২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাত ধুয়ে বিজ্ঞান খেলি, পর্ব ১

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বন্ধ হয়ে গেছে স্কুল। সময়টা এখন ঘরে থাকার। কুড়ি সেকেন্ড ধরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নাও। হাত ধুতে ধুতে এবার চলো পানি দিয়ে বিজ্ঞান খেলি, ঘরে থাকার সময়কে করি মজাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শেখ আনোয়ার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 02:29 PM

Updated : 10 Oct 2022, 07:13 PM

পানিতে ফোটাই শাপলা ফুল

সব কথা পরে হবে। সবার আগে, তোমার লেখার খাতার একটা পাতা কেটে শাপলা ফুলের আকৃতিতে ভাঁজ করো। তাতে ক্রেয়ন বা প্যাস্টেল (মোম রঙ) দিয়ে রঙ করো। তারপর ফুলের পাপড়িগুলো ফুলের ভেতরের দিকে ঠেলে ঠেলে চিত্রটার মতো ভাঁজ করে দাও। এবার এই শাপলাকে এক গামলা পানি বা বেসিনে ছেড়ে দিলেই দেখতে পাবে দারুণ ম্যাজিক খেলা। ফুলের পাপড়িগুলো ধীরে ধীরে দল মেলে কি সুন্দর ফুটে উঠেছে। ঠিক যেনো অপরূপ বাংলার গ্রামের কোন বাড়ির পুকুরে ভেসে রয়েছে জীবন্ত শাপলা ফুল!

এমন কেনো হয়?

কাগজ আসলে গাছের আঁশ দিয়েই তৈরি হয়ে থাকে। গাছ, ঘাস, লতাপাতা, বাঁশ এসব খুবই মিহি করে গুড়ো করে আঠালো বা স্থিতিস্থাপক তন্তু দিয়ে বিশেষ প্রক্রিয়ায় কাগজ বানানো হয়। তাই এই কাগজ যখন ভিজে গিয়ে কাগজের ভেতরের তন্তুতে পানি প্রবেশ করে তখন এই পানি তন্তুতে একটা চাপ সৃষ্টি করে। এ চাপের কারণেই শাপলা ফুলের ভাঁজগুলো বাস্তবের ফুলের পাপড়ির মতো জীবন্ত হয়ে ফুটে ওঠে।

পানিতে ভাসাই সুঁই

সুঁই কি কখনো পানিতে ভাসে? নাহ! পানির ওপর সুঁই ভাসানোর কথা শুনে লোকে হাসবে। অবাক হবে কেউ কেউ। বিশ্বাস করতে চাইবে না যে সুঁই পানিতে ভাসানো যায়। হ্যাঁ। সত্যি সত্যিই ম্যাজিশিয়ানের মতো পানির ওপর সুঁই ভাসাও। তারপর অবাক করে দাও বাসার আপনজনদের।

এজন্য সবার আগে একটা সুঁই এবং কিছু পরিমান টিস্যু পেপার নাও। একটা টিস্যু পেপার এক গামলা পানির উপর চিত্রের মতো করে ফেলে তার ওপর সাবধানে খুব হালকাভাবে সুঁইটা ছেড়ে দাও। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে, টিস্যু পেপারটা পানিতে ভিজে জবজবে একাকার হয়ে গেছে।

এখন তোমার বলপেনের আগা দিয়ে টিস্যু পেপারটার উপর আলতো করে টোকা দেয়ার সঙ্গে সঙ্গেই পানিতে তলিয়ে যাবে টিস্যু পেপার। পরক্ষণেই অবাক হবে যখন দেখবে যে, টিস্যু পেপার পানির মধ্যে ডুবে গেলেও সুঁই পানির উপর ঠিকই ভেসে রয়েছে।

এমন কেনো হয়?

এরকম হবার কারণ হচ্ছে পানির উপরিতলের ঘনত্ব। পানির এই ঘনত্বটাই ক্ষুদ্র ফিল্মের মতো আণবিক আবরণ তৈরি করে সুঁইটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছে।

পানি দিয়ে বানাই মুক্তার মালা

ঘরের বেসিন বা কলের চাবি ঘুরিয়ে মাঝারি গতিতে পানি ছাড়ো। এবার কলের মুখ থেকে ইঞ্চি দু’য়েক নীচেই তোমার হাতের একটা আঙুল পানির স্রোতের মধ্যে রেখে (চিত্রের মত) অন্য হাতে কল ঘুরিয়ে পানির গতি কমিয়ে দাও। এবার খুব সাবধানে সতর্কভাবে খেয়াল করলে দেখতে পাবে, হাতের উপর অবিকল মুক্তার মালার মতো গোলাকার অসংখ্য পানি বিন্দু ঝুলে রয়েছে।

এবার আঙুল যদি ট্যাপের মুখের আরও কাছাকাছি নিয়ে যাও তাহলে পানির মালা আরও বড় বড় মার্বেলের মতো আকৃতিতে তৈরি হবে। তখন সত্যি সত্যিই গোলাকার এই পানির ধারাগুলোকে মনে হবে মুক্তার মালা। এভাবে আঙুল উপরে নীচে করে পানির বলগুলোকে অনায়াসে ছোট বড় করা যায়। আঙুল ট্যাপের খুব কাছে নিয়ে খেলাটা আরও স্পষ্টভাবেই খেলতে পারো। তাতে পানির মালাটা দেখতে আরও সুন্দর হয়।

কেমন করে এমন হয়?

এই খেলায় তোমার আঙুল পানি প্রবাহকে খুব জোরে বাধা দিয়ে থাকে বলে পানির পৃষ্ঠটানে এমনটা ঘটে থাকে। পানির ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশগুলো পরস্পর শক্তভাবে গুচ্ছাকারে অবস্থান করে থাকে। এটাই পানি প্রবাহের নিয়ম। অথচ তোমার আঙুল পানির এই পৃষ্ঠটানকে বাধাগ্রস্ত করে। তাই এমনটা হয়ে থাকে।

লেখক পরিচিতি: শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করার কাজে নিবেদিত শেখ আনোয়ার। শিশুদের জন্য বিজ্ঞান নিয়ে লেখালেখি করছেন প্রায় দেড় যুগ। পেয়েছেন অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু অ্যাকাডেমি পুরস্কার, প্রকাশিত বইয়ের সংখ্যা ৬৪।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!