কাঠুরে ও তিন ইঞ্চি শিশু
অনেক অনেক দিন আগে এক কাঠুরে বনে বাস করতো। তার স্ত্রী ও সে ছিলো গরীব। কোন সন্তান ছিলো না বলে তাদের অনেক দুঃখ ছিলো।
কাঠুরে প্রতিদিন সকালে তার কুড়াল নিয়ে বনের ভেতর কাঠ কাটতে যায়। সারাদিন কাঠ কাটে। কাঠ এনে সে ও তার স্ত্রী মিলে সেগুলো শহরের বাজারে নিয়ে বেচে। এতেই তাদের সংসার চলে।
একদিন কাঠুরে গাছ খুঁজতে খুঁজতে বনের অনেক ভেতরে চলে গেলো। দিন গড়িয়ে তখন বিকেল হয়ে গিয়েছে। সেখানে কাঠুরে পেয়ে গেলো তার মনের মতো একটা গাছ। সে তার কুড়াল দিয়ে যেইনা গাছের গুড়িয়ে কোপ দিলো তখনই সেখানে থেকে বেরিয়ে এলো একটা আলো।
ভয়ে কাঠুরের হাত থেকে তার কুড়াল পড়ে গেলো। আলোটা এমন উজ্জ্বল ছিলো যে কাঠুরে তার হাত দিয়ে মুখ ঢেকে রাখতে পারলো না। আলো গিয়ে লাগলো তার চোখে।
কাঠুরে দেখলো, গাছের গুড়ি থেকে বেরিয়ে এসেছে একটা ছোট্ট শিশু। শিশুটা ছিলো তোমাদের মতোই নাদুসনুদুস আর তুলতুলে। ফুলো ফুলো গাল দুটো ছিলো আপেলের মতো লাল। চুলগুলো লাল ফিতেয় বাঁধা। পায়ে চকচক সুন্দর জুতো। পা দুটো থপাস থপাস করে সে দুলছিলো আর কাঠুরের দিকে তাকিয়ে ছিলো।
কিন্তু শিশুটি ছিলো একেবারেই ছোট, মাত্র তিন ইঞ্চি। এতো সুন্দর একটা শিশু দেখে কাঠুরে খুব খুশি হলো। সে বুঝতে পারছিলো শিশুটার শরীর থেকেই এমন আলো আসছে আর পুরো বন ও পৃথিবী আলো হয়ে আছে।
কেউ যেন আবার দেখে না ফেলে তাই কাঠুরে শিশুটিকে বস্তায় পুরে বাড়ির দিকে রওয়ানা দিলো। মনে মনে সে ভাবতে লাগলো, এমনিতেই তাদের কোন সন্তান নেই। এজন্য কাঠুরের স্ত্রীর মনে কতোই না দুঃখ। আহা! আমাদের যদি একটা তুলতুলে শিশু থাকতো, সারাদিন তাকে আদর যত্ন করা যেতো! শিশুটিকে দেখে আজ কাঠুরের স্ত্রী খুব খুশি হবে।
বাড়ি যেতে যেতে কাঠুরের রাত হয়ে গেলো। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলো। কাঠুরে স্ত্রীকে বললো, ‘তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি।’ উপহারের কথা শুনে কাঠুরের স্ত্রী গদগদ। বস্তার মুখ খুলতেই এ রাতের বেলায়ও পুরো ঘর দিনের আলোয় আলোকিত হয়ে গেলো। চাঁদের মতো সুন্দর শিশু পেয়ে গৃহিণী তো খুশি। সে আদর ভালোবাসায় তাকে কোলে তুলে নিলো।
তারপর থেকে কাঠুরে ও তার স্ত্রীর মনে আর কোন দুঃখ রইলো না। কিন্তু কেউ যেন দেখে না ফেলে বা কিছুতেই যেন আঘাত না পায় তাই কাঠুরে স্ত্রী তিন ইঞ্চির শিশুটিকে একটা বাক্সের মধ্যে রেখে দিতো। বাক্স থেকে বের করে তার চুল চিরুনি দিয়ে আচড়িয়ে আর লাল-নীল-হলুদ জামা পরিয়ে, পেটপুরে ফল ও সবজি খাইয়ে আবার বাক্সে রেখে দিতো।
এভাবে কেটে গেলো অনেক অনেক দিন। এর মধ্যে কাঠুরে আরেকটি গাছের গুড়িতে পেয়ে গেলো অনেক সোনার পয়সা আর দামি পাথর। সে এগুলো বেচে ভালো একটা বাড়ি বানালো। তিন ইঞ্চির শিশুও অনেক বড় হয়ে গেলো। তার জন্য বানালো হলো আলাদা ঘর।
তখন কাঠুরে ও তার স্ত্রী পাড়া-প্রতিবেশী সবাইকে আমন্ত্রণ জানালো। শিশুটির এবার একটা নাম দিতে হয়। যেহেতু সে ছিলো চাঁদের মতো সুন্দর তাই তার নাম দেওয়া হলো ‘চাঁদের শিশু’।
অনুবাদকের কথা: ‘দ্যা ব্যাম্বো কাটার অ্যান্ড দ্যা মুন চাইল্ড’ শিরোনামে এ গল্পটি মূলত একটি জাপানি লোকগল্প। এর লেখক ইয়ে থিওডোরা ওজাকি (১৮৭১-১৯৩২) বহু জাপানি লোককাহিনীর অনুবাদক।
