Published : 26 Jul 2026, 08:50 PM
দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে আরো ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৩ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি জুলাইয়ের ছাব্বিশ দিনেই প্রাণ গেছে ২৫ জনের।
রোববার অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য দেওয়া হয়েছে। বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে
ঢাকা উত্তর সিটির হাসপাতালগুলোতে ভর্তি হন ৮১ জন। ৭৬ জন ভর্তি হন দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে আরো ১৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্য বিভাগের মধ্যে বরিশালে ৯৯ জন, চট্টগ্রামে ৭৮ জন, খুলনায় ৪৮ জন ও ময়মনসিংহে ২৫ জন, রাজশাহীতে ২৬ এবং রংপুরে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে ৪৩৮ ডেঙ্গু রোগী হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৩ হাজার ৯৮ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ১১ হাজার ৯৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।