২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেয়ারা তুমি খাও?

কাজী নজরুল ইসলামের খুকি ও কাঠবিড়ালির সেই বিখ্যাত কবিতাটি কি তুমি জানো?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আজিজি ফাওমি খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 03:37 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

পেয়ারা খাওয়া নিয়ে খুকি কাঠবিড়ালির সঙ্গে সে কী অভিমানটাই না করলো! আমরা আজকে সেই পেয়ারা আঁকাই শিখবো। তোমরা কি জানো পেয়ারা কিন্তু বর্ষাকালের ফল। এই রোদ-বৃষ্টির লুকোচুরির খেলায় চলো আমরা ধাপে ধাপে শিখে ফেলি কীভাবে পেয়ারা আঁকতে হয়।

পেয়ারা আঁকতে আমাদের যা যা লাগবে--

১। পেনসিল

২। সাদা কাগজ

৩। সার্পনার

৪। ইরেজার

৫। রঙ

যেভাবে আঁকবো-- 

ধাপ ১- প্রথমে একটি পেটমোটা বড় বৃত্ত আঁকি। পেট মোটা বৃত্ত মানে হলো কমলার মতো উপরে-নিচে চাপা, এবং দুইপাশে ছড়ানো দেখতে একটি বৃত্ত।

ধাপ ২- এবার ছবির মতো করে ওই বৃত্তটির উপরে আরেকটি ছোট বৃত্ত আঁকি।

ধাপ ৩- এরপর ছবিতে যেমন দেখা যাচ্ছে, ঠিক তেমনি করে বৃত্ত দুটি দুইপাশে দুটি দাগ দিয়ে মিলিয়ে ফেলি।

ধাপ ৪- দেখো, কেমন করে পেয়ারার আকৃতি চলে এলো!

ধাপ ৫- এবার পেয়ারাটার বোঁটা এঁকে ফেলি। তোমাদের মনে আছে কীভাবে আমের বোটা এঁকেছিলাম? একদম সেভাবেই।

ধাপ ৬- এখন পেয়ারার নিচের অংশ আঁকি। পেয়ারার নিচের অংশটা কেমন হয় তুমি জানো? ঠিক যেন প্রফেসর শঙ্কুর ঝাঁটার মতো গোঁফটির একটা ক্ষুদ্র সংস্করণ।

ধাপ ৭- বোঁটার সঙ্গে চলো একটি পেয়ারা পাতা আঁকি। পেয়ারা পাতাটি কিন্তু আমের পাতা এবং অন্য সব পাতা থেকে আলাদা। পেয়ারা পাতা একটু ডিমের মতো হয়।

ব্যস, হয়ে গেল আমাদের পেয়ারা। এবার এটাকে রঙ করার পালা।

আমাদের পেয়ারাটা বেশ পেকেছে তাই এর রঙ হালকা সবুজ। তোমাদের পেয়ারাটি কীরকম?