২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে আরও ২১ রোগী

এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 06:41 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। 

নতুন এই রোগীদের নিয়ে এইডিস মশাবাহিত এ রোগ এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১।

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ছয়জন, ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন এবং বরিশাল বিভাগে তিনজন রোগী ভর্তি হয়েছেন।

এ সময়ে ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে কোনো রোগী ভর্তি হয়নি।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৮৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ৮৮ জন।

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে মারা যান ৫৭৫ জন। এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃত্যুর হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় সে বছর।

২০২২ সালে সারাদেশে ১ লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।