এই দেশটা আমাদের সবার
কদিন ধরে ঝুপ করেই বেশ শীতকালের আমেজ পাওয়া যাচ্ছে, রোদের তেজও দুপুরের পর আর থাকে না। বাচ্চার দল দুপুর একটু গড়ালেই ভিড় করে তাদের “দাদাই” মোসলেহউদ্দীন সাহেবের বাড়িতে।
সেদিন বিকেলেও বাচ্চারা দু’দলে ভাগ হয়ে ক্রিকেট খেলছিল দাদার বাড়ির সামনের লনে, মোসলেহউদ্দীন সাহেব বারান্দার ইজিচেয়ারে আধশোয়া হয়ে দেখছিলেন, বেশ ভালোই চলছিল। হঠাৎ দুই দলের ক্যাপ্টেন সুদীপ্ত আর আহসাফের মধ্যে কী নিয়ে যেন ভীষণ রাগারাগি শুরু হয়ে গেল!
মোসলেহউদ্দীন সাহেব ভাবলেন বাচ্চাদের খুনসুটি একটু পরেই থেমে যাবে, কিন্তু আহসাফ দুম করে বলে বসল, ‘মালাউনগুলো সব চোর’!
সুদীপ্ত অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে বলল, তুই আমাকে কী বললি?
আহসাফ সুদীপ্তের বুকে সজোরে ধাক্কা মেরে বলল, মালাউন!
আর কিছু বলার সুযোগ না দিয়ে সুদীপ্ত ঝাঁপিয়ে পড়লো আহসাফের উপরে।
মোসলেহউদ্দীন সাহেব দ্রুত লনে নেমে এসে দু’জনকে আলাদা করে দিলেন।
-আহসাফ তুই সুদীপ্তকে গালি দিলি কেন? নীলাঞ্জনা রাগী চোখে তাকিয়ে বলল!
-গালি! এইটা গালি হলো নাকি? আকাশ থেকে পড়লো আহসাফ। ও হিন্দু তাই ওকে মালাউন বলেছি, এতে তোর কী সমস্যা?
- আরে ও তো নিজেও একটা মালু, দেখিস না নামটা ‘নী-লা-ঞ্জ-না’! আবার ওরা ভাইয়ের নাম ‘কাজল’- সব হিন্দু নাম! হিন্দু তো তাই খুব লেগেছে! মুখ ভেংচে কথাগুলো বলে ফেললো আসিফ।
নীলাঞ্জনা রাগে দিশেহারা হয়ে গেল।
- হিন্দু নাম মানে কিরে গাধা! এগুলো বাংলা শব্দ, তোরা দেখি নিজের ভাষাটাও ঠিকমতো জানিস না।
মোসলেহউদ্দীন সাহেব চিৎকার করে উঠলেন, “থামো সবাই। আর একটি কথাও না, সবাই এসে আমার বারান্দায় বোসো, তোমাদের সঙ্গে আমার কথা আছে।”
দাদাইয়ের এমন গম্ভীর মুখ দেখে বাচ্চারা একটু ভড়কে গেল। টুনু ভাবছিল, দাদাই মনে হয় খুব রেগে গেছেন, নইলে উনি তো কখনও আমাদের সঙ্গে ‘তুমি’ করে সম্বোধন করেন না। বারান্দায় সবাই উঠে এলে মোসলেহউদ্দীন সাহেব গিয়ে আবার ইজিচেয়ারে বসলেন তারপর টুনুকে বললেন, যাও পড়ার ঘর থেকে বাংলা একাডেমির অভিধানটা নিয়ে এসো। টুনু একছুটে বইটা নিয়ে এসে দাদাইয়ের হাতে দিল।
- এখান থেকে ‘মালাউন’ শব্দটা খুঁজে বের করো আহসাফ। নির্দেশ দিলেন দাদাই।
আহসাফ এগিয়ে এসে বইটা হাতে নিয়ে পৃষ্ঠা ওলটাতে লাগল।
-কী? খুঁজে পেলে?
