২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বৌদ্ধ মন্দিরে সম্প্রীতির ইফতার

সোমবার গিয়ে দেখা যায়, বিকেল থেকেই মন্দিরের সামনে জড়ো হতে শুরু করেন রোজাদাররা।

বিডিনিউজ২৪

নাহিয়ান আরাফ আয়ান

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2026, 04:49 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

ঢাকার প্রথম বৌদ্ধ বিহার হিসেবে পরিচিত সবুজবাগের বাসাবো এলাকায় অবস্থিত ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার। প্রতি বছরই এখানে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য চিত্র দেখা যায়।

রমজানজুড়ে এই মন্দিরে নিম্নআয়ের মানুষের জন্য ইফতার আয়োজন করে ‘বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ’। ধর্মীয় ভেদাভেদ না করর ইফতারের এ উপহার গ্রহণ করেন মুসলমানরা।

‘বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-যুব’ এর সভাপতি ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ ১৩ বছর ধরে আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম চলে আসছে। স্থানীয়রা আনন্দের সঙ্গে এখান থেকে ইফতার গ্রহণ করেন। এটি আমাদের মধ্য সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে।”

সোমবার গিয়ে দেখা যায়, বিকেল থেকেই মন্দিরের সামনে জড়ো হতে শুরু করেন রোজাদাররা। প্রথমে তাদের হাতে দেওয়া হয় টোকেন। পরে সেটি নিয়ে গেলে বিহারের ভেতর থেকে দেওয়া হয় ইফতার সামগ্রী।

যারা ইফতার দিচ্ছেন আর যারা নিচ্ছেন দুই দলই বলছে, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।