১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ: ৩০০ বছর ধরে জ্বলছে উনুন

হেমিংওয়ের প্রিয় সেই ‘ভূতুড়ে’ রেস্তোরাঁ, যেখানে রাজারাও লাইনে দাঁড়াতেন!

বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ: ৩০০ বছর ধরে জ্বলছে উনুন
চারতলা এই ভবনটি মূলত একটি ব্যক্তিগত আবাসন ছিল, যার ইতিহাস অন্তত ১৫৯০ সাল পর্যন্ত বিস্তৃত। ছবি: স্মিথসোনিয়ান ম্যাগাজিন।

কিডজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 11:31 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

মাদ্রিদের প্রাচীন অলিগলি পেরিয়ে যখন আপনি ‘কাইয়ে দে কুচিয়েরোস’ বা ছুরি-কারিগরদের রাস্তায় এসে দাঁড়াবেন, তখনই এক অদ্ভুত প্রাচীন ঘ্রাণ আপনাকে স্বাগত জানাবে। এটি কেবল মসলার ঘ্রাণ নয়, ইতিহাসেরও ঘ্রাণ।

লোকমুখে শোনা যায়, আঠারো শতকের বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ফ্রান্সিসকো গোয়া যখন ভাগ্যের অন্বেষণে এই শহরে ঘুরে বেড়াতেন, তখন তিনি এই রেস্তোরাঁতেই মালবাহক হিসেবে কাজ করতেন। আবার কালজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে তার অমর সৃষ্টি ‘দ্য সান অলসো রাইজেস’-এর শেষ দৃশ্যটি আঁকতে এই রেস্তোরাঁরই দোতলার একটি নির্জন টেবিলকে বেছে নিয়েছিলেন।

এর দেওয়ালের প্রতিটি ভাঁজে ভাঁজে জমে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা স্প্যানিশ রাজাদের স্বাক্ষর। আর যদি আপনি একটু বেশি সাহসী হন, তবে এখানকার পুরনো মদের ভাণ্ডারে কান পাতলে হয়তো শুনতে পাবেন এক অতৃপ্ত বিদেহী আত্মার দীর্ঘশ্বাস!

বলছি ‘সবরিনো দে বোতিন’-এর কথা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস একে স্বীকৃতি দিয়েছে ‘বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ’ হিসেবে। সম্প্রতি এই ঐতিহাসিক ভোজনালয়টি তার ৩০০তম গৌরবময় জন্মবার্ষিকী পালন করল। ১৭২৫ সালে মাদ্রিদের প্রাণকেন্দ্রে যখন এর যাত্রা শুরু হয়, তখন আজকের এই ঝকঝকে আধুনিক পৃথিবীর কোনো অস্তিত্বই ছিল না। তবুও বোতিন টিকে আছে, শুধু টিকেই নেই, বরং আজও সগৌরবে ভোজনরসিকদের মনে রাজত্ব করে চলেছে।

গঞ্জালেজ জানান, প্রতিদিন এখানে প্রায় ৮০০ জন ভোজনরসিক সমবেত হন; আর তাদের রসনা তৃপ্তিতে দিনে অন্তত ৬০টি আস্ত কচি শুয়োর এবং ২০টি ভেড়া রোস্ট করা হয়, ছবি: স্মিথসোনিয়ান ম্যাগাজিন।

গঞ্জালেজ জানান, প্রতিদিন এখানে প্রায় ৮০০ জন ভোজনরসিক সমবেত হন; আর তাদের রসনা তৃপ্তিতে দিনে অন্তত ৬০টি আস্ত কচি শুয়োর এবং ২০টি ভেড়া রোস্ট করা হয়,

৩০০ বছরের এই যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। স্প্যানিশ গৃহযুদ্ধের সেই বিভীষিকাময় দিনগুলোতে যখন চারদিকে ধ্বংস আর হাহাকার, তখনও বোতিনের রান্নাঘর এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। তারা ক্ষুধার্ত সৈনিকদের পেট ভরে খাইয়েছে। এমনকি আধুনিক যুগে যখন কোভিড-১৯ মহামারীর থাবায় গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল, লকডাউনে চারপাশ যখন মৃত্যুপুরী মনে হতো, তখনও বোতিনের সেই ৩০০ বছরের পুরনো কাঠের উনুনের আগুন নেভাতে দেওয়া হয়নি। প্রতিদিন নিয়ম করে সেই উনুনে তাপ দেওয়া হয়েছে, যাতে শতাব্দী প্রাচীন সেই ইটের কাঠামোতে কোনো ফাটল না ধরে।