-পেয়েছি দাদাই।
-বেশ, এবার বলো অর্থ কী লেখা আছে। জোড়ে জোড়ে বলবে, যাতে সবাই শুনতে পায়।
-মালাউন শব্দের অর্থ লানতপ্রাপ্ত, অভিশপ্ত, বিতাড়িত ও শয়তান এবং মুসলমান কর্তৃক ভিন্ন ধর্মসম্প্রদায়ের দেয়া গালি!
- দেখলে, তুমি যে সুদীপ্তকে গালিটা দিলে সেটার অর্থ কী? কেন তুমি ওকে এত খারাপ একটা গালি দিলে?
- ও তো আমাদের ধর্মের না, ও হিন্দু তাই বলেছি। আর দাদাই বড়রাই তো বলে হিন্দুরা খারাপ। সেদিন আমি শুনেছি, জমির চাচা আর আসলাম চাচা চায়ের দোকানে বসে যোগেন্দ্র কাকাকে ঐ নামটা বলে ডাকছিল আর হাসছিল।
- বড়রা তো অনেক ভুল কথাই বলে। এই যেমন আমাদের জমিলা খালা লাল পিঁপড়া দেখলেই বলেন এগুলো নাকি হিন্দু পিঁপড়া, আর পা দিয়ে মাড়িয়ে দেন। কিন্তু কালো পিঁপড়াদের কিছু বলেন না, কারণ ঐ গুলো নাকি মুসলমান পিঁপড়া! পিঁপড়া তো পিঁপড়াই! কালো ডেঁয়ো পিঁপড়ে কি কামড়ায় না? কিন্তু খালাকে বোঝানোই যায় না, বেলি হতাশ মুখ করে মাথা নেড়ে বলল।
- হ্যাঁ, বেলি, ঠিক বলেছো। বড়রাও অনেক সময় ভুল বলেন, ভুল কাজ করেন। তেমন দেখলে তোমরা সুন্দর করে বলবে যে কাজটা ঠিক হল না। আর সেই জন্য আগে থেকে তোমাদেরও জানতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল।
ছোট একটা কাশি দিয়ে আবার বলতে শুরু করলেন দাদাই, শুরুতেই আসি সুদীপ্ত আর আহসাফের কথা। খেলায় তো টুকটাক কথা কাটাকাটি হতেই পারে, তাই বলে এমন মারামারি করা উচিত নয়।
-আহসাফ আমাকে এমন করে গালিটা দিল বলেই আমার খুব রাগ হয়ে গেল। ও আর লাবিব আমাদের ক্লাসের নয়নকেও ঐ কথাটা বলে খেপায়। আমরা রাগ করলে বলে মজা করে বলছি। বলো দাদাই, এটা কি মজার কথা?
- না, অবশ্যই এটা মজা করে বলার মতো কোনো কথা না। মালাউন একটি জাতিবিদ্বেষমূলক গালি। এর অর্থ অভিশপ্ত বা আল্লাহর অভিশাপপ্রাপ্ত, বিতারিত। এই শব্দটি আসলে ইবলিশ শয়তানের জন্য নির্ধারিত। পৃথিবী অনেক ধর্মের মধ্যে ইসলাম একটা ধর্ম। তারমানে তো আর এই নয় যে ইসলাম ধর্মের অনুসারী ছাড়া সবাই মালাউন মানে অভিশপ্ত । যারা যে ধর্ম বিশ্বাসী তাদের কাছে সেটাই সেরা। তোমরা যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হও তবে কোন মানুষকেই ঐ নামে গালি দিতে পারো না, মজা করেও না। কাউকে গালি দেয়া ইসলামে হারাম। আর যোগেন্দ্রকে আমি চিনি, সে খুব সৎ আর ভাল মানুষ। সুদীপ্ত, নয়নও বেশ লক্ষ্মী ছেলে-ওরা কেন তাহলে আল্লাহর অভিশাপ প্রাপ্ত হবে বলো?
আসিফ আর আহসাফের লজ্জায় মাথা হেট হয়ে আসছিল। লাবিব পারে দৌড়েই পালিয়েই যায়। আহসাফই মুখ খুলল প্রথমে। বললো, আসলে দাদু আমি তো কোন কিছু চিন্তা করে বলিনি, আর বাসাতেও কখনও এভাবে বুঝিয়ে বলেনি কেউ!
