২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ বাধ্যতামূলক

ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ রাখা বাধ্যতামূলক করে সংসদে আইন প্রণয়নের প্রস্তাব সংসদে পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2013, 01:34 AM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার নবম সংসদের শেষ অধিবেশনের শেষ কার্যদিবসে ‘ভোজ্য তেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ বিল-২০১৩’ সংসদে পাসের প্রস্তাব করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এটি কণ্ঠভোটে পাস হয়।

সোমবার মন্ত্রীর পক্ষে বিলটি উত্থাপন করেন প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

আইনে ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্য তেল বিক্রি, সংরক্ষণ, সরবরাহ না করলে এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। একই অপরাধ পুনরায় করলে দ্বিগুণ অর্থদণ্ড ও সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

হোটেল, রোস্তোঁরাতেও ভিটামিন এ সমৃদ্ধ ভোজ্যতেল ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়েছে আইনে। এছাড়া খুচরা ও পাইকারী বিক্রেতাকেও এই আইনের অধীনে রাখা হয়েছে।

কোনো খুচরা ও পাইকারি বিক্রেতা ভিটামিন এ বিহীন ভোজ্যতেল বিক্রি করলে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

বাজারজাত করা ভোজ্যতেলের বোতল, টিন বা প্যাকেটে নির্দিষ্ট প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা রাখা হয়েছে।

এছাড়া শেষ কার্যদিবসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০১৩’, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০১৩’, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল-২০১৩’, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০১৩’, বস্ত্র ও পাটমন্ত্রী ‘বাংলাদেশ তাঁত বোর্ড বিল-২০১৩’ এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাজেজিক স্টাডিজ বিল-২০১৩’ সংসদের পাসের প্রস্তাব করলে সেগুলো কণ্ঠভোটে পাস হয়।