২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিডিডিআর,বি’র স্যালাইন তৈরি বন্ধ

বিভিন্নস্থানে নকল স্যালাইন উদ্ধার হওয়ার পর খাবার স্যালাইনের উৎপাদন আপাতত বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 01:16 AM

Updated : 01 Sep 2026, 12:46 PM

নিজেদের কর্মচারী সমবায় সমিতির উদ্যোগে চাল থেকে প্রস্তুত উদরাময় রোগে কার্যকর এই খাবার স্যালাইন কেবল আইসিডিডিআর,বি’র নিজস্ব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেই ব্যবহার করা হত।

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আইসিডিডিআর,বি ব্র্যান্ডের নকল খাবার স্যালাইন উদ্ধারের পর নিজেদের ওই স্যালাইনের সরকারি নিবন্ধন না থাকার বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।

তাই আপাতত স্যালাইন তৈরি বন্ধ করা হয়েছে জানিয়ে শনিবার আইসিডিডিআর,বি কর্মচারী বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান ডা. আনোয়ার হোসাইন এক বিজ্ঞপ্তিতে বলেছেন, “নিবন্ধনের জন্য ইতোমধ্যেই তারা প্রক্রিয়া শুরু করেছেন।”

ষাটের দশকের শেষদিকে আইসিডিডিআর,বি এই খাবার স্যালাইনটি নিজেদের হাসপাতালে চালু করে, যার মাধ্যমে লাখ লাখ উদরাময় রোগীর পানিশূন্যতা থেকে জীবনরক্ষা হয়েছে।

আইসিডিডিআর,বি’র কর্মচারীরাই বাইরে এ স্যালাইন বিক্রির সঙ্গে জড়িত বলে গত কয়েকদিনে গণমাধ্যমের প্রকাশিত খবরের কারণেই উৎপাদন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির এক নেতা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিগগিরই এ স্যালাইনের উৎপাদন আবার শুরু হবে। কেননা এ স্যালাইন বিক্রির জন্য লাইসেন্স পাওয়া আমাদের জন্য সময়ের ব্যাপার মাত্র।”

ওই কর্মকর্তা বলেন, বাজারে বিক্রি না করায় লাইসেন্স নেয়ার বিষয়টি কখনো তাদের চিন্তায় আসেনি।

ইতোমধ্যেই আইসিডিডিআরবি’র ব্যবস্থাপনা পরিষদ বাজারে থাকা অন্য ব্রান্ডের স্যালাইন ব্যবহারের জন্য এর আওতায় থাকা হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোকে নির্দেশ দিয়েছে। পাশাপাশি কর্মচারী সমিতিকে স্যালাইন উৎপাদন বন্ধ রাখতে বলেছে।

আইসিডিডিআর,বি

’

র এ সমবায় সমিতিটি কর্মচারীদের দ্বারা পরিচালিত স্বতন্ত্রভাবে নিবন্ধিত একটি সংগঠন।

বিজ্ঞপ্তিতে আইসিডিডিআর,বি বলেছে, ১৯৮২ সালের ওষুধ আইন অনুযায়ী স্যালাইনের নিবন্ধন বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরে নিবন্ধন না থাকার কারণেই কর্মচারী সমিতিকে ওষুধ উৎপাদন বন্ধ রাখার নির্দেশ বলা হয়েছে।

আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্স বলেছেন, “আমাদের কর্মচারী সমিতির উৎপাদিত খাবার স্যালাইনের মান নিয়ে কোনো সন্দেহ নেই।”

নিবন্ধন সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বিকল্প একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ স্যালাইন সরবরাহের বিষয়ে তাদের চুক্তি হয়েছে বলে জানান তিনি।

এই সময়ে রোগীদের চিকিৎসায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছে আইসিডিডিআরবি।

সংস্থাটির একজন গবেষক জানিয়েছেন, শুক্রবার থেকেই তারা সোশ্যাল মার্কেটিং কোম্পানির তৈরি স্যালাইন ব্যবহার করা শুরু করেছেন।