-আমাদের খুব ভুল হয়ে গেছে দাদাই, আর কখনও এমন হবে না।
- আর একটা কথা বলাও দরকার, আসিফ আমার কাছে এসে দাঁড়াও। তুমি তখন নীলাঞ্জনার নামকে ‘হিন্দু’ নাম বলছিলে! এটাও কিন্তু অন্যায়। নামের মধ্যে আবার হিন্দু মুসলমান কী? ‘নীলাঞ্জনা’ তো বাংলা শব্দ, আমাদের ভাষা বাংলা, আমরা তো আমাদের নাম বাংলাতে রাখতেই পারি, পারি না? মুসলিম হলে নাম আরবিতে রাখতে হবে এমন তো কোন নিয়ম নেই দাদাই, বলা আছে নামটি ‘সুন্দর আর অর্থবোধক’ হতে হবে।
- আমি সরি নীলাঞ্জনা, কাচুমাচু মুখ করে বললো আসিফ।
-ঠিক আছে, আর কাউকে কোনদিন বলিস না! মোসলেহউদ্দীন সাহেব কিছুক্ষণ ওদের সবার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, আজকে তোদের কিছু কিছু কথা শুনে আমার মনটা বেশ খারাপ হয়েছে। এই যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান- এরা তো সবাই আমাদের দেশের মানুষ, ওদের কেন তোমরা একটু আলাদা ভাবছো? ১৯৭১ সালে যখন স্বাধীনতার জন্য যুদ্ধ হলো তখন কে হিন্দু্, কে মুসলিম বা কে বৌদ্ধ-এসব কেউ ভাবেনি। সবাই চেয়েছিল দেশটা স্বাধীন হবে, তাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে সব মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কী চেয়েছিলেন জানিস- তিনি চেয়েছিলেন রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।
দাদাই ভারী কণ্ঠে বলে যেতে লাগলেন- তোরা কী জানিস কীভাবে মুসলিমরা আমাদের এই দেশে এসেছিল? আমাদের বাংলায় মুসলিম শাসনের সূচনা হয় ১২০১ সালে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজীর বঙ্গ বিজয়ের মাধ্যমে। তারও অনেক আগে থেকেই মধ্য এশিয়ার কিছু সংখ্যক মুসলিম যোদ্ধা ও সৈনিক ভাগ্যান্বেষণে এদেশে এসেছিলেন, কিন্তু ধর্ম প্রচার করার কোন উদ্দেশ্য তাদের ছিল না। আরব বণিকগণও ব্যবসা বাণিজ্যের জন্য এদেশে এসেছিলেন। পরে মুসলিম শাসন শুরু হলেও শাসকরা কিন্তু এদেশে ইসলাম ধর্ম প্রচারে বিশেষ কোন ভূমিকা পালন করেননি, বরং এদেশে ইসলাম প্রচার করেছেন পীর, আউলিয়া, দরবেশগণ । তখন জাতিভেদ ও কৌলীন্য প্রথার অত্যাচারে জর্জরিত নিম্নবর্ণের হিন্দু সমাজ ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও উদারতার নীতিতে উদ্বুদ্ধ হয়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে। ফলে এ উপমহাদেশে দ্রুত ইসলামের বিস্তার লাভ ঘটে। বাংলায় সুলতানি ও মোঘল আমলে মুসলিম শাসকবৃন্দ এখানকার হিন্দু-মুসলিম সম্প্রীতিমূলক সামাজিক ও সাংস্কৃতিক জীবন ধারায় কখনোই নাক গলায়নি। বরং এদের পৃষ্ঠপোষকতায় হিন্দু-মুসলিম মিশ্র সংস্কৃতির উৎপত্তি হয়।
-তাই নাকি দাদাই?
