মার্চে পোলিওমুক্তির সনদ পাওয়া আশায় বাংলাদেশ
পোলিওমুক্ত দেশ হিসেবে আগামী মার্চে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)সনদ পাওয়ার আশা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মন্ত্রী বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ গত সাত বছর ধরে পোলিওমুক্ত হলেও ডব্লিউএইচওর সদস্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশ একযোগে পোলিওমুক্ত হলেই কেবল এই সনদ মিলবে।
২০১১ সালের ১৩ জানুয়ারি ভারত এ অঞ্চলের সর্বশেষ দেশ হিসেবে পোলিওমুক্ত হওয়ার ঘোষণা দেয়।
ডব্লিউএইচওর শর্তানুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি সদস্য দেশ বর্তমানে পোলিওমুক্ত হলেও পরপর তিন বছর এই অর্জন ধরে রাখতে পারলেই কেবল এই সনদ পাওয়া যাবে।
আগামী ২৫ জানুয়ারি শুরু হতে যাওয়া দেশের সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি উপলক্ষে ডাকা এই সংবাদ সম্মেলনে নাসিম বলেন, এর আওতায় তিন সপ্তাহে নয় মাস থেকে ১৫ বছর বয়সী ৫ কোটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেয়া হবে।
এছাড়া কর্মসূচির আওতায় ৫ বছরের কম বয়সী শিশুদের পোলিও টিকাও খাওয়ানো হবে, বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার জয়ানাথ বি এল লিয়ানাগে বলেন, “একেক ধরনের ভাইরাস নির্মূলে আক্রান্তদের একেক মাত্রায় টিকার প্রয়োজন হয়।
“পোলিও ভাইরাসের ক্ষেত্রে এই মাত্রা সাত থেকে নয়টি হতে পারে।”
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক তাজুল ইসলাম বারী।
