার করছে তারা।
এরই মধ্যে ঘটল এক বিচিত্র ঘটনা। পরম আর পূর্ণ ট্যাব দেখছিল আপন মনে, এমন সময় টুপুর হন্তদন্ত হয়ে ছুটে এল উপর তলার স্টোর রুম থেকে। সে আধো আধো বুলিতে যা বলল তার মর্মার্থ হলো- উপরে একটা মজার জিনিস আছে দেখবে চলো।
তারা তিনজন এরপর সবার চোখ এড়িয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে স্টোর রুমের দিকে এগিয়ে গেল। বড়রা তাদের একা সিঁড়ি ভাঙতে তো দেয়-ই না তারা সঙ্গে থাকলেও খুব বাড়াবাড়ি করে। এখন এর কারণ অবশ্য তারা বোঝে না, বড় হলে হয়ত বুঝবে।
স্টোর রুমে আলো আগে থেকেই জ্বালানো ছিলো। বিভিন্ন পুরনো জিনিসে ঠাসা স্টোর রুমে বাচ্চাদের আসতে মানা। তবে সবাই ব্যস্ত থাকার সুযোগে ছোট্ট টুপুর এখন প্রায়ই এ ঘরে আসে। তিনজন ঘরে ঢোকার কিছুক্ষণ পর হঠাৎ সব কিছু যেন নড়ে উঠল। ঘরে জমে থাকা ধুলাগুলো যেন কুণ্ডলী পাকিয়ে গেল ঘূর্ণিঝড়ের আবর্তের মতো, এরপর সেটা সবার চোখের সামনে এক ছোট্ট কিম্ভূতকিমাকার প্রাণীর আকার ধারণ করল।
এটা দেখে পরম পূর্ণ দুই ভাই ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। তবে টুপুর একটুও ভয় পেল না, বরং ছোট বাচ্চারা পরিচিত কাউকে দেখলে খুশির যে অভিব্যক্তি প্রকাশ করে তাই করল। অদ্ভুত প্রাণীটা নাকি সুরে বলে উঠল, অ্যাঁমার নাম বেঁটে ভূত…।
বলামাত্রই পরম আর পূর্ণ দিল এক ভোঁ দৌড়, তাদের ধাক্কায় দেয়ালে কাত করে রাখা কিছু কাটবোর্ড আর বাক্স হুড়মুড় করে পড়ে গেল, যার নিচে চাপা পড়ে গেল টুপুর। আঘাত না পেলেও আটকা পরে কান্না করতে লাগল সে।
বোনের এরকম বিপদে ভূতের ভয় যেন হাওয়া হয়ে গেল দুই ছোট্ট ভাইয়ের। তারা প্রাণপনে কাটবোর্ডগুলো সরাতে চেষ্টা করল, কিন্তু পারল না।
এমন সময় বেঁটে ভূত আবার নাকি সুরে বলে উঠল- তোমরা ভয় পেও না, আমি দেখছি। বলামাত্রই এক হাতের সাহায্যে কাটবোর্ডগুলো তুলে ধরল সে। টুপুর হামাগুড়ি দিয়ে বেড়িয়ে এল, এসেই দুই ভাইকে জড়িয়ে ধরল। তিনজনই খুশি, তবে ভয় মেশানো মিশ্র অনুভূতিও স্পষ্ট। তবে এটুকু তারা বুঝতে পারল যে, বেঁটে ভূত ততটা খারাপ নয়।
বেঁটে ভূত আবার নাকি সুরে বলতে শুরু করল- তোমরা ভয় পেওনা বাছারা। আমি ভালো ভূত, খারাপ নই। আমি কারো ক্ষতি করি না বরং উপকার করি। কিন্তু তুমি এখানে এসেছো কেন? চিৎকার করে উঠল পূর্ণ।
বেঁটে ভূত বলল, আমি যাযাবর ভূত। যাযাবর মানে হয়ত তোমরা বোঝ না। যারা ঘুরে বেড়ায়, এক জায়গায় থাকে না। আমিও ঘুরে ঘুরে বেড়াই, অনেক দেশ দেখেছি। যখনই শুনি কেউ বিদেশ যাবে, তাদের মালপত্রে ঢুকে ভিনদেশে যাই।
পরম জিজ্ঞেস করল, আমাদের দাদু দিদা বিদেশ যাবে তুমি জানলে কিভাবে? বাদুড়েরা বলাবলি করছিল। তারা আমাদের ইনফর্মার বলতে পারো। তারা আবার শোনে বেড়ালের কাছ থেকে। আমি জানার পর তোমাদের স্টোর রুমে আশ্রয় নেই। এখানেই টুপুরের সঙ্গে পরিচয়। ও খুব ভালো মেয়ে, মানুষেরা আমাদের উপস্থিতি টের পেলে ভয় পায় বা গালমন্দ করে। কিন্তু ও খুব ভালো, খুব সুন্দর গল্প করে। আমি ওকে অনেক চকলেট এনে দিয়েছি।
চুরি করে যে এনেছে সেটা ভূত তাদের বলেনি, কারণ সে বাচ্চাদের মন্দ কাজ শেখাতে চায় না। পরমের তখন মনে পড়ল, সে একদিন টুপুর আর পূর্ণকে প্রচুর চকলেট খেতে দেখেছে, তাকেও দিয়েছে অবশ্য। সে ভেবেছে দিন রাত মানুষ আসছে আমেরিকাগামী দাদু-দিদার সঙ্গে বিদেশে থাকা প্রিয়জনদের কাছে উপহার পাঠাতে, এরাই হয়ত দিয়েছে।
সে টুপুরের দিকে চেয়ে ধমকের সুরে বলে উঠল, টুপুর তোমাকে বলেছি না, অপরিচিত মানুষের কাছ থেকে কিছু নিবে না কখনো!
