ডেঙ্গু: ঢাকার বাইরে ভর্তি রোগী লাখ ছাড়াল
ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বাইরের হাসপাতালে এত বেশি রোগী ভর্তি এই প্রথম।
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ এবার ঢাকা ছাপিয়ে ঢাকার বাইরে বেশি বিস্তার লাভ করেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২১৫৮ জন ডেঙ্গু রোগী। তাদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৭৭ জন, যা দেশে হাসপাতালে মোট ভর্তি রোগীর ৫৭ শতাংশের বেশি। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার বাইরের হাসপাতালে এত বেশি রোগী ভর্তি এই প্রথম।
শুধু রোগী ভর্তি নয়, ঢাকার বাইরে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বুধবার সকাল পর্যন্ত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় ১০ জন এবং ঢাকার বাইরে ১১ জন। এ বছর এক দিনে ২১ জনই সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২ সেপ্টেম্বরও ২১ জন মারা যাওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এক দিনে মৃত ২১ জনকে নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ জনে।
অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর এ সংখ্যা ঢাকার চেয়ে আড়াইগুণের বেশি। এসময়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকায় ৮৫৭ জন। অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত এক দিনে ৩০১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন। এর মধ্যে ঢাকার বাইরে ভর্তি রোগীর মোট সংখ্যা ১ লাখ ৯৭৭ জন এবং ঢাকায় ৭৫ হাজার ৮৩৩ জন।
গত এক দিনে ভর্তি রোগী নিয়ে টানা চার দিন তিন হাজারের বেশি রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হল। মঙ্গলবার ৩০২৭ জন, সোমবার ৩০৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। গত রোববার এ বছর প্রথমবারের মতো ৩১২২ রোগী হাসপাতালে ভর্তি হয়; যা ছিল বাংলাদেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সর্বোচ্চ সংখ্যা।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১০ হাজার ২৬৩ জন রোগী। এরমধ্যে ঢাকায় ৩৮১৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৪৪৪ জন।
হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