-হ্যাঁরে। তোরা তো সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ ‘রামায়ণ' আর ‘মহাভারতের’ নাম জানিস। এগুলো অনেকদিন শুধু সংস্কৃত ভাষায় লেখা ছিল। এরপর চতুর্দশ শতাব্দীতে গৌড়ের সুলতান নসরত শাহের রাজত্বকালে সর্বপ্রথম ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ মহাকাব্য দু’টি বাংলায় অনুবাদ করা হয়। অনুবাদ করেছিলেন কবীন্দ্র পরমেশ্বর আর এই কাজে তাকে সহযোগিতা করেছিলেন সুলতান নসরত শাহের সেনাপতি পরাগল খাঁ ও তাঁর পুত্র ছুটি খাঁ! আবার সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহের উৎসাহে কবি মালাধর বসু হিন্দু ধর্মগ্রন্থ ‘শ্রীমদ্ ভগবৎ গীতা’র কয়েকটি অধ্যায় বাংলায় অনুবাদ করেছিলেন। এই জন্য তাকে ‘গুণরাজখান’ উপাধিও দেয়া হয়!
দাদাইর সঙ্গে গলা মিলালো নীলঞ্জনা, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ ‘কোরআন শরিফের’ প্রথম বাংলা অনুবাদ করেছিলেন ভাই গিরিশ চন্দ্র সেন, তিনি তো ছিলেন ব্রক্ষ্ম ধর্মের, তাই না দাদাই?
- ঠিক বলেছিস নীলু। খুশি হয়ে উঠেন দাদাই। তবে ভাই গিরিশচন্দ্র কোরআন শরীফের অনুবাদের সঙ্গে সঙ্গে তিন পর্বে হযরত মোহাম্মদ (সা.)-এর সম্পূর্ণ জীবন চরিতও রচনা করেছিলেন। ৯৬ জন ওলি-আওলিয়ার জীবনী নিয়ে তিনি লিখেছেন তাপসমালা, এছাড়া তিনি আরও যে ৪২ বই লিখেছিলেন তার বেশির ভাগই ছিল মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে লেখা। যখন কোরআন শরীফের কোনো বাংলা অনুবাদ ছিল না, এমনকি ইসলাম সম্পর্কে বাংলা ভাষায় তেমন কোনো উল্লেখযোগ্য বই রচিত হয়নি, তখন ভাই গিরিশচন্দ্র সেন তাঁর নিষ্ঠা ও পরিশ্রমের ফল দিয়ে বাঙালি মুসলিম সমাজকে কত ভাবে ঋণী করে গেছেন, একবার ভেবে দেখ।
- এই জন্য সেই সময়ে তাঁকে তো ‘মৌলভী গিরিশচন্দ্র সেন’ উপাধি দেয়া হয়েছিল, টুনু অনেকক্ষণ পরে সুযোগ পেয়ে বলে উঠলো।
- হ্যাঁ, টুনু, আর এসব কিছুই সম্ভব হয়েছিল পারস্পারিক সম্প্রীতি, সম্মানবোধের কারণে। এভাবেই সকল স্তরের মানুষের প্রচেষ্টায়ই তো মানব সভ্যতার উন্নয়ন হয়। এখন আমাদের এগিয়ে যাবার সময়। এই সব সাম্প্রদায়িক হানাহানি আমাদের দেশকে অন্ধকারে ঠেলে নিয়ে যাবে আর সেই সুযোগে মাথাচাড়া দিয়ে উঠবে দুষ্টু মানুষেরা। তাই আমি চাই তোরা এই বিষয়ে সর্তক থাক, পরস্পরকে, পরস্পরের ধর্ম, সংস্কৃতি সম্পর্কে জানো-তবেই সমাজ সুন্দর হবে। আর মনে রাখবি সাদা, কালো, হিন্দু, মুসলমান, ধনী, দরিদ্র- এগুলো মানুষের কোনো পরিচয় না, মানুষের একমাত্র পরিচয় সে মানুষ। তোরা শুধু দেখবি সেই মানুষটি ভাল না মন্দ! মনে থাকবে?
- মনে থাকবে দাদাই। সবাই সমস্বরে বলে উঠলো।
এরপর আবার আগের মতো প্রাণোচ্ছ্বলভাবে খেলতে চলে গেল ওরা। এখন ওরা আর কেউ আলাদা পরিচয়ের মানুষ না। ওদের একটাই পরিচয়, ওরা প্রাণের বন্ধু।