চকলেটের বড় ভাগ পেয়েছে তা-ই কিনা, পূর্ণ বলে উঠল, অপরিচিত ভূতের কাছ থেকে নিবে না তা তো বলোনি।
অপরিচিত ভূতের কাছ থেকেও নিবে না, বিরক্তি নিয়ে বলল পরম।
বেঁটে ভূত আবার বলল, আমি ইউরোপ আফ্রিকার অনেক দেশ দেখেছি, কিন্তু আমেরিকা কখনো যাইনি বাপু। আমার খুব শখ আমেরিকার নিউ ইয়র্কের হ্যালোউইনের প্যারেড দেখবো, সেখানে বিভিন্ন রকম ভূত সেজে লোকে মিছিল করে, আমার মতো সত্যি সত্যি ভূতেরাও সেখানে মিশে থাকে, লোকে বোঝে না। তোমার দাদু দিদারা তো ওই নিউ ইয়র্কেই যাচ্ছেন, দাও না বাছারা আমাকে কোন বোতল বয়ামে ভরে ওদের ব্যাগের কোন এক কোণে ঢুকিয়ে।
দাও না, দাও না। পরমের হাত ধরে বলে উঠল পূর্ণ আর টুপুর।
এমন সময় নিচে থেকে ডাক এল- এই, স্টোর রুমে কে রে?
বেঁটে ভূত কিছুটা ভয় পেয়ে আড়ালে সরে পড়ল। পরম ছোট দুই ভাই বোনের হাত শক্ত করে ধরে নিচে নেমে এল। উৎসুক চোখে তাকিয়ে থাকল বেঁটে ভূত।
অলঙ্করণ: অমিয় সরকার
পরম আস্তে আস্তে তার পকেট থেকে একটা ছোট্ট শিশি বের করল, এতে ঢুকতে পারবে তুমি? শিশির ঢাকনা খুলে জিজ্ঞেস করল সে। আলবত পারব, বলে নিজেকে ধোঁয়ার কুণ্ডলীতে বদলে নিল বেঁটে ভূত, আর নিমিষেই ঢুকে গেল শিশির ভেতর। ক্ষণেই আবার মাথাটা বের করে বলল, তোমরা সত্যিই খুব ভালো বাচ্চা।
এরপর রাতে পরম শিশিটার গায়ে ‘নম্মামাকে পরম, পূর্ণ আর টুপুর’ লিখে দিদা-দাদুর লাগেজে ঢুকিয়ে দিল।
৩১ অক্টোবর, নিউ ইয়র্ক সময় সকালে পরমদের দাদুরা ল্যান্ড করলেন। দুপুর গড়ানোর আগেই বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে গেলেন। পরমের নম্মামা তখন দেশ থেকে আসা বিভিন্ন উপহার খুলে দেখছেন মহা আনন্দে আর ফোনে কথা বলছেন পরমের মায়ের সঙ্গে। তিনি বললেন টুপুর নাকি ভাঙা ভাঙা শব্দে বলেছে, একটা বাট্টি ভুতু গেছে নম মামার বাসায়।
নম মামা বাচ্চাদের এই বালখিল্যতায় বেশ মজা পেলেন, তখন তার হাতে পড়ল পরমের সেই শিশিটা। পরমের হাতের লেখা দেখে তার নিজের ছোটবেলার হাতের লেখার কথা মনে পড়ল। আনমনেই শিশির ঢাকনা খুলতেই হঠাৎ যেন একটা ছোট্ট রকম দমকা হাওয়া মুখে লাগল। বন্ধ দরজা জানলার দিকে তাকালেন তিনি, পরক্ষণে আবার ঢাকনা লাগিয়ে শিশিটাকে পরম যত্নে রেখে দিলেন আলমারিতে।
দিন গড়িয়ে রাত হলো। নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় ভূত সেজে শিশুদের দৌড়াদৌড়ি আর চকলেট সংগ্রহ চলছে। কিছুক্ষণ পর ম্যানহাটনে শুরু হলো হ্যালোউইন প্যারেড। ম্যাপল গাছের ডালে বসে প্রাণভরে সব দেখছে বেঁটে ভূত আর মনে মনে ধন্যবাদ দিচ্ছে তার ছোট্ট তিন বন্ধুকে।
পরদিন সকালে অফিসে যাওয়ার সময় দরজা খুলতে একটু কষ্ট হলো কেন তা একটু পর বুঝলেন নম্মামা। দরজার সামনে বিভিন্ন রকম চকলেটের এক বিরাট ব্যাগ। এ বাসায় তো কোন বাচ্চা নেই, কে এবং কেন এটা দিয়ে গেল কিছুই বুঝলেন না তিনি। মাকে ডেকে বললেন, মা চকলেটগুলো ফ্রিজে রেখে দাও। দেশে যাবার সময় নিয়ে যেও পরম পূর্ণ আর টুপুরের জন্য।
লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
| কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
