যেভাবে লেখা হলো পৃথিবীর প্রথম চিঠি
তেজুমাই ও তার স্ত্রী তেসুমাই বাস করে পাহাড়ের গুহায়। তাদের একটি মেয়ে, নাম তার টাফি।
বনের ভেতর তেজুমাই পরিবার ছাড়াও আরও অনেক মানুষ বাস করে, তারা ভিন্ন ভিন্ন গোত্র বা গোষ্ঠীর। একেক গোত্রের একেক ভাষা, কেউ কারও কথা বোঝে না।
এখনকার মতো পৃথিবী এতো উন্নত ছিলো না। কম্পিউটার, টিভি, মোবাইল বা ট্যাব এগুলো কিচ্ছু ছিলো না। এমনকি ডাকঘর ছিলো না। থাকবে কি করে, মানুষ লিখতে-পড়তেই জানতো না!
কিন্তু সে সময়ই বুদ্ধিমান টাফি লিখেছিলো পৃথিবীর প্রথম চিঠি। কীভাবে? আজ সে গল্পটাই বলবো তোমাদের।
তেজুমাই পরিবার গভীর বনের ভেতর থেকে খাবার সংগ্রহ করে। গাছের ফলমূল আর পাহাড়ের শাক-সবজি হলো তাদের খাবার। এছাড়া বন থেকে অনেক অনেক মাইল দূরে ছিলো একটা নদী। নদীর নাম ওয়াগাই। যেদিন তাদের মাছ খেতে ইচ্ছে করে সেদিন তারা ছিপ নিয়ে চলে যায় ওয়াগাই নদীতে।
এমনই একদিন তেজুমাই ও তার মেয়ে টাফি গেলো ওয়াগাই নদীতে। বনের পাহাড় থেকে নেমে আসা সে নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। তেজুমাই পানিতে ছিপ ফেলতে না ফেলতেই বর্শিতে আটকালো বড় এক মাছ।
তেজুমাই ছিপের সুতো ধরে দিলো টান। মাছও আটকা পড়ে পানিতে তিড়িংবিড়িং করছে। টানাটানিতে হলো কি, বর্শি গেলো ভেঙে। মাছও রক্ষা পেয়ে দিলো ছুট।
এতে টাফির মন খারাপ হলো। কিন্তু তেজুমাই ও টাফির কাছে আর কোন বর্শি ছিলো না যে মাছ ধরবে। তারা একটাই ছিপ নিয়ে এসেছে। হাঙরের দাঁতের তৈরি সে বর্শি আনতে এখন যেতে হবে অনেক অনেক মাইল দূরে তাদের গুহায়।
টাফি যেতে রাজি হলেও তার বাবা তেজুমাই রাজি হলো না। কারণ এতে টাফি জঙ্গলে হারিয়ে যেতে পারে, আর জঙ্গলে রয়েছে অনেক ভাল্লুক।
এমন সময় অন্য গোত্রের এক লোক ওয়াগাই নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। তাকে দেখে টাফি তার নিজের ভাষায় ডাকলো। লোকটা টাফির কথা না বুঝলেও কাছে এলো।
টাফি তাকে বললো, ‘পথিক ভাই, তুমি কি আমাদের গুহা চেনো? সেখানে আমার মা রয়েছে। তার কাছ থেকে একটা বর্শি এনে দাও না!’
পথিক কিছুই বুঝলো না। তবু সে মাথা নাড়লো আর একটা গাছের বাকল এনে টাফিকে দিলো। তখনকার দিনে কেউ কারও উপর বেজায় খুশি হলে গাছের সুন্দর বাকল উপহার দিতো। টাফি ভাবলো, তাকে হয়তো বাকলের গায়ে কিছু লিখে দিতে বলা হচ্ছে।
টাফি বললো, ‘কিন্তু আমিতো লিখতে জানি না!’। পথিক এবারও না বুঝে মাথা ঝাঁকালো।
টাফি এবার তার বুদ্ধি খাটালো। সে তার গলায় ঝোলানো মালা থেকে একটা হাঙরের দাঁত বের করলো। তারপর গাছের বাকলের মধ্যে তার বাবার মুখটা আঁকলো, তার নিজের মুখ আঁকলো, তার পাশে আঁকলো একটা বর্শির ছবি।
ওই মুহূর্তে টাফির বাবা তেজুমাই বর্শি ঠিক করতে ব্যস্ত। এদিকে টাফি ভাবতে লাগলো, ‘আচ্ছা লোকটা আমাদের গুহা চিনবেই বা কি করে!’
এবার টাফি গাছের বাকলের মধ্যে এঁকে দিলো একটা জলাশয় ও তাদের গুহার ছবি, যেন পথিক তাদের বাড়ি ঠিক ঠিক চিনতে পারে।
পথিক টাফির কথা না বুঝলেও এবার গুহার ছবি দেখে সে ঠিকানা পেলো। গাছের বাকল নিয়ে সে রওয়ানা দিলো বনের ভেতরে। অনেক মাইল হেঁটে, যেতে যেতে বন পেরিয়ে সে পৌঁছলো পাহাড়ের ঢালে যেখানে টাফিদের গুহা।
সে সময় টাফির মা তেসুমাই গুহার বাইরে বাড়ির অন্যান্য গৃহিনীদের সঙ্গে গল্প করছে। পথিক গাছের বাকল নিয়ে দিলো তেসুমাইয়ের হাতে।
তেসুমাই গাছের বাকল হাতে নিয়ে দেখতে পেলো সেখানে আঁকা রয়েছে তার স্বামী তেজুমাই ও মেয়ে টাফির ছবি। তাই দেখে সে ভাবলো হয়তো তাদের কোন বিপদ হয়েছে। এই ভেবে তেসুমাই বিপদ জানানোর জন্য ড্রাম বাজানো শুরু করে দিলো। সব গৃহিনীরা মিলে পথিককে ধরে দিলো মার।
পথিকের ভাষা কেউ বুঝতে পারছিলো না। কারণ সে ছিলো অন্য গোত্রের, তার ভাষা ও পোশাক হলো ভিন্ন। ততোক্ষণে বিপদজনক ড্রামের শব্দ শোনে বনের অন্য ভাষার সব লোক এসে উপস্থিত। এবার পথিক তার কথা কাউকে কাউকে কিছুটা বোঝাতে পেরেছে।
সবাই মিলে রওয়ানা দিলো ওয়াগাই নদীর দিকে, সেখানে বর্শির জন্য অপেক্ষা করছে তেজুমাই ও টাফি। আর এভাবেই লেখা হয়েছিলো পৃথিবীর প্রথম চিঠি।
অনুবাদকের কথা: জোসেফ রুডইয়ার্ড কিপলিং (১৮৬৫-১৯৩৬) কবি ও সাহিত্যিক, তবে তিনি তার শিশু সাহিত্যের জন্যই খ্যাতি লাভ করেন। তার বিখ্যাত বই ‘দ্য জাঙ্গল বুক’, ‘পাক অব পুক্স হিল’ ইত্যাদি। ‘হাউ দ্যা ফার্স্ট লেটার ওয়াজ রিটেন’ নামে এ গল্পটি আছে তার ‘জাস্ট সো স্টোরিজ’ বইয়ে।
