Published : 19 Jul 2026, 04:12 PM
ভারতের পশ্চিমবঙ্গের রিয়েলিটি শো ‘দাদাগিরির’ সঙ্গে ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও টাইটেল ট্র্যাকের গায়ক অরিজিৎ সিংয়ের নামও জড়িত বহুকাল ধরে।
এই অনুষ্ঠানে সঞ্চালকের সঙ্গে বদলে গেছে দাদার জয়গান তোলা টাইটেল ট্র্যাকের গায়কও; গানটি এবার গেয়েছেন কলকাতার গায়ক ঈশান মিত্র।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’ ছিল ক্রীড়াজগতে। আর দেবের সফর টলিউড ইন্ডাস্ট্রি ঘিরে। তাই গানের সুর এক থাকলেও দেবের জগৎকে ভিন্ন মাত্রা দিতে নতুন কথায় তৈরি হয়েছে নতুন গান।
সেই গানে কখনও উঠে এসেছে দেবের বক্সঅফিস জমানার গল্প, কখনও আবার উঠে এসেছে তার ভক্তদের উন্মাদনার ধ্বনি।
পুরনো ‘দাদাগিরি’তে অরিজিতের সেই বিখ্যাত গানের বদলে নতুন গান তৈরি করতে বেশ চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়েছিল সঙ্গীতশিল্পী ঈশান মিত্রকে।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে তিনি বলেন, “অরিজিৎ সিংয়ের কণ্ঠে এই গান বহুবার শুনেছি। অভিজিৎ সেন এক দিন অফিসে ডেকে আমাকে পুরোটা বুঝিয়ে বলেন। গানের কথাও তারাই দিয়েছিলেন। দেবদার ইমেজ মাথায় রেখেই আমার টিমের সঙ্গে বসে ট্র্যাকটা বানালাম। গান বানানোর পর অভিজিৎ সেন কিছু ইনপুট দেন। সেগুলো বদলে আসল ট্র্যাকটা তৈরি হয়।’’
ট্র্যাক তৈরির পর দেবকেও গানটি শুনিয়েছিলেন ঈশান।
ঈশান করেন, “মহারাজ যেমন ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছিলেন, তেমনই সিনেমার মঞ্চে দেবদা প্রতিনিধিত্ব করছেন। তারা নিজ নিজ ক্ষেত্রে ‘দাদা’। তাই সিনেমা, অ্যাকশন, বক্সঅফিস-এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে নতুন গানে। তবে গানের প্রথম লাইনটা বদলানো হয়নি। কারণ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের এতদিনের উপস্থিতিকে মাথায় রেখেই ওই লাইনটা দিয়ে শুরু করা হয়েছে গান। বিশেষ করে আমার মাথায় ছিল অরিজিৎ সিং আগের গানটা গেয়েছিলেন।
“তাই আমি আমার মত করে গেয়েছি। কপি করতে চাইনি, এটাও চাইনি কোনো তুলনা আসুক। যাতে একটা স্বতন্ত্র কণ্ঠস্বর মনে হয়, সেই চেষ্টা করেছি। গানটা বানাতে এক সপ্তাহ মতো সময় পেয়েছিলাম। এখন তো গানটা সকলেই শুনছে।”
অরিজিৎ সিংয়ের প্রতি সম্মান রেখে গাইতে চেয়েছিলেন বও জানিয়েছেন ঈশান। সবাই নতুন গানটাকে নতুনের মত করেই গ্রহণ করেছেন, যা ‘পরম পাওয়া’ বলে মন্তব্য করেছেন তিনি।
কলকাতার বেসরকারি টেলিভিশন স্টেশন জি বাংলার পর্দায় ‘দাদাগিরি’ সঞ্চালনায় প্রথম আসেন মিঠুন চক্রবর্তী। এরপর কয়েক দশক ধরে এই শো চালিয়ে নিয়েছেন সৌরভ।
ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রসের ভরাডুবিতে পরিবর্তনের জোয়ার উঠেছে বিনোদন দুনিয়ায়।
কেবল ‘দাদাগিরি’ নয়, জি বাংলার রিয়েলিটি গেইম শো ‘দিদি নম্বর ওয়ানের’ দেড় দশক ধরে দায়িত্ব পালন করা সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়। নতুন সিজনে জনপ্রিয় এই শোয়ের সঞ্চালনা করছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
'দাদাগিরি': সৌরভের বিদায়, নতুন সঞ্চালক দেব বললেন, 'একটু নার্ভাস'