সরলতার আভিজাত্য এবং শেকড়ের টান

মাদ্রিদের এই আভিজাত্যপূর্ণ আস্তানাটি স্থানীয়দের কাছে কেবল ‘বোতিন’ নামেই পরিচিত। তবে মজার ব্যাপার হলো, বোতিন কখনোই আধুনিক ‘মলিকুলার গ্যাস্ট্রোনমি’ বা জটিল রান্নার কৌশলের পেছনে ছোটেনি। এখানকার বর্তমান সহ-মালিক এবং তৃতীয় প্রজন্মের প্রতিনিধি আন্তোনিও গঞ্জালেজ মনে করেন, বোতিনের সফলতার মূল মন্ত্র হলো এর অকৃত্রিমতা। তিনি বলেন, “আমরা এই দীর্ঘ সময় টিকে আছি কারণ আমরা ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। বোতিন মানেই হলো সেই আদি ও অকৃত্রিম স্বাদ, যা আমাদের পূর্বপুরুষরা উপভোগ করতেন।”

আজকের যুগে যখন অনেক রেস্তোরাঁ ‘ফিউশন’ বা নতুনত্বের নামে মূল স্বাদ হারিয়ে ফেলছে, বোতিন সেখানে ব্যতিক্রম। তাদের মেনুতে নেই কোনো ‘হোয়িপড’ বা ‘ইমালসিফায়েড’ খাবারের বাহার। এখানে আপনি পাবেন খাঁটি উপকরণ আর পরম যত্নে তৈরি ঐতিহ্যবাহী স্প্যানিশ খাবার।

অতীতের পাতায় বোতিনের জন্মকথা

বোতিনের এই বিশাল অট্টালিকাটি মূলত ১৫৯০ সালে একটি ব্যক্তিগত বাড়ি হিসেবে নির্মিত হয়েছিল। রাজা দ্বিতীয় ফিলিপ যখন মাদ্রিদকে স্পেনের রাজধানী হিসেবে ঘোষণা করলেন, তার কিছুকাল পরেই এর গোড়াপত্তন। ১৭১৫ সালে ফরাসি শেফ জিন বোতিন তার স্ত্রীর সঙ্গে মাদ্রিদে আসেন এবং রাজদরবারে কাজ শুরু করেন। পরবর্তীতে ১৭২৫ সালে জিন বোতিনের ভাগ্নে ক্যানডিডো রেমিস এই ভবনটি লিজ নিয়ে একটি সরাইখানা খোলেন। সেই থেকেই এর নাম হয় ‘সবরিনো দে বোতিন’ বা ‘বোতিনের ভাগ্নে’।

বোতিনের অবিরাম জ্বলতে থাকা গ্রানাইট পাথরের এই কাঠের উনুনটি এখন আর কেবল একটি উনুন নয়, যেন কোন জীবন্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ছবি: স্মিথসোনিয়ান ম্যাগাজিন।

বোতিনের অবিরাম জ্বলতে থাকা গ্রানাইট পাথরের এই কাঠের উনুনটি এখন আর কেবল একটি উনুন নয়, যেন কোন জীবন্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন,

সেই সময়ে রেস্তোরাঁর ধারণা আজকের মতো এতটা জাঁকজমকপূর্ণ ছিল না। তখন এগুলোকে বলা হতো ‘কাসা দে কোমিদা’ বা ভোজনশালা। মূলত দূর-দূরান্ত থেকে আসা বণিক আর ব্যবসায়ীরা এখানে রাত কাটাতেন। তখন রেস্তোরাঁগুলো নিজেদের কোনো উপকরণ সরবরাহ করত না। অতিথিরা বাজার থেকে মাছ-মাংস বা সবজি কিনে আনতেন এবং সরাইখানার রাঁধুনিরা সেটি অর্থের বিনিময়ে রান্না করে দিতেন।

১৮০০ সালের দিকে বোতিন একটি কনফেকশনারিতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে আধুনিক ফরাসি ধাঁচের আভিজাত্যপূর্ণ রেস্তোরাঁ হিসেবে নিজেকে মেলে ধরে। ১৯৩০ সালে বর্তমান মালিক গঞ্জালেজ পরিবারের পূর্বপুরুষরা এটি কিনে নেন এবং আজও তারাই এর ঐতিহ্য রক্ষা করে চলেছেন।

স্থাপত্য ও অনুভূতির এক অপূর্ব মেলবন্ধন

বোতিনের ভেতরে পা রাখলে আপনার মনে হতে পারে কোনো জাদুঘরে প্রবেশ করেছেন। মাটির তলার মদের ভাণ্ডার বা সেলারটি এই ভবনের সবচেয়ে পুরনো অংশ। এখানকার স্যাঁতসেঁতে পরিবেশ, কাঠের খিলান আর ধুলোবালি মাখা মদের বোতলগুলো যেন ৩০০ বছর আগের কোনো গল্প বলতে চায়। এই সেলারের শেষ প্রান্তে একটি গোপন সুড়ঙ্গ রয়েছে। ইতিহাস বলে, ১৮০০ শতকের দিকে ফার্দিনান্দ সপ্তম-এর আমলে যখন রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে ছিল, তখন ইনকুইজিশন আর সরকারের হাত থেকে বাঁচতে উদারপন্থিরা এই গোপন পথ দিয়েই পালাতেন।

রেস্তোরাঁর নিচতলায় গেলেই চোখে পড়বে বিশাল এক গ্রানাইট পাথরের উনুন। এটি কোনো সাধারণ উনুন নয়, এটি বোতিনের হৃৎপিণ্ড। প্রতিদিন এখানে প্রায় ৬০টি কচি শুয়োর আর ২০টি ভেড়া রোস্ট করা হয়। কাঠের আগুনের সেই ধোঁয়া আর উত্তাপ মাংসের ভেতর যে এক অনন্য স্বাদ তৈরি করে, তা পৃথিবীর আর কোথাও পাওয়া প্রায় অসম্ভব। বছরে প্রায় ২০ হাজার কচি শুয়োর এই উনুনেই সেঁকা হয়।

রেস্তোরাঁটির অন্দরমহল বা রসুইঘর যেন এক সুশৃঙ্খল বিশৃঙ্খলার প্রতিচ্ছবি; যেখানে কর্মীদের পদমর্যাদা সুনির্দিষ্ট এবং আপনার টেবিলে খাবার পৌঁছানোর আগে তা তিনটি স্তরের মাননিয়ন্ত্রণ ও পরীক্ষা পেরিয়ে আসে, ছবি: স্মিথসোনিয়ান ম্যাগাজিন।

রেস্তোরাঁটির অন্দরমহল বা রসুইঘর যেন এক সুশৃঙ্খল বিশৃঙ্খলার প্রতিচ্ছবি; যেখানে কর্মীদের পদমর্যাদা সুনির্দিষ্ট এবং আপনার টেবিলে খাবার পৌঁছানোর আগে তা তিনটি স্তরের মাননিয়ন্ত্রণ ও পরীক্ষা পেরিয়ে আসে,

যে স্বাদের মোহে ছুটে আসেন বিশ্বসেরারা

বোতিনের অতিথিশালার তালিকা দেখলে যে কেউ চমকে যাবেন। স্পেনের রাজপরিবার থেকে শুরু করে জর্ডানের রাজা হোসেন, সাবেক মার্কিন ফার্স্ট লেডি জ্যাকি কেনেডি, কিসিঞ্জার, কে নেই সেই তালিকায়! এমনকি আন্তোনিও বান্দেরাস বা ক্যাথরিন জেটা-জোনসদের মতো হলিউড তারকাদের কাছেও বোতিন এক পরম আস্থার নাম।

খাবারের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে ‘হুয়েভোস রেভ্যুল্টোস’-এর কথা। বুনো রসুন আর কচি অ্যাসপারাগাস দিয়ে তৈরি এই স্ক্র্যাম্বলড এগ মুখে দিলেই মিলিয়ে যায়। তবে এখানকার প্রধান আকর্ষণ হলো ‘সাকলিং পিগ’ বা কচি শুয়োরের রোস্ট। মাত্র ২১ দিনের বাচ্চার শুয়োরকে লবণ আর চর্বি দিয়ে মাখিয়ে মাটির পাত্রে ২-৩ ঘণ্টা ধরে রোস্ট করা হয়। এর চামড়া হয় বিস্কুটের মতো মচমচে আর ভেতরের মাংস হয় মাখনের মতো নরম। সঙ্গে দেওয়া হয় মচমচে আলু ভাজা আর প্রচুর পরিমাণে রসুন ও তেলের সস। খাবারের শেষে ‘তার্থা দে কুয়েসো’ বা দাদির হাতের চিজকেক না খেলে আপনার ভূরিভোজ অপূর্ণ থেকে যাবে।

সুশৃঙ্খল কর্মযজ্ঞ ও আগামীর স্বপ্ন

বোতিনের পেছনের গল্পের কারিগর হলো এর প্রায় ১০০ জন কর্মী। সাদা জ্যাকেট আর বো-টাই পরা এই কর্মীদের কর্মদক্ষতা দেখার মতো। এখানে কাজ শিখতে আসা তরুণরা বছরের পর বছর ধরে রেস্তোরাঁটির আদব-কেতা রপ্ত করেন। এখানে হুট করে কোনো উপকরণ রান্নাঘরে প্রবেশ করতে পারে না। মালিক নিজে প্রতিটি উপকরণ যাচাই করেন। তারপর শেফদের যাচাই শেষে তবেই তা উনুনে যায়। এই কঠোর মাননিয়ন্ত্রণই তাদের ৩০০ বছর ধরে প্রাসঙ্গিক রেখেছে।

৩০০ বছর পূর্তি উপলক্ষ্যে বোতিন এখন আরও নতুনের আহ্বানে সাড়া দিচ্ছে। নতুন লোগো, আধুনিক ওয়েবসাইট আর ডিজিটাল দুনিয়ায় পা রাখলেও তারা তাদের শিকড়কে ভোলেনি। আন্তোনিও গঞ্জালেজ বলেন, “আমরা এই আগুন প্রমিথিউসের মতো দেবতাদের কাছ থেকে ধার করেছি। এটি কখনোই নিভতে দেওয়া যাবে না।”

সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন