ডেঙ্গু: একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি, মৃত্যু ২ জনের
এ বছর মশাবাহিত এ রোগে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর এক দিনে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা।
এর আগে গত রোববার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৮০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গুতে আরো দুই জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর এই রোগে মোট ১৩৯ জন মারা গেলেন।
মৃতদের মধ্যে এক জন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এক জন বেসরকারি ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের এক জন পুরুষ, একজন নারী। এক জনের বয়স দুই বছর, আরেকজন ৪০ বছর বয়সী ছিলেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। ১০ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ১৭ জন। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
এ বছর জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬২০ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২২২ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এ ছাড়া ঢাকা বিভাগে ১০৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১১২ জন, খুলনা বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৩৭ জন, রংপুর বিভাগে ১৪ জন, বরিশাল বিভাগে ৯৬ জন এবং সিলেট বিভাগে তিন জন রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৮২১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৫৫ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১১৬৬ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
