২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০ রোগী

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৮১ জন রোগী।

ডেঙ্গু: একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০ রোগী
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

দেশে একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে।

গত একদিনে মৃত ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১০ বছর বয়সী ওই মেয়ে শিশুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এছাড়া অগাস্ট মাসের ২৪ তারিখ পর্যন্ত ৩২ জন, জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩০ জন। এতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৬৩২ জনে।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন জুলাই মাসে। এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১৭৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন। অগাস্টের ২৪ দিনে হাসপাতালে গিয়েছেন ৭৬৫২ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১২০ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এ ছাড়া ঢাকা বিভাগে ৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে তিন জন, বরিশাল বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে দুই জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৮১ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।