২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নবজাতকের মৃত্যুরোধে সহযোগিতা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র’

নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনার চেষ্টায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা দিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 02:03 PM

Updated : 13 Oct 2022, 02:56 PM

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিদর্শন করে এক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশে পাঁচ বছর বা তার কম বয়সী শিশুমৃত্যুর ঘটনাগুলোতে ৬০ শতাংশ শিশুর মৃত্যু হয় ২৮ দিন বয়স হওয়ার আগেই। এই হার কমিয়ে আনতে শিশুদের জন্য বিশেষ পরিচর্যা কেন্দ্র অপরিহার্য।  

বিশ্ববিদ্যালয়ে নবজাতকদের জন্য আইসিইউ, নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন সেন্টার, প্যালিয়েটিভ কেয়ার সেন্টারসহ হাসপাতালের নবনির্মিত আউটডোর ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন মজিনা।

তিনি বলেন, ২১ হাজার পাঁচশ সংখ্যাটি তাকে দারুণ নাড়া দেয়, কারণ অক্টোবরে তিনি প্রথমবারের মতো দাদা হতে যাচ্ছেন, আর বাংলাদেশে প্রতিবছর ওই সংখ্যক নবজাতকের মৃত্যু হয় অক্সিজেনের অভাবে বা অ্যাসফিক্সিয়ায়।

নবজাতকের শ্বাসপ্রশ্বাসের সমস্যা দূর করতে ইউনিসেফ ও যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় বিএসএমএমইউতে যে ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তার প্রশংসা করেন রাষ্ট্রদূত।

নবজাতকের মৃত্যুর ক্ষেত্রে ২০ শতাংশ মৃত্যু ঘটে শ্বাসপ্রশ্বাস ঠিকমতো শুরু না হওয়ায়। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ব্যাগ ও মাস্ক ব্যবহার করে সহজ পদ্ধতিতে এ সমস্যা দূর করার ব্যবস্থা রাখা হয়েছে। 

মজিনা বলেন, “বাংলাদেশের নবজাতকদের প্রথম নিঃশ্বাস নিতে সহায়তা করতে আমেরিকা অংশীদার হওয়ায় আমি আনন্দিত ও গর্বিত।”

রাষ্ট্রদূত সকালে বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, উপ-উপাচার্য মো. শহীদুল্লাহ ও কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পর্যন্ত ১৭ হাজার ধাত্রী ও নবজাতকের পরিচর্যাকারীকে প্রশিক্ষণ দিয়েছে। আরো ১৩ হাজার ধাত্রীকে প্রশিক্ষণ দেয়ার কথা রয়েছে।