Published : 23 Jun 2026, 02:14 PM
পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের প্রভাব পড়ল কলকাতা-ঢাকা দুই বাংলার জনপ্রিয় রিয়েলিটি গেইম শো ‘দিদি নম্বর ওয়ান’ এর উপরেও। কদিন ধরে শোনা যাচ্ছিল এর সঞ্চালিকা বদলে যাচ্ছে। এবার সেই জল্পনা হল সত্যি।
এক যুগের বেশি সময় ধরে এই অনুষ্ঠান চালিয়ে নেওয়া অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আসতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সিজন দশের টিজার সোশাল মিডিয়ায় শেয়ার করেই নতুন কাজের খবর জানিয়েছেন স্বস্তিকা।
পশ্চিমবঙ্গের বেসরকারি টেলিভিশন স্টেশন জি বাংলার পর্দায় আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে নতুন সিজন।
এ নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন দর্শকরা। টিজার দেখে মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, “নতুন হোস্ট হিসেবে স্বস্তিকাকে দেখার জন্য মুখিয়ে রয়েছি।”
কারো মন্তব্য, “এতদিনে তেমন একজনকে দিদি নম্বর ওয়ানে দেখা যাবে যিনি সত্যি মেয়েদের কথা ভাবেন।”
আরেকজন লিখেছেন, “রচনা বন্দ্যোপাধ্যায়ের এবার একটু বিশ্রামের প্রয়োজন। টানা কারও পক্ষেই এত দীর্ঘ সময় ধরে শো চালিয়ে নিয়ে যাওয়া কঠিন।”
রচনার আসল নাম ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। নব্বইয়ের দশকে বাংলা সিনেমা দিয়ে অভিনয়ে নাম লেখানোর পর রচনা ব্যানার্জি নামে পরিচিতি পান তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন রচনা। তবে রিয়ালিটি গেইম শো ‘দিদি নাম্বার ওয়ান’–এর সঞ্চালনা করেই ভক্তদের মনে এক সময় নতুনভাবে জায়গা করে নেন এই অভিনেত্রী।
রচনা একসময় বলেছিলেন, ‘দিদি নম্বর ওয়ান’ করতে গিয়েই সিনেমার সঙ্গে তার দূরত্ব বাড়ে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে জিতেছিলেন রচনা।
এদিকে সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বস্তিকা বলেন, “আমি সবসময়েই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি এই শোয়ের সমস্ত ভক্তরা নতুন সিজন উপভোগ করবেন। আপনাদের সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে এই শো’টি কিন্তু ১০ বছর নয়, টানা ২০ বছর ধরে চলছে! তাই এটা একটা মস্ত বড় দায়িত্ব।”
নতুন সিজনে শোয়ের সময়ও বদলেছে। সোম থেকে শুক্রবার বিকালের বদলে ‘দিদি নম্বর ওয়ান’ প্রচার হবে রাত সোয়া ১০টায